দেশ ছাড়লেন মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ আহমদ তৈয়্যব।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৩ ফ্লাইটে দুবাই হয়ে জার্মানির উদ্দেশ্যে তার রওয়ানা দেওয়ার খবর নিশ্চিত করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক সূত্র।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর থেকেই বলাবলি হচ্ছিল বর্তমান উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন পদে নিয়োগ পাওয়া ব্যক্তিরা দেশ ছেড়ে চলে যেতে পারেন।

একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ ত্যাগের সময় তৈয়্যব তার নেদারল্যান্ডসের পাসপোর্ট NMF001DH5 ব্যবহার করেছেন। দেশত্যাগে বা বিদেশ গমনে ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে তার বহির্গমনে কোনো বাধা দেওয়া হয়নি বলেও জানা গেছে।

বিশেষ সহকারী তৈয়বের একজন সহযোগীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ফয়েজ আহমদ ৯ ও ১০ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ দুই বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে আজ তিনি চলে গেছেন।”

দেশ ছাড়ার বিষয়ে এই বিশেষ সহকারী একটি সংবাদমাধ্যমকে বলেছেন, “৯ ও ১০ তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি। ফরমালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে।”

গত বছরের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলে ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় ওই মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ আহমদ তৈয়্যবকে।

আরও পড়ুন

সর্বশেষ

ads