সেতুর নাম বদলে ‘জুলাই ৩৬’ করায় হামলা, পণ্ড উদ্বোধনী অনুষ্ঠান

মঞ্চে মলার পর পণ্ড হয়ে যায় সেতুর উদ্বোধনী অনুষ্ঠান।
মঞ্চে মলার পর পণ্ড হয়ে যায় সেতুর উদ্বোধনী অনুষ্ঠান।

বরিশালের মুলাদীতে ‘সৌহার্দ্য সেতু’র নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই’ রাখায় সেখানে হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

বরিশালের একজন স্থানীয় সাংবাদিক জানিয়েছেন, শনিবার সকালে বিক্ষুব্ধ জনতা নতুন নাম ঘোষণার উদ্বোধনী মঞ্চে হামলা চালিয়েছে। একই সময় তারা নামফলকও ভেঙে দেয়।

উত্তেজনার মধ্যে উপস্থিত সরকারি কর্মকর্তা ও অতিথিরা দ্রুত ওই এলাকা ছেড়ে যান।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সেতুটির জন্য আন্দোলন করেছেন তারা। নির্মাণ কাজ শেষ হওয়ার পর প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর আগের দেওয়া নাম বদলে ‘জুলাই ৩৬’ করার ঘোষণা দিলে এ নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আগে উত্তেজনা দেখা দেয়।

শনিবার সকালে নতুন নামের ব্যানার দেখা মাত্রই স্থানীয়দের একটি অংশ সেখানে হামলা চালিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে থাকা চেয়ার ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে। এ সময় তারা নামফলকও ভেঙে ফেলে।

রাতের অন্ধকারে আগের নামফলক বদলে বসানো হয়েছিল নতুন ফলক।

পুলিশ বলেছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।

এদিকে স্থানীয়রা পুরনো নামের পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসির কাছে এ সংক্রান্ত লিখিত আবেদন জমা দিয়েছেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শায়লা শারমিন মিম্মু বলেন, সেতুর জন্য অর্থমন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ইমদাদুল হক মজনুসহ স্থানীয়রা পরিশ্রম করেছেন। স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই এর নামকরণ করা হয়েছিল।

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে শহীদদের নামে সেতুর নাম হলে কারও আপত্তি থাকতো না। কিন্তু একক সিদ্ধান্তে নাম পরিবর্তন করা স্থানীয়দের প্রতি অবজ্ঞা।”

সেতুর নামফলক ভেঙে ফেলেন হামলাকারীরা। আজ শনিবার সকালে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত সেতু এলাকায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ‘৩৬ জুলাই সেতু’ নাম অনুমোদন করা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া অনলাইনে উদ্বোধন করবেন। জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

অবশ্য আসিফের এপিএস মো. আয়মন হাসান দাবি করেছেন, “সেতুর আগের কোনো নাম ছিল না। মন্ত্রণালয়ই ‘৩৬ জুলাই সেতু’ নাম দিয়েছে।“

আয়মন নিজেও মুলাদী উপজেলার রামারপোল গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

সর্বশেষ

ads