অন্তর্বর্তী সরকারের গণভোট আয়োজনকে ‘দেশদ্রোহিতা’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
রোববার রংপুরে গণসংযোগের সময় সাংবাদিকদের কাছে তিনি এমন কথা বলেন।
জি এম কাদের বলেন, “একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট আয়োজন করবেন নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা বলে একদিন প্রমাণিত হবে বলে আমার ধারণা। একটি গোষ্ঠী সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থি দেশ গড়তে চায়।”
এসময় তিনি দেশ রক্ষায় ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগকে বাইরে রেখে আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ এই নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও দলটির অনুসারীদের ভোটকেন্দ্রে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের পক্ষপাতমূলক আচরণের সমালোচনা করে বলেন, “দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দিয়ে নিরীহ মানুষকে বিভিন্ন মামলা দিয়ে জেলে নেওয়া হচ্ছে। সবখানে অন্যায়-অত্যাচার হচ্ছে। ইনকিলাব বলে দেশ ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছে তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। এ জন্য দেশবাসীকে প্রস্তুত হতে হবে।”
অন্তর্বর্তী সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
জি এম কাদের বলেন, “এই সরকারের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক কম। তারা বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েম করতে চাইছে।”
দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী হিসেবে গণসংযোগে ভালো সাড়া পাওয়ার কথা জানান।
তিনি বলেন, “রংপুর বিভাগের সব জায়গায় আমাদের প্রার্থীদের অবস্থান ভালো। বিগত দিনে অন্যায়-অত্যাচারের জন্য আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। সুষ্ঠুভাবে ভোট হলে এবার আমরা অনেক বেশি ভোট ও সিট পাব।”
গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ স্থানীয় নেতাকর্মীরা।



