আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি ‘রাজনৈতিক কর্মসূচিতে’ উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব ওয়াজেদকে সেভাবে দেখা যায়নি।
ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলনায়তনে সোমবার বিকেল সাড়ে ৪টায় একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে আনুমানিক ৩০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

বাংলাদেশের মূলধারার রাজনীতিতে ‘মাইনাস-টু ফর্মুলার’ যে আলোচনা গত দেড় যুগ ধরে উচ্চারিত হয়ে আসছে, তারই প্রচ্ছন্ন বাস্তবায়ন ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরই মধ্যে ভারতে আশ্রয় নিয়ে দেশের রাজনীতির মাঠে অনুপস্থিত। গত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও।
এ অবস্থায় লন্ডনে নির্বাসিত জীবনের ইতি টেনে দৃশ্যপটে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হাজির হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কাউকে এখনও দেখা যায়নি।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কয়েকটি সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ খণ্ডন করে ইতোমধ্যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে ওঠেছেন সজীব ওয়াজেদ জয়।
জল্পনা-কল্পনা রয়েছে আগামী দিনের আওয়ামী লীগের ভার শেখ হাসিনা তনয়ের কাঁধেই আসছে।
সাবেক সংসদ সদস্য স্বপন দাসগুপ্তের সঞ্চালনায় সোমবার যে অনুষ্ঠানে জয়ের বক্তব্য দেওয়া কথা রয়েছে সেখানে ভারতের একাধিক রাজনৈতিক নেতাও অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।



