সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চালবন্দ মোড়ে ‘কৃষাণ চত্বর’ নাম দেওয়া একটি ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গ্রামবাংলার কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরতেই হাতে কাস্তে ও কাঁধে লাঙল নিয়ে দাঁড়িয়ে থাকা প্রতীকী কৃষকের ওই ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল।
২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এই ভাস্কর্য নির্মাণ করেছিল উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সামনে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করার পর শুক্রবার রাতে একদল লোক কৃষাণ চত্বরের থাকা কৃষকের ভাস্কর্যটি ভেঙে ফেলেন।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভাঙছেন। এ সময় পেছন থেকে স্লোগান ভেসে আসছিল- ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘শেখ হাসিনার আস্তানা, বাংলাদেশে হবে না’, ‘আওয়ামী লীগের আস্তানা, বাংলাদেশে হবে না’, ‘শাহজালালের তলোয়ার, গর্জে উঠুক আরেকবার’।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, “এই ভাস্কর্য কী দোষ করল বা এটার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক, বুঝতে পারছি না। বিষয়টি আসলে খুবই দুঃখজনক।”
সুনামগঞ্জ জেলা শহর থেকে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদ, শিমুলবাগান, শহীদ সিরাজ লেকসহ হাওর এলাকার পর্যটনকেন্দ্রগুলোতে যেতে ‘কৃষাণ চত্বর’-এর ভাস্কর্যটি চোখে পড়ত।
এর সামনে কয়েক কিলোমিটার এগোলেই পলাশ বাজারে রয়েছে ‘হাওর বৃত্ত’। এরপর বিশ্বম্ভরপর কারেন্টের বাজার মোড়ে রয়েছে হাওরের বিশাল বোয়াল মাছের আদলে একটি ভাস্কর্য, এই স্থানের নাম দেওয়া হয় ‘বোয়াল চত্বর’।



