অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আটক শরিফ ওসমান হাদি হত্যার সন্দেহভাজন আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও আলমগীর হোসেনকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আদালত।
রোববার উত্তর চব্বিশ পরগনা জেলার বিধান নগর মহকুমা আদালতে তোলা হয় এই দুইজনকে। আদালত তাদের ১২ দিনের জেলা হেফাজতের নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে আগামী ২ এপ্রিল তাদের ফের আদালতে তোলা হবে।
তাদের বিরুদ্ধে ফরেনার্স আইনের ১৪ ধারায় একটি মামলা ছিল।
রোববার নতুন করে অন্য একটি মামলায় ‘আনলফুল অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) আইন’ বা ইউএপিএ আইনের ১৬ এবং ১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তরফে আদালতে আটকদের জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়। আদালত তা মঞ্জুর করলেও শর্ত জুড়ে দেয় কারাগারে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন এনআইএ কর্মকর্তারা।
আদালতের নির্দেশের পর যখন অভিযুক্তদের দমদম কেন্দ্রীয় কারাগারের পথে নিয়ে যাওয়া হচ্ছিল সে সময় সাংবাদিকদের প্রশ্নে ফয়সাল দাবি করেন, “আমি এ ধরনের কাজের সঙ্গে জড়িত নই।”
কে এই ঘটনার সঙ্গে জড়িত- এমন প্রশ্নের জবাবে তাকে বলতে শোনা যায়, “সেটা আমি জানি না, আমি করিনি। অন দ্যা স্পটে ছিলাম না। আমাকে গুলি করতে দেখা যায়নি।”
আদালতে তোলার সময়ও ফয়সাল নিজেকে নির্দোষ দাবি করে বলেছিলেন, তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন।
এর আগে বিধান নগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়।
গত ৭ মার্চ রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)।
৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী। আর ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।
এসটিএফ সূত্র জানায়, গ্রেপ্তার ফয়সাল ও আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। কয়েক মাস বিভিন্ন এলাকায় অবস্থান করেন তারা। সুযোগ বুঝে ফের তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। তার আগেই আটক হন।
পরে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের বিধান নগর মহকুমা আদালতে তোলা হয়। আদালত ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। রিমান্ড শেষে আজ রোববার ফের তাদের আদালতে তোলা হয়।
গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্য হয়।



