ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তারা ভবনটিতে আগুনও দিয়েছে।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর আসার পর শাহবাগসহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে হামলার খবরের মধ্যে বৃহস্পতিবার রাত ১টার পর ধানমন্ডির শংকরে ছায়ানট ভবনে এই হামলার ঘটনা ঘটল।
হামলাকারীরা সাততলা ভবনের বিভিন্ন তলায় গিয়ে প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিভিন্ন তলায় থাকা বাদ্যযন্ত্র ও শিল্পকর্ম গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন কক্ষে থাকা কাগজপত্র ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখা গেছে।

তিন তলা পর্যন্ত প্রায় প্রতিটি কক্ষ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। মিলনায়তনে হামলাকারীর যা পেয়েছেন সেটিই ভাঙচুর করেছেন। পুরো মনিটরিং সিস্টেম, লাইট ও ফ্যান ভেঙে ফেলা হয়েছে। সেখানে থাকা মাটির তৈরি চারুকর্ম ও শিল্পকর্ম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং সেখানে পরিচালিত স্কুলের শ্রেণিকক্ষ ও অফিস। ভাঙচুর করার পর চলে যাবার সময় ভবনের সামনে আগুন ধরিয়ে দেয়।
ধানমন্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা মিথুন সিংহ বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও আগুন দেওয়ার কিছু পরেই ছায়ানটে হামলার ঘটনা ঘটে।
এর আগে দুর্বৃত্তরা প্রথম আলো ও ডেইলি স্টার ভবনেও ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। চট্টগ্রাম ও খুলনায়ও ভারতীয় হাই কমিশনের কার্যালয় ও বাসভবনে হামলার খবর পাওয়া গেছে।

এছাড়া ইন্দিরা সেন্টার, উত্তরায় একাধিক দোকান ও বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে বলে খবর মিলেছে।
উত্তপ্ত পরিস্থিতিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মুহাম্মদ ইউনূস।



