রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কয়েকদিন যেতে না যেতেই বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে নিতে আলোচনায় বসতে চায় দেশটি।
শুক্রবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে জয়লাভের পরপরই অভিনন্দন জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রীর একটি চিঠি পৌঁছে দিয়েছেন।”
সফরকালে বিড়লা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।
জয়সওয়াল উল্লেখ করেন, বাংলাদেশের সাথে উষ্ণ ও ঐতিহাসিকভাবে গভীর সম্পর্ক গড়ে তুলতে এবং নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত হতে চায় ভারত।
“আমরা বাংলাদেশের সাথে আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার এবং সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন সরকারের সাথে জড়িত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছি”, যাগ করেন তিনি।



