২৫ ডিগ্রির নিচে এসি চালালে বিদ্যুৎ বিচ্ছিন্ন!

প্রতীকী।
প্রতীকী।

যতোই গরম  পড়ুক তাই বলে এসি ২২ ডিগ্রি বা ২৪ ডিগ্রি সেলসিয়াতে চালানো যাবে না। সেটি বাসাবাড়ি হোক কিংবা মসজিদ,  অফিস কিংবা মার্কেট কোথাও ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি চালালে বিচ্ছিন্ন হবে বিদ্যুৎ সংযোগ।

এমনটিই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলোতায়নে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এই উপদেষ্টা।

এসময় তিনি বলেন, “গ্রীষ্ম মৌসুমে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালানো যাবে না। যদি কেউ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কম তাপমাত্রায় এসি চালায়; তাহলে সেই প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।”

উপদেষ্টা বলেন, “সিদ্ধান্ত বাস্তবায়নে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কোম্পানিগুলো মনিটরিং টিম গঠন করবে। কোনো লাইনে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার দেখা গেলে সেখানে লোডশেডিং করা হবে।’

পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়ার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা।

শুধু শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চালাতে ৬০০০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় জানিয়ে জ্বালানি উপদেষ্টা আক্ষেপের সুরে বলেন, “অনেকে সোয়েটার, কোট পরে ১৯,২০,২১,২২ ডিগ্রি সেলসিয়াসেও এসি চালায়। আমাদের দেশে এত কম তাপমাত্রার দরকার নেই।”

বিশেষজ্ঞরা বলছেন, ১৫ বছরের কম বয়সী শিশুদের ঘরে এসির তাপমাত্রা হওয়া উচিত ২১ ডিগ্রি সেলসিয়াস। প্রাপ্তবয়স্কদের জন্য ঘরে এসির আদর্শ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। আর বয়স্কদের জন্য ঘরে এসির আদর্শ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত।

আরও পড়ুন

সর্বশেষ

ads