ইতালি প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে শরীয়তপুরে এক নারীর আত্মহত্যার খবর মিলেছে।
শনিবার সকাল ১০টার দিকে নাড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম নাদিয়া আক্তার (২২)।
খোঁজ নিয়ে জানা গেছে, নিতিরা গ্রামের সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। শনিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামীকে ভিডিও কলে রেখেই নাদিরা বাথরুমের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ঘটনাটি সরাসরি দেখতে পেয়ে সালাম ফকির তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে নাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে তারা ধারণা করছেন।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।



