গণতন্ত্রে ফেরার ভোটে ‘আশাভঙ্গ’, ব্যাপক অনিয়মের অভিযোগ

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আওয়ামী লীগকে বাইরে রেখে এবারের এই নির্বাচনকে দেখা হচ্ছে গণতন্ত্রে উত্তরণের পথরেখা হিসেবে। সাধারণ ভোটাররাও আশায় বুক বেধেছেন হয়তো এবার তারা নিজেদের অধিকারকে ‘নাগালে’ পাবেন। তবে বুধবার সন্ধ্যা থেকে ‘ভোট জালিয়াতি’ ও অনিয়মের যে চিত্র ফুটে উঠেছে তাতে বলা যায় সে আশায় গুড়েবালি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় পৌনে ১৩ কোটি ভোটারের ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

বিগত সরকারের অধীনে তিনটি ‘বিতর্কিত’ নির্বাচনের পর এই ভোট নিয়ে গত কয়েকদিন মানুষের মধ্যে বিপুল উৎসাহের দেখা মিলেছিল।

তবে আগের দিনের একের পর এক ঘটনায় শঙ্কা নিয়েই ঘুমোতে গেছেন অনেকে।

রাত বাড়ার সঙ্গে ভোটকেন্দ্র দখল, ব্যালটে সিল, ফাঁকা রেজাল্ট শিটে আগাম সই, বিভিন্ন প্রার্থীর পক্ষে টাকা ছড়ানোসহ অজস্র অনিয়মের ঘটনা সামনে এসেছে। কোন কোন ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় হয়েছে ভাইরাল।

এ অবস্থায় কেউ কেউ বলতে শুরু করেছেন, যেমনটি দেখা যাচ্ছে তাতে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক বলে বর্ণনা করা যায় না।

জালিয়াতি গোলযোগ সারাদেশে

বুধবার মোট ছয় জেলায় জামায়াতে ইসলামী ও বিএনপির কয়েকজন নেতা-কর্মীর কাছ থেকে টাকা উদ্ধার, আটক এবং একজনকে দণ্ডাদেশ দেওয়ার ঘটনা ঘটেছে।

এর মধ্যে নীলফামারীতে ৭৪ লাখ টাকাসহ জামায়াতের এক নেতাকে আটক করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে। আর লক্ষ্মীপুরে বিএনপির প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় ১৫ লাখ টাকা।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির।

পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে ৫০ লাখ টাকাসহ আটক করে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১৫ লাখ টাকা। এ সময় এ্যানির ব্যক্তিগত সহকারী (পিএস) ও কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি বদরুল ইসলাম শ্যামলসহ তিনজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

কুমিল্লার মুরাদনগরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে আটক হয়েছেন হাবিবুর রহমান হেলালীক নামে এক ব্যক্তিকে, যিনি জামায়াতের ছালিয়াকান্দি ইউনিয়ন আমির। তার কাছ থেকে ২ লাখ টাকা উদ্ধার করা হয়।

জামালপুরের মাদারগঞ্জে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. সাদিকুর রহমানের কর্মী জহুরুল ইসলাম (৬০), জাহাঙ্গীর হোসেন (৫০) ও মেহেদী হাসান (৩৮) নামে তিন জনকে ১ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে অভিযান চালিয়ে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে ৭ লাখ ২০ হাজার টাকাসহ আটক করেছে যৌথ বাহিনী। ওই টাকা জামায়াতের প্রার্থীর পক্ষে বিতরণের দায়ে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুরে রাতের আঁধারে ভোট কেন্দ্রে প্রবেশ করায় ফরিদপুর-১ আসনের (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) জামায়াতের প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্যাকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। পরে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে পরিবর্তন করার ঘোষণা দিয়েছে।

মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভোটকেন্দ্রে জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাতে ব্যালট পেপার খোলার অভিযোগ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বুধবার রাতে নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা পপুলার হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেন।

ভোটকেন্দ্রে উত্তেজনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে কেন্দ্রের ভোটকক্ষের মেঝেতে কয়েকটি বাক্সে ব্যালট বই পড়ে থাকতে দেখা গেছে।

ঝিনাইদহ–৪ আসনে কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের স্বাক্ষর করা ২৩টি শিট উদ্ধারের ঘটনা ঘটেছে। রাত সাড়ে আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এগুলো জব্দ করেন।

