পাকিস্তানি বাহিনী ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালিয়েছিল: তারেক রহমান

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পঁচিশে মার্চের রাতে ‘অপারেশন সার্চলাইটের’ নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের ওপর পাকিস্তানি দখলদার বাহিনী ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কালরাত্রি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী সেই গণহত্যার ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরারও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণীতে বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়।

“তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষের ওপর নির্বিচার গুলি চালায় এবং হত্যা করে।”

সেই রাতে সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। সুপরিকল্পিত এ হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনো ইতিহাসের গবেষণার বিষয়।

“তবে ২৫ মার্চ দিবাগত রাতে ‘উই রিভোল্ট’ বলে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। গণহত্যা প্রতিরোধের মধ্য দিয়েই শুরু হয়ে যায় দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ।”

স্বাধীনতার মূল্য ও তাৎপর্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হলে ২৫ মার্চের গণহত্যা দিবস সম্পর্কেও জানা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আসুন আমরা সবাই রাষ্ট্র ও সমাজে মহান মুক্তিযুদ্ধের চেতনা–সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা করি।”

আরও পড়ুন

সর্বশেষ

ads