ফেসবুকের ওয়ালে ওয়ােল এখন শোকগাথা; এই শোক ১৫ বছরের নিসর্গ হোসেন তূর্যের জন্য। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নেতা শারমিন সুলতানা শর্মীর ছেলে সে। মা কারাগারে যাওয়ার পর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটি বলেছিল, “মাকে ছাড়া আমি থাকব কীভাবে?”
থাকতে পারেনি তূর্য; মা বিহনে পৃথিবী থেকেই চিরবিদায় নিল সে। মৃত্যুর সময়ও মাকে পাশে পায়নি শিশুটি। ছেলেকে শেষ দেখা দেখতে কারাগার থেকে মুক্তি মেলেনি শর্মীরও। শেষে ছেলের মরদেহ ঢাকা থেকে নিয়ে যেতে হলো গাজীপুরের কাশিমপুর কারাগারে। সেখানেই হলো শেষ দেখা। মায়ের কাছে ঠিকই গেল শিশুটি, তবে দেখতে পারল না।
শুক্রবার তূর্যের মৃত্যুর পর শনিবার কারাগারে কফিনবন্দি ছেলেকে বন্দি শর্মীর শেষ বিদায় জানানোর এই ঘটনা ছুঁয়ে গেছে সবার হৃদয়। সেই সঙ্গে এই কথাটিও উঠছে, তূর্যকে আসলে হত্যা করা হয়েছে।
কেন হত্যাকাণ্ড বলা হচ্ছে? তার উত্তর মিলছে এভাবে- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির মায়ের ওপর ছিল অপার নির্ভরতা। সেই নির্ভরতার স্থানটুকু কেড়ে নিয়ে তাকে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুর মুখে।
এখানে প্রশ্ন- শর্মীকে কেন গ্রেপ্তার করা হলো? বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে থাকার পরও কেন এই নারীর জামিন হলো না? ছেলের মৃত্যুর পরও কেন প্যারোলে মুক্তি পেলেন না?
শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু একজন সংস্কৃতিকর্মী। বাংলা একাডেমির কর্মকর্তা ছিলেন তিনি, রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে অবসরে যেতে হয়। তাদের দুই সন্তানের একজন ছিলেন তূর্য। গতকাল শুক্রবার নিজের বাসায় মারা যায় সে। পরিবারের সদস্যরা বলছেন, মা কাছে না থাকায় মানসিক যন্ত্রণায় ছিল শিশুটি, এর মধ্যে স্ট্রোকে মৃত্যু হয় তার।
শর্মী পড়াশোনা করেছেন ইডেন কলেজে। সেখানে ছাত্রলীগে যুক্ত ছিলেন তিনি। পরে সক্রিয় হন যুব মহিলা লীগে। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এই সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের পর থেকে ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগসহ এর সহযোগী অন্য সংগঠনগুলোর কার্যক্রমেও রয়েছে নিষেধাজ্ঞা। এর মধ্যে জটিকা মিছিলের চেষ্টা যেমন চলছে, তেমনি গ্রেপ্তারও করা হচ্ছে।
শর্মীকে কেন গ্রেপ্তার করা হলো- সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেল গত ১৩ জুলাই পুরান ঢাকার লালবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা।
মামলাটি করেছেন লালবাগ থানার উপপরিদর্শক নাজমুল হোসেন। গত ১০ জুলাই ভোরে শেখ সাহেব বাজার এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের একটি মিছিলকে েকন্দ্র করে মামলাটি হয়।
মামলার এজাহারে শর্মীর নামই ছিল না। আসামির তালিকায় নাম ছিল লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান জামাল, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনুনহ কয়েকজনের।
শারমিনের নামে কোনো মামলা ছিল না বলে দাবি করেন তার স্বামী শাহদাৎ হোসেন নিপু। তিনি সাংবাদিকদের বলেন, ষড়যন্ত্র করে শারমিনকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়।
এই মামলায় আড়াই মাস পর গত ৩ অক্টোবর মধ্যরাতে পুলিশ শর্মীকে তার লালবাগের বাসা থেকে গ্রেপ্তার করে। শর্মীর অভিযোগ, মব করে তাকে তুলে আনা হয়েছিল।
