হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবের পাশাপাশি ইউরোপের দেশগুলোতে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদের দিন। তবে চাঁদ দেখা না গেলে ত্রিশ রোজাই পূর্ণ করতে হয়।
বুধবার রাতে খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে বুধবার চাঁদ দেখা যায়নি, সে কারণে শুক্রবার ঈদের দিন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অবশ্য তুরস্ক ও সিঙ্গাপুর চাঁদ দেখা নয়, বরং জ্যোতির্বিজ্ঞানের হিসাবের আলোকে ইসলামি মাস নির্ধারণ করা হয়ে থাকে। সে হিসেবে তুরস্ক শুক্রবার এবং সিঙ্গাপুরে শনিবার উদযাপিত হবে ঈদ।
আর তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হয় ইউরোপের দেশগুলোতে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে এবার সংযুক্ত আরব আমিরাত ও কাতারে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না বলে জানানো হয়েছে।
সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের বিশ্বাসে থেকে ইসলাম ধর্মাবলম্বীরা রোজার মাসে নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকেন। শাওয়াল মাসের চাঁদ ওঠার মধ্য দিয়ে যার সমাপ্তি ঘটে।
বাংলাদেশে ১৯ মার্চ থেকে রোজা রাখা শুরু করে দেশটির নাগরিকরা। বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোজা হবে ২৯টি। আর ঈদুল ফিতর উদযাপন হবে শুক্রবার।
আর শুক্রবার চাঁদ দেখা সেক্ষেত্রে পুরো ৩০ রোজা পূর্ণ করতে হবে বাংলাদেশিদের; ঈদ হবে শনিবার।



