ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেক বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।
পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া।
নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস বলে জানিয়েছে পুলিশ। তিনি স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন এবং একই এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, বেদম প্রহারে ওই যুবককে অর্ধমৃত অবস্থায় গলায় রশি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগুনে পুড়িয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
ওই যুবকের শরীর যখন আগুনে পুড়ছিল তখন হত্যাকারীদের উল্লাস করতে দেখেছেন বলেও জানান তারা।
পুলিশের ভাষ্য, বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রেখে আগুন ধরিয়ে দিয়েছিল। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় কারা জড়িত- এমন প্রশ্ন করা হলেও স্থানীয় কেউই মুখ খুলতে রাজি হননি। পুলিশও এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
বিবিসি বাংলাকে ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া বলেন, “নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। তারপর মরদেহে আগুন দিয়েছে।”
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিহত দীপু দাসের পোড়া মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত কোনো মামলা রেকর্ড হয়নি।
“আমরা উনার আত্মীয়-স্বজনদের খোঁজ করছি। তারা এসে মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে,” বলেন রিপন মিয়া।



