তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র জন্মলগ্নে ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি।
এর দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না বলে মনে করে সংস্থাটি।
পাশাপাশি ‘সেকেন্ড রিপাবলিক’ ও ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’-এর ব্যানারে এ ধরনের কর্তৃত্ববাদী পুরোনো চর্চা পরিহার করার জন্য এনসিপি ও তার সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।
বিবৃবিতে বলা হয়, শিক্ষার্থী-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়ে সূচিত ‘নতুন বাংলাদেশে’-এর অভীষ্ট অর্জনের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশাও অপরিসীম। এই প্রত্যাশা পূরণের পূর্বশর্ত হিসেবে দলটিকে একেবারে শুরুতেই বাস অধিযাচনের নজির ও তার নেতিবাচক প্রভাবকে ‘রেড এলার্ট’ হিসেবে গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে এ জাতীয় গতানুগতিক আত্মঘাতী কর্মকাণ্ড ও আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাই।

ইফতেখারুজ্জামান বিবৃতিতে আরও বলেন, “নতুন নেতৃত্বের চর্চা ও আচরণে পতিত কতৃত্ববাদী বা কোনো প্রকার ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি তাদের প্রতি জনমনে বিরূপ ধারণার জন্ম দেবে এবং নতুন বাংলাদেশের জবাবদিহিমূলক গণতান্ত্রিক বোধ ও চেতনা বিকাশকে বাধাগ্রস্ত করবে।”
যে কোনো রাজনৈতিক মহলকে সব প্রকার পৃষ্ঠপোষকতা দেওয়া থেকে বিরত থাকা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মনে করিয়ে দেয় টিআইবি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে শুক্রবার গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল “জাতীয় নাগরিক পার্টি” (এনসিপি)।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সারাদেশ থেকে নেতাকর্মীরা যোগ দেন। বিভিন্ন জেলা থেকে বাসযোগে ঢাকায় আসেন দলটির নেতাকর্মীরা। তার মধ্যে পিরোজপুর জেলা থেকে আসা নেতকার্মীরা সরকারিভাবে বাস রিকুইজিশনের মাধ্যমে ঢাকায় আসেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিযোগ তোলেন।
অবশ্য পিরোজপুরে জেলা প্রশাসকের সহায়তায় সরকারি বাস নিয়ে আসার বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এমনকি পিরোজপুর জেলা প্রশাসন থেকে ওই বাসগুলোর কোনো খরচও বহন করা হয়নি। এ বিষয়টি নিয়ে যে খবর ছড়িয়েছে তা অতিরঞ্জিত বলেও উল্লেখ করেন প্রেস সচিব।



