ডোমিনিকা ক্যারিবীয় অঞ্চলের একটি ছোট দ্বীপ রাষ্ট্র, যার সরকারি নাম কমনওয়েল্থ অফ ডোমিনিকা। ক্যারিবীয় সাগরে গুয়াডেলুপ ও মার্টিনিক দ্বীপের মাঝামাঝি এই দেশটির অবস্থান। জনসংখ্যা খুব বেশি নয়, মাত্র প্রায় ৭৫ হাজার। আর রাজধানী রোজো।
অবাক করার বিষয় হলো স্বশরীরে না গিয়েওে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণের পথ খোলা রেখেছে ডোমিনিকা সরকার।
যে প্রোগ্রামের আওতায় ডোমিনিকার নাগরিকত্ব নেওয়া যায় সেটি সিটিজেন বাই ইনভেস্টমেন্ট বা সংক্ষেপে সিবিআই নামে পরিচিত।
এই প্রোগ্রামে আবেদনকারীকে সরকার অনুমোদিত এজেন্টের মাধ্যমে আবেদন করতে হয়।
নাগরিকত্ব পাওয়ার জন্য বিনিয়োগের দুটি পথ খোলা রয়েছে। প্রথমটি সরকারের ‘ইকনমিক ডাইভারসিফিকেশন ফান্ড’ বা ইডিএফ-এ নির্দিষ্ট পরিমাণ অর্থ অনুদান দেওয়া, যা একক আবেদনকারীর ক্ষেত্রে সাধারণত ১ লাখ মার্কিন ডলার থেকে শুরু হয় এবং পরিবার অন্তর্ভুক্ত করলে পরিমাণ বাড়ে, এবং এই অর্থ অফেরতযোগ্য।
আর দ্বিতীয় পথটি হলো সরকার অনুমোদিত রিয়েল এস্টেট প্রকল্পে কমপক্ষে ২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করা, যা নির্দিষ্ট সময় ধরে রাখতে হয় এবং পরবর্তীতে শর্তসাপেক্ষে বিক্রি করা যায়।
আবেদন প্রক্রিয়ায় প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স, আয়ের প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট ও মেডিকেল রিপোর্ট জমা দিতে হয়। এরপর সরকার তথ্য যাচাই করে প্রাথমিক অনুমোদন দেয়।
অনুমোদন পাওয়ার পর নির্ধারিত বিনিয়োগ বা অনুদানের অর্থ জমা করলে নাগরিকত্ব সনদ ইস্যু করা হয় এবং পরবর্তীতে পাসপোর্ট প্রদান করা হয়।
পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ৩ থেকে ৬ মাসের মতো সময় লাগে, আবেদনকারীকে ডোমিনিকায় থাকারও প্রয়োজন হয় না।
ডোমিনিকার নাগরিকত্বের কিছু উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে- বহু দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুযোগ, দ্বৈত নাগরিকত্বের অনুমতি এবং সেখানে বসবাস বাধ্যতামূলক না হওয়া।
ডোমিনিকা নাগরিকত্ব (সিবিআই) – এক নজরে
| বিষয় | বিবরণ | পরিমাণ/শর্ত |
|---|---|---|
| প্রোগ্রামের নাম | সিটিজেন বাই ইনভেস্টমেন্ট (সিবিআই) | স্বশরীরে না গিয়েও সম্ভব |
| আবেদন পদ্ধতি | সরকার অনুমোদিত এজেন্টের মাধ্যমে | সরাসরি আবেদন করা যায় না |
| বিকল্প ১ | সরকারি তহবিলে (ইডিএফ) অনুদান | একক: ১০০ হাজার ইউএসডি |
| পরিবার (৪ জন পর্যন্ত) | প্রায় ১৭৫ হাজার ইউএসডি | |
| অতিরিক্ত সদস্য | অতিরিক্ত ফি প্রযোজ্য | |
| অনুদানের ধরন | ফেরতযোগ্য নয় | |
| বিকল্প ২ | অনুমোদিত রিয়েল এস্টেট | ন্যূনতম ২০০ হাজার ইউএসডি |
| সম্পত্তি ধরে রাখার সময় | কমপক্ষে ৩ বছর | |
| প্রক্রিয়ার সময় | আবেদন থেকে পাসপোর্ট | ৩–৬ মাস |
| ডিউ ডিলিজেন্স | ব্যাকগ্রাউন্ড যাচাই | বাধ্যতামূলক |
| বয়সসীমা | আবেদনকারী | ১৮+ |
| অপরাধ রেকর্ড | থাকতে পারবে না | ক্লিন রেকর্ড প্রয়োজন |
| সুবিধা | ১৪০+ দেশে ভিসা ফ্রি/অন অ্যারাইভাল | শেনজেন, সিঙ্গাপুর ইত্যাদি |
| দ্বৈত নাগরিকত্ব | অনুমোদিত | হ্যাঁ |
| বসবাসের শর্ত | ডোমিনিকায় থাকা | বাধ্যতামূলক নয় |