এ ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপি কর্মীর প্রকাশ্যে নারীদের মাঝে জনপ্রতি ১০০ টাকা বিতরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ২৮ সেকেন্ডের ওই ভিডিওতে উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় এলাকায় এনসিপি কর্মী মো. মিশকাতকে নারীদের হাতে ১০০ টাকা করে তুলে দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল করা পোস্টে বিতরণের এ টাকা জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর জন্য ভোট কেনার টাকা হিসেবে বলা  হচ্ছে।

বরিশালের উজিরপুরে ভোটকেন্দ্র থেকে বাইরে গিয়ে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।

লক্ষ্মীপুরে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে আটক হয়েছে সহকারী প্রিজাইডিং এম এ ওসমানি ও পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

ঢাকার আশুলিয়ায় দুইটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।

আটকৃতরা হলেন, আশুলিয়া থানাধীন মধুপুর এলাকার শামসুল হকের ছেলে আব্দুর রহমান (৪২), বশির উদ্দিন বেপারীর ছেলে মো. শাহজাহান বেপারী (৬৪), ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ সরোয়ার (৫২), শাহজাহান বেপারীর ছেলে মো. জুলহাস উদ্দিন (২৪), মো. বাবুল হোসেনের ছেলে মো. সুমন (২৩), আহমদ আলীর ছেলে মো. সুজন (২০), মো. তাইজুল ইসলামের ছেলে মো. শাহিনুর ইসলাম (৩০), আখতার হোসেনের ছেলে মো. সুমন (৩৬) এবং গোপিপাড়া এলাকার দানেজ আলী শেখের ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম (৩৫)।

ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী সহিংসতায় বিএনপি ও জামায়াতের ৭ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সদর ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার বেপারী ও ছাত্রদল কর্মী মো. জসিম পাটোয়ারী। বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী মহিবুল্যাহ, হাফেজ আবদুল মন্নান, হাফেজ মো. ইব্রাহিম, বি্বি মরিয়ম, ও সহিজল ইসলাম।

সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

ভোটের আগের দিন থেকে শুরু হওয়া অনিয়মের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ প্রকাশ করেছে হতাশা।

এই বুঝি ছিল মনে! খবরদার, আর কখনো অভ্যুত্থানের দোহাই দিবেন না – মাহবুব কামাল

সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাহবুব কামাল লিখেছেন, সবকিছু বুক চেপে সহ্য করে অপেক্ষায় ছিলাম, নির্বাচনটা যদি ভালো হয়, তাহলেও তো একটা কিছু হলো। যেসব খবর পাচ্ছি, তাতে বাকি আর কিছুই থাকলো না।

“এই বুঝি ছিল মনে! খবরদার, আর কখনো অভ্যুত্থানের দোহাই দিবেন না,” বলে তিনি তার পোস্টের ইতি টানেন।

দৃক পিকচার লাইব্রেরির প্রতিষ্ঠাতা, আলোকচিত্রি ও অ্যাক্টিভিস্ট শহিদুল আলম যুক্তরাষ্ট্র থেকে এক পোস্টে সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা করে পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, “কিন্তু এটা স্পষ্ট যে পরিস্থিতি ব্যাপক, এবং নির্বাচন কমিশন মূলত অকার্যকর। আওয়ামী লীগের আমলে যেখানে শুধুমাত্র একটি দল ছিল, এখন মনে হচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত। আমি ইতিমধ্যে যা দেখছি তার পরিপ্রেক্ষিতে, আমি এমন কোনো উপায় দেখছি না যার মাধ্যমে এই নির্বাচনকে ‘অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক’ বলে বর্ণনা করা যায়।”

অনেকেই অনেক রক্ত ঝরিয়েছেন, আমাদের দেশকে এভাবে ছোট করার জন্য নয় – শহিদুল আলম

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি আরো লিখেছেন, “অন্তর্বর্তী সরকার মিশ্র সাফল্য পেয়েছে। কিছু ক্ষেত্রে আমরা হয়তো এর ব্যর্থতা ক্ষমা করতে পারি, কিন্তু সঠিক নির্বাচন অনুষ্ঠান করতে অক্ষমতা এর সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে।
এই ব্যাপক অনিয়ম বন্ধ করতে এবং লঙ্ঘনকারীদের বিচারের আওতায় আনতে যদি তাৎক্ষণিক এবং কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এটি এই প্রশাসনের জন্য একটি স্থায়ী কলঙ্ক হবে।”

