সেনাবাহিনীতে বড় রদবদল, সরানো হল লে. জেনারেল কামরুল হাসানকে

গত বছরের আগস্টে প্রিন্সিপাল স্টাফ অফিসারের র‌্যাংক ব্যাজ পরানো হয় লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে।
গত বছরের আগস্টে প্রিন্সিপাল স্টাফ অফিসারের র‌্যাংক ব্যাজ পরানো হয় লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে।

অবসরে যাওয়ার নির্ধারিত সময়ের সাত মাস আগে সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘অ্যাম্বাসেডর ইন ওয়েটিং’ হিসেবে বদলি করা হয়েছে।

নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠনের মাত্র কয়েকদিনের ব্যবধানে এই রদবদলের খবর এল।

রোববার সেনা সদর থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সেনাবাহিনীতে এই রদবদলের অংশ হিসেবে আরও সাতটি বদলি ও পদোন্নতি কার্যকর করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানের অবস্থান কিছুটা দুর্বল হতে পারে, যিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও নিরাপত্তা মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

মুহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসা খলিলকে তারেক রহমানের সরকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রকাশ্যে কেউ মন্তব্য না করলেও বিএনপির নেতাদের মধ্যেও তাকে অস্বস্তি দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশে আসেন খালিলুর রহমান এবং ২০২৫ সালের এপ্রিলে এনএসএ হিসেবে নিয়োগ পান। তাকে লে. জেনারেল কামরুল হাসানের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হতো।

তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি ‘মানবিক করিডর’ চালুর উদ্যোগে সক্রিয় ছিলেন বলেও জানা যায়।

সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে দায়িত্ব পালন করেন। লে. জেনারেল কামরুল হাসানের এই প্রস্থান খালিলুর রহমানের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (এআরটিডিওসি)-এর জিওসি লে. জেনারেল মঈনুর রহমানকে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৩১ জানুয়ারি লে. জেনারেল মিজানুর রহমান শামীম অবসরে যাওয়ার পর পদটি শূন্য ছিল। মঈনুর রহমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে এবং তিনি বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে পারেন।

২৪তম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে এএফডির নতুন পিএসও করা হয়েছে।

আর্টিলারি কোরের কর্মকর্তা ব্রিগেডিয়ার কায়সার রশিদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাবাহিনীর এমঅ্যান্ডকিউ অধিদপ্তর থেকে সরিয়ে আনা হয়েছে। তাকে পরবর্তী ডিজিএফআই মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

২৪তম ইনফ্যান্ট্রি ডিভিশনের নতুন জিওসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম, যিনি আগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) কমান্ড্যান্ট ছিলেন।

মেজর জেনারেল এমদাদুল ইসলামকে ৫৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি পদ থেকে সরিয়ে ইবিআরসি’র নতুন কমান্ড্যান্ট করা হয়েছে।

অন্যদিকে, ব্রিগেডিয়ার মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের নতুন জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর:

আরও পড়ুন

সর্বশেষ

ads