খুলনায় গুলি করে সাংবাদিককে হত্যা, গুলিবিদ্ধ আরেকজন

নিহত ইমদাদুল হক মিলন।
নিহত ইমদাদুল হক মিলন।

খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজারে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক নিহত হয়েছেন। মাথায় গুলিবিদ্ধ হয়েছেন আরেকজন, যিনি পেশায় পশু চিকিৎসক।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ইমদাদুল হক মিলন (৪৫) খুলনার বর্তমান সময় ডট কম নামে একটি পোর্টালের সাংবাদিক ছিলেন। পাশাপাশি তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

শলুয়া মন্দির সড়কেই ইমদাদুল হক মিলনের বাড়ি। তার বাবার নাম বজলুর রহমান শেখ।

মাথায় গুলিবিদ্ধ দেবাশীষকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন ইমদাদুল হক। দুটি মোটরসাইকেলে আসা ৪ দুর্বৃত্ত চায়ের দোকানে নেমেই এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের একটি গুলি ঘটনাস্থলে থাকা স্থানীয় পশু চিকিৎসক দেবাশীষ বিশ্বাসের মাথায় বিদ্ধ হয়। তিনি সরে গেলে দুর্বৃত্তরা দোকানে ঢুকে ইমদাদুল হক মিলনের মাথায় বন্ধুক ঠেকিয়ে একাধিক গুলি করেন।

দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা তাদের দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন।

দেবাশীষ বিশ্বাসকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর মহানগর পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে একাধিক গুলির খোসা উদ্ধার করেছেন।

কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে।

আরও পড়ুন

সর্বশেষ

ads