মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের সহধর্মিণী আনোয়ারা আহমেদ মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আনোয়ারা আহমেদ দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্বামী তোফায়েল আহমেদ, একমাত্র মেয়ে তাসলিমা আহমেদ, দুই ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমা ভোলার বাংলাবাজার এলাকায় জানাজা শেষে ফাতেমা খানম জামে মসজিদের পাশের কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তার জানাজায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে সকালে ভোলা শহরের তালুকদার বাড়িতে আনোয়ারার মরদেহ নেওয়া হয়।

আনোয়ারা আহমেদ ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের তালুকদার বাড়ির মরহুম মফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে। ১৯৬৪ সালে তার সঙ্গে তোফায়েল আহমেদের বিয়ে হয়।
এদিকে তোফায়েল আহমেদের স্ত্রীর মৃত্যুতে শোকবার্তা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
এতে বলা হয়, ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও তার রাজনৈতিক সচিব, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জাতীয় নেতা তোফায়েল আহমেদের সহধর্মিণী আনোয়ারা আহমেদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
একইসাথে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে ওই শোকবার্তায়।