গ্রেপ্তারের কারণ হিসেবে তখন বলা হয়েছিল, প্রাথমিক তদন্তে এই মামলার ঘটনার সঙ্গে শর্মীর জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে।
পরদিন তাকে ঢাকার আদালতে নিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, লালবাগ থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম।
ওই আবেদনে বলা হয়েছিল, শর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে যেতে পারেন।
তখন ঢাকার মহানগর হাকিম আদালত শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। সেদিন আদালত চত্বরে কাঁদতে কাঁদতে শর্মী বলেছিলেন, “আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা–বাবা ছাড়া দেখার কেউ নেই।”
সেদিনই শর্মীর জামিন চেয়েছিলেন তার আইনজীবী। কিন্তু তা নাকচ করে দেওয়া হয়। আদেশে মহানগর হাকিম মেহেদী হাসান বলেছিলেন, আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের জামিনঅযোগ্য ধারায় অভিযোগগুলো করা হয়েছে।
এরপর গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেও প্রত্যাখ্যাত হন শর্মী। এসব আবেদনের দিনে তূর্যও হাজির হতো আদালতে, তবে ফিরত বিফল হয়ে।
তূর্যের মৃত্যৃর পর শর্মীর ছোট বোন শাম্মী সুলতানা বলেন, “এ রাষ্ট্র আমার বোনকে জামিন দিল না। আমার বোনের অভাবে তার সন্তান মারা গেল।”

শারমিনের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা হলেও নানা বিবেচনায় তার জামিন আবেদন বিবেচনা করা সম্ভব ছিল বলে মত জানাচ্ছেন বিভিন্ন আইনজীবী।
বলা হচ্ছে, ফৌজদারি কার্যবিধির ৪৯৭ (১) ধারায় নারী আসামির জামিনের ক্ষেত্রে সুস্পষ্ট বিশেষ বিধান রয়েছে। এটি নিছক মানবিক অনুকম্পা নয়, বরং একটি আইনস্বীকৃত বিশেষ বিবেচনা। পাশাপাশি সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে সুরক্ষিত আইনগত সুরক্ষা ও ব্যক্তিস্বাধীনতার অধিকারও এখানে বিবেচনায় আসতে পারত।
স্বজনের মৃত্যুর কারণে বিভিন্ন সময় বিভিন্ন বন্দি প্যারোলে মুক্তি পেয়েছেন। কিন্তু ছেলের মৃত্যুতে শর্মী কেন পেলেন না, সেই কৌতূহল অনেকের মনে।
তার আইনজীবী মোরশেদ হোসেন শাহিন দাবি করেছেন, তারা প্যারোল চেয়ে আবেদন করেছিলেন, তবে তা অনুমোদিত হয়নি।
তবে তা অস্বীকার করেছেন কাশিমপুর মহিলা কারাগারের জ্যেষ্ঠ কারাধ্যক্ষ নজরুল ইসলাম। তিনি বলেন, কারাফটকে মরদেহ দেখানোর জন্য মৌখিকভাবে আবেদন করা হয়েছিল। মানবিক দিক বিবেচনায় তারা সেই সুযোগ দিয়েছেন।
শর্মীর স্বামী নিপুও বলেছেন, ছুটির দিনে প্রশাসনিক জটিলতার কথা শুনে তারা প্যারোলে মুক্তির আবেদন করেননি। সেই কারণে তাদের বলা হয়েছিল, তূর্যের কফিন কারাগারে নিয়ে যেতে, তারা সেই কথাই শুনেছেন।
শর্মীকে জামিন ও প্যারোলে মুক্তি না দেওয়া নিয়ে যখন সমালোচনা চলছে, তখন তার পাল্টায় কেউ কেউ আওয়ামী লীগ আমলে এবং জুলাই আন্দোলনের সময় শিশু হত্যার ঘটনাগুলোও তুলে ধরছেন।
তা দেখে সাবেক সংবাদকর্মী ও বর্তমানে ব্র্যাকের কর্মকর্তা শরীফুল হাসান ফেসবুকে লিখেছেন, “আপনারা যারা ইনিয়ে বিনিয়ে এইসব ঘটনার সমর্থন দেন সব সরকারের আমলে আপনাদের জন্য ঘৃণা! আপনাদের জন্য সবসময় বলি, অন্ধ আনুগত্য কখনোই ভালো নয়, হোক তা যে কোন দল বা মানুষের প্রতি।”
শর্মীর প্রতি সরকারের আচরণে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, “অসুস্থ ও প্রতিবন্ধী এক সন্তানের মা কত বড় সন্ত্রাসী যে তাকে জামিন দেওয়া যায় না? কত বড় সন্ত্রাসী সে যে সন্তানের মৃত্যুর পরেও প্যারোলে মুক্তি পায় না? এই বাচ্চার অভিশাপ নিতে পারবে তো এই রাষ্ট্র?”



