গাজীপুরে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত ওরফে সুরভী (২১) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাহরিমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। তিনি জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয় ছিলেন। ফেসবুকে তিনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের একাধিক অভিযোগ রয়েছে।
জাতীয় ছাত্রশক্তির গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক বশির আহমেদ (অপু) বলেন, “তাহরিমা জান্নাত সুরভী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলনে সব সময় তিনি আমাদের সঙ্গে সক্রিয় থেকেছেন। আমি তাকে চিনি। তবে তিনি আমাদের কোনো কমিটিতে নেই।”
বশির আহমেদ আরও বলেন, “কোনো মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়ে থাকলে, এটা নিয়ে আপত্তি নেই। তবে সরকারসংশ্লিষ্ট কারও বিষয়ে কথা বলার জন্য আটক হয়ে থাকলে, সেটা দুঃখজনক।”
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর থানায় করা একটি মামলায় তাহরিমা জান্নাত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটি করেছেন নাইমুর রহমান (দুর্জয়) নামের একজন সাংবাদিক।
তার অভিযোগ, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেলিং কার্যক্রমে তাহরিমা জড়িত।
এ ছাড়া তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানিয়েছেন, মামলার পরিপ্রেক্ষিতে তাহরিমা জান্নাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



