পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রতীকী।
প্রতীকী।

পাবনার ঈশ্বরদীতে গুলিতে লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির এক নেতা নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ইউনিয়ন বিএনপির সভাপতি বীরু মোল্লাকে (৪৮) জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

বীরু মোল্লা উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে। তিনি লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটেন। এ নিয়ে কথা বলতে আজ সকালে বীরু মোল্লা কয়েকজন লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। সেখানে আলোচনার একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এসময় জহুরুল মোল্লা ও তার সঙ্গে থাকা লোকজন প্রথমে ফাঁকা গুলি ছুড়ে উপস্থিত সবাইকে সরে যেতে বলেন। তারা চলে না গেলে আবারও গুলি ছোড়া হয়। এতে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এ ঘটনা ঘটেছে। বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ

ads