আইসিটির প্রধান কৌঁসুলি তাজুলকে অব্যাহতির খবর

তাজুল ইসলাম।
তাজুল ইসলাম।

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে দোর্দণ্ড প্রতাপের সঙ্গে দাপিয়ে বেড়ানো মোহাম্মদ তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলির পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর চাউর হয়েছে।

প্রসিকিউটর দলের একজন সদস্যকে উদ্ধৃত করে একটি অনলাইন পোর্টাল লিখেছে, প্রধান কৌঁসুলির দায়িত্ব থেকে তাজুলকে অব্যাহতি দিতে সরকারের তরফে সবুজ সংকেত মিলেছে বলে বিএনপিপন্থী একজন প্রসিকিউটর নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত দুই-তিন দিন এ নিয়ে সরকারে আলোচনা চলছে, যা অনেকটা এগিয়েছে। তাকে (প্রধান কৌঁসুলি) সরানো হবে, এটা নিশ্চিত।”

তবে শনিবার রাতের মধ্যেই কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা বলতে পারেননি ওই প্রসিকিউটর।

এ নিয়ে জোরালো গুঞ্জন ও আলোচনার মধ্যে ঢাকাভিত্তিক ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানও ফেইসবুকে তাজুলকে সরে যেতে হচ্ছে বলে পোস্ট দেন।

শনিবার মধ্যরাতে তিনি লেখেন, তার স্থলে আরেকজনকে দায়িত্ব দিতে যাচ্ছে নতুন সরকার।

সূত্রের বরাত দিয়ে বার্গম্যান ফেইসবুকে লেখেন, তাজুলের স্থলে আইনজীবী আমিনুল ইসলামের নাম বিবেচনায় রয়েছে, যিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে দুর্নীতি মামলা পরিচালনকারী আইনজীবী দলের সদস্য ছিলেন।

ডেভিড বার্গম্যান দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) খবর কভার করে আসছেন।

বার্গম্যান তার ওই পোস্টে লিখেছেন, “একটি সূত্র নিশ্চিত করেছে, তাকে সরিয়ে অন্য আরেকজনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি তাজুল ইসলামকে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করা হলে তাজুল ইসলাম মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এ পোস্ট লেখার সময় পর্যন্ত সরকারের তরফে কারও মন্তব্য পাওয়া যায়নি।”

এদিকে ভোটের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠিত হওয়ার পর সম্প্রতি ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন, তারা (বর্তমান প্রসিকিউশন টিম) না থাকলেও ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো চলবে।

তখন তাদের চলে যাওয়ার কথা আছে কিনা প্রশ্ন করা হলে তিনি তেমন কোনো ইঙ্গিত পাননি বলে তুলে ধরেছিলেন।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর আইসিটির প্রধান কৌঁসুলির দায়িত্ব পান একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের নেতাদের জুনিয়র আইনজীবী তাজুল।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ওই আন্দোলনে নিহতদের বিচারে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করা ট্রাইব্যুনালকে পুনর্গঠন করে।

ইতিমধ্যে এ ট্রাইব্যুনাল এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দণ্ড দিয়েছে। তাদের বিরুদ্ধে আরও মামলা ও অভিযোগ বিচারাধীন রয়েছে।

ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর ১৭ ফেব্রুয়ারি থেকে অফিস শুরু করেছেন বিএনপির নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। ইতোমধ্যে সেনাবাহিনীতেও বড় আকারের রদবদল আনা হয়েছে।

তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন। তিনি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর:

আরও পড়ুন

সর্বশেষ

ads