এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব মন্তব্য করে মার্কিন প্রসেডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেওয়া আল্টিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবারই সেই রাত হতে পারে।
ইরানের বিষয়ে জানাতে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এমন হুমকি দেন তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্টের পাশেই ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
ট্রাম্প ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত অভিযানকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করে বলেন, “আমাদের সাহসী যোদ্ধাদের ঘরে ফিরিয়ে আনতে আমি মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম। উদ্ধার অভিযানে ২১টি মার্কিন সামরিক উড়োজাহাজ অংশ নিয়েছে।
ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’ দাবি করে বলেন, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে।
“এক রাতেই পুরো দেশটিকে (ইরান) নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। আর আগামীকাল রাতেই সেটা হতে পারে।”
এর আগে হোয়াইট হাউসে আরেক অনুষ্ঠানে ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি জানান, ইরানকে চুক্তিতে রাজি হতে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছেন সেটিই চূড়ান্ত। ইরান যে প্রস্তাব দিয়ে তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প চূড়ান্ত আলটিমেটাম দিয়ে লিখেছিলেন, মঙ্গলবার, রাত ৮টা ইস্টার্ন টাইম!’ মার্কিন প্রেসিডেন্টের এই সময়সীমা অনুযায়ী, তেহরানের স্থানীয় সময় তখন বুধবার ভোর সাড়ে ৩টা এবং গ্রিনিচ মান সময় (জিএমটি) মঙ্গলবার দিবাগত রাত ১২টা।
সূত্র: আল–জাজিরা