“অনেকেই অনেক রক্ত ঝরিয়েছেন, আমাদের দেশকে এভাবে ছোট করার জন্য নয়,” শহিদুল লিখেছেন ভোট কারচুপির দিকে ইঙ্গিত করে।

ঐতিহাসিক ভোট কি রাতের আগে সন্ধ্যা থেকে শুরু হয়ে গেলো? – সাইফুল আলম চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গণমাধ্যম বিষয়ক গবেষক সাইফুল আলম চৌধুরী আক্ষেপ করে লিখেছেন, “ঐতিহাসিক ভোট কি রাতের আগে সন্ধ্যা থেকে শুরু হয়ে গেলো?”

গণহারে ভোটচুরির ঘটনা নিয়ে হতাশা প্রকার করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও জ্যেষ্ঠ সাংবাদিক এম মাহবুব আলম মধ্যরাতে পোস্ট দিয়েছেন, “পুরো ঘৃণা ধরে গেল। দেশব্যাপী এত ভোট চোর!”

পুরো ঘৃণা ধরে গেল। দেশব্যাপী এত ভোট চোর! – এম মাহবুব আলম

রাজনৈতিক বিশ্লেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক ব্যঙ্গ করে লিখেছেন, “নিউজফিড ভর্তি খালি নির্বাচনী অনিয়মের ভিডিও। এখানে কট খেয়েছে তো সেখানে দৌঁড় দিয়েছে। অথচ ইতিহাসের শ্রেষ্ঠতম বলে পরিচিত এই নির্বাচনটি খুব সহজেই বিতর্কের ঊর্ধে রাখা সম্ভব ছিল। জাস্ট ৪৮ ঘন্টা আগে যেভাবে নির্বাচনী প্রচারণা বন্ধ করা হয়, একই ভাবে ৪৮ ঘন্টা আগে থেকে ক্যামেরা লাগানো মোবাইল ফোন সাথে নিয়ে ঘুরা বন্ধ করে দিলেই চলত। অথচ স্যার যখন বলেছিল যে কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তখন সবাই না বুঝেই চিক্কুর মারল।”

গভীর রাতে আরেকটি পোস্টে তিনি বলেন, “ভোটটা রমজান মাসে হলেই ভালো হতো। বাদ ইফতার শুরু, সেহরির টাইমের সাথে সাথে ভোটের টাইমও শেষ।”

ভোটটা রমজান মাসে হলেই ভালো হতো। বাদ ইফতার শুরু, সেহরির টাইমের সাথে সাথে ভোটের টাইমও শেষ – আরিফ জেবতিক

এছাড়াও সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় সয়লাব হয়েছে সামাজিক মাধ্যম। বেশিরভাগের কথার সুর প্রায় একইরকম। ‘জালিয়াতির চক্র থেকে’ বাংলাদেশের ভোট ব্যবস্থাকে বের করে আনতে না পারায় হতাশা প্রকাশ করেছেন তারা।

কয়েক স্তরের নিরাপত্তা

এদিকে ভোট উপলক্ষে মাঠে রয়েছে সেনাবাহিনীর এক লাখ তিন হাজারের মতো সদস্য।

এছাড়া পুলিশ সদস্য এক লাখ ৮৭ হাজার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন, বিজিবির ৩৭ হাজার ৪৫৩, নৌবাহিনী পাঁচ হাজার, বাংলাদেশ বিমানবাহিনী তিন হাজার ৭৩০, বাংলাদেশ কোস্ট গার্ড তিন হাজার ৫৮৫, এবং সাপোর্ট সার্ভিস হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৩ হাজার ৩৯০ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনী দায়িত্বে ভোটকেন্দ্র, ভ্রাম্যমাণ টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে এক লাখ ৫৮ হাজার পুলিশ। বাকি ২৯ হাজার সদস্য ‘সাপোর্ট ডিউটি’ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।

সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট দেওয়ার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচনে ভোটদান শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্বও।

এ সম্পর্কিত আরও খবর:


আরও পড়ুন

সর্বশেষ

ads