ইসির ওয়েবসাইট থেকে ১৪ হাজার সংবাদকর্মীর তথ্য ফাঁস

ইসির ওয়েবসাইটের ইউআরএলে ইউজারের জায়গায় অ্যাডমিন দিয়ে সার্চ করলে সম্পূর্ণ আবেদন এবং তথ্য দেখা যাচ্ছিল।
ইসির ওয়েবসাইটের ইউআরএলে ইউজারের জায়গায় অ্যাডমিন দিয়ে সার্চ করলে সম্পূর্ণ আবেদন এবং তথ্য দেখা যাচ্ছিল।

বাংলাদেশে জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনে নিবন্ধন করা প্রায় ১৪ হাজার সংবাদকর্মীর ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে।

নিবন্ধন করা ব্যক্তিদের ছবি, স্বাক্ষর, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র ও গণমাধ্যম সংশ্লিষ্ট তথ্য দুই ঘণ্টারও বেশি সময় উন্মুক্ত অবস্থায় ছিল শনিবার।

গণমাধ্যমকর্মীদের এই বিশাল তথ্যভাণ্ডার অনেকেই নিজেদের সংগ্রহে নিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্ববর্তী নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনে সরাসরি আবেদনের সাপেক্ষে কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। তবে এবার ওই নিয়ম পরিবর্তন করে অনলাইনে (pr.ecs.gov.bd) আবেদন বাধ্যতামূলক করে ইসি।

নতুন নিয়ম অনুযায়ী এবছর প্রায় ১৪ হাজার গণমাধ্যমকর্মী বৃহস্পতিবার পর্যন্ত নিবন্ধনও করেছিলেন।

তবে সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সিদ্ধান্ত বদলে আগের নিয়মে কার্ড দেওয়ার সিদ্ধান্ত হলে অনলাইনে নিবন্ধন বন্ধ করে দেওয়া হয়।

শনিবার যাদের তথ্য ফাঁস হয়েছে তারা মূলত অনলাইনে নিবন্ধন করেছিলেন।

বিকেল ৪টার দিকে ইসির ওয়েবসাইটে ঢুকে ওই সাংবাদিকদের তথ্যভাণ্ডার উন্মুক্ত অবস্থায় পাওয়া যায়। ওয়েবসাইটের ইউআরএলে ইউজারের জায়গায় অ্যাডমিন দিয়ে সার্চ করলে সম্পূর্ণ আবেদন এবং তথ্য দেখা যাচ্ছিল।

ওয়েবসাইটের হোম পেজে তালিকার পাশাপাশি আবেদনকারীর নাম, এনআইডি নম্বর, মোবাইল নম্বর এবং সম্পূর্ণ আবেদন কপি ও প্রিন্ট করার অপশনও চলে এসেছিল।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হলে সন্ধ্যার দিকে ওয়েবসাইটের ওই ইউআরএল নিষ্ক্রিয় করে দেওয়া হয়।

এমন পরিস্থিতিতে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করা প্রবাসীদের তথ্য কতোটা নিরাপদ থাকবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।

এ বিষয়ে জানতে রাতে নির্বাচন কমিশনের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

তবে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদকে উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, এ বিষয়ে তিনি বিস্তারিত কিছুই জানেন না।

আরও পড়ুন

সর্বশেষ

ads