বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব দিল্লির, বন্ধ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করছে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে বহনকারী গাড়ি। ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করছে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে বহনকারী গাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক নিরাপত্তা হুমকি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের উসকানিমূলক ভারতবিরোধী বক্তব্যের ‘কূটনৈতিক প্রতিবাদ’ জানিয়েছে ভারত।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে।

জুলাই ঐক্য নামের একটি সংগঠন ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণার মধ্যে এই তলবের ঘটনা ঘটল।

ঢাকায় কূটনৈতিক এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ‘ক্রমশ অবনতির দিকে যাওয়া’ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা হাই কমিশনার হামিদুল্লাহকে অবহিত করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “বিশেষ করে কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তা সংকট সৃষ্টির পরিকল্পনার ঘোষণা দিয়েছে।“

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনার পটভূমিতে চরমপন্থী গোষ্ঠীগুলি যে ‘ভ্রান্ত বয়ান’ তৈরি করার চেষ্টা করছে, তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ভারত।

বিবৃতিতে আরও বলা হয়, “দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করেনি এবং সংশ্লিষ্ট ঘটনাগুলো সম্পর্কে ভারতের সঙ্গে কোনও অর্থবহ প্রমাণও ভাগ করে নেয়নি।”

গত বেশ কিছুদিন ধরেই ভারত ও বাংলাদেশ সরকার মধ্যে বিবৃতির যুদ্ধ চলছে, তারা একে অন্যের রাষ্ট্রদূতকেও হামেশাই তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছে।

এরা আগে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বুধবার দুপুর ২টা থেকে বন্ধ ঘোষণা করা হয়।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাক-এর ওয়েব সাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার কারণে দিনের কার্যক্রম বন্ধ করা হচ্ছে।

কার্যক্রম বন্ধ রাখার কারণে যারা ভিসার আবেদন জমা দিতে পারেননি তাদের পরবর্তীতে অন্যদিনে সময় দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর:

আরও পড়ুন

সর্বশেষ

ads