বাংলাদেশকে ‘দর্শক সারিতে রেখে’ বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাকিস্তান

পাকিস্তান বিশ্বকাপ খেললেও ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছে। ছবি: দ্য ডন
পাকিস্তান বিশ্বকাপ খেললেও ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছে। ছবি: দ্য ডন

বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। যদিও প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম‍্যাচে দেশটি অংশ নেবে না বলে জানিয়েছে।

জাতীয় দলকে বিশ্বকাপে খেলতে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান সরকার। 

সামাজিক মাধ‍্যম এক্স-এ এক পোস্টে পাকিস্তান সরকার জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন‍্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দেওয়া হয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট দল আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম‍্যাচে মাঠে নামবে না।

এর আগে, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। এসময় তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে এবং এই টুর্নামেন্টে পাকিস্তান দলের খেলা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।

ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা জানায় বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ারও অনুরোধ করা হয় সেসময়।

এরপর দুই দফায় সভা হয় আইসিসি ও বিসিবির মধ্যে। তবে বাংলাদেশের পক্ষে পাকিস্তানের অনড় অবস্থান এবং দেশটির বিশ্বকাপ বর্জনের পরিকল্পনার কথা সামনে এলে আত্মবিশ্বাসী বাংলাদেশ আইসিসিকে ছাড় না দেওয়ার পথে হাঁটে।

বিসিবি দফায় দফায় নিজেদের নিরাপত্তা শঙ্কার বিষয়টি সামনে নিয়ে এলেও অভয় দিয়ে আসছিল আইসিসি। প্রতিবারই সংস্থাটি বলেছে, কোনো দলের প্রতি সুনির্দিষ্ট কোনো হুমকি বা ঝুঁকি নেই।

পরে আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশ ১৪-২ ভোটে হেরে গেলে শ্রীলঙ্কার মাটিতে খেলার স্বপ্ন ভাঙ্গে বাংলাদেশের। নিজেদের বাইরে কেবল পাকিস্তানের ভোটই পেয়েছিল বাংলাদেশ।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে ২০ দলের বিশ্বকাপ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় বোর্ড ও আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। উদ্বোধনী দিন নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের।

আরও পড়ুন

সর্বশেষ

ads