বিজ্ঞাপন

হঠাৎ দেশে ফিরে তৎপর খলিল, ছড়াচ্ছে নানা গুঞ্জন

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরদিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা সমাবেশে খলিলুর রহমান। ছবি: খলিলুর রহমানের ফেসবুক পেজ
মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরদিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা সমাবেশে খলিলুর রহমান। ছবি: খলিলুর রহমানের ফেসবুক পেজ

বাংলাদেশ সফরে এসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী! শুনতে অদ্ভুত ঠেকলেও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এবার দেশে ফেরার খবরটি এভাবেও দেওয়া যায়। কারণ যতটা না পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, তার চেয়ে বেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবেই নিজেকে পরিচিত করছেন। আর আকস্মিকভাবে দেশে ফেরার পর তার তৎপরতায় ছড়াচ্ছে নানা গুঞ্জন।

বিতর্ক নিয়ে দুই যুগ আগে বাংলাদেশ ছাড়া খলিল যুক্তরাষ্ট্রে ‘রজার খলিল’ নামেই বসবাস করছিলেন। ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশে ফিরিয়ে আনেন তাকে।

প্রথমে খলিলকে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাইরিপ্রেজেনটেটিভ করেছিলেন ইউনূস। পরে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আন্তর্জাতিক ও নিরাপত্তা সংক্রান্ত সব বিষয়ে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসেন তিনি।

বিজ্ঞাপন

নির্বাচনে বিএনপি জেতার পর তারেক রহমান যখন সরকার গঠন করল, তখন অবাক হয়ে সবাই দেখল, খলিল হয়ে গেছেন পররাষ্ট্রমন্ত্রী। তার এক বছর না যেতেই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ, আর খলিল পান সভাপতির দায়িত্ব।

গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রেই ছিলেন খলিল। সেখান থেকে এ মাসের শুরুতে যান তুরস্কে, জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ৩১) যোগ দিতে।

ওই সম্মেলন শেষে হঠছাৎ করেই দেশে ফেরেন খলিল। কারণ তার ফেরার কোনো কর্মসূচি ছিল বলে জানা যায় না। আর তারেক রহমানও এরই মধ্যে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর ভার দিয়ে রেখেছিলেন।

এর মধ্যে বৃহস্পতিবার জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষি সাব্যস্ত করে। আর তার পরদিনই কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে ছুটে যান খলিল। সেখানে গিয়ে তিনি বলেন, আইসিজের রায়ের মধ্যদিয়ে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবির দীর্ঘ লড়াইয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে।

গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় আইসিজের রায়ের পর ১২ ঘণ্টার মধ্যে খলিল কক্সবাজারে উপস্থিত হলেও তাকে বরণের আয়োজন দেখলে তার সফরটি পূর্ব পরিকল্পিত বলেই মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।


মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরদিন শুক্রবার কক্সবাজারে শরণার্থী শিবিরে সমাবেশে খলিলুর রহমানকে স্বাগত জানিয়ে ডিজিটাল ব্যানার হাতে রোহিঙ্গারা। ছবি: খলিলুর রহমানের ফেসবুক পেজ

খলিল রোঙ্গিাদের যে সমাবেশে বক্তব্য রাখেন, সেখানে তার ছবিসহ বড় ডিজিটাল ব্যানার ঝুলছিল। তাতে লেখা ছিল, জাতিসংঘ সাধারণ পরিষদেনর সভাপতি খলিলুর রহমানকে স্বাগতম। এই সমাবেশের মঞ্চে হাতে আঁকা খলিলের একটি প্রতিকৃতিও তার হাতে তুলে দেওয়া হয়। আর পুরো সময়টা খলিলকে করতালিতে সম্ভাষন জানাচ্ছিল রোহিঙ্গারা।

খলিল এবার দেশে আসেন এমন এক সময়ে, যখন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই কারি ঢাকায়, একই সময়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস।

আবার ঢাকায় ফিরেই বৃহস্পতিবার ভারত, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন খলিল। জুলাই অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে থাকা শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তার দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা যখন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তৎপরতো চালাতে শুরু করেছে, তখন তার এই বৈঠক নিয়ে কৌতূহল দেখা দিয়েছে সবার মনে।

অবশ্য খলিলের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেছেন, তিনি থ্যাংকস গিভিং ডের শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন।

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলনে খলিলুর রহমান। ছবি: খলিলুর রহমানের ফেসবুক পেজ

আর ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলকে শুভেচ্ছা জানানো। তাছাড়া জাতিসংঘের সংস্কার নিয়েও কিছু বিষয় খলিলুর রহমানের কাছ থেকে জানতে চেয়েছিলেন তিনি।

ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন কিছু বলেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফেও কিছু বলা হয়নি। তবে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু ছিল বলে কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে।

এরমধ্যে পিটার হাসের বাংলাদেশে উপস্থিতিও ভিন্ন চোখে দেখছেন অনেকে। ২০২৪ সালে দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ছাড়ার আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক বেশ নাজুক ছিল তার।

তার সফর নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর ফেসবুকে লিখেছেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তার পরিচিতি আছে, কিন্তু তিনি এখন আর মার্কিন সরকারের কেউ নন। ২০২৪ সালে মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসর নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানি এক্সেলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

বিজ্ঞাপন

১৬ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার বৈঠক নিয়ে আনিস আলমগীর লিখেছেন, “একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত, যিনি এখন একটি বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপদেষ্টা, তার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার প্রয়োজন কী? কোন পরিচয়ে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন? তার সফরের উদ্দেশ্য এবং আলোচনার বিষয়বস্তু কী?

“এক্সেলারেট এনার্জির বাংলাদেশের এলএনজি খাতে ব্যবসা করছে। ফলে কোম্পানির ব্যবসায়িক স্বার্থে পিটার হাসের বাংলাদেশ সফর অস্বাভাবিক নয়। কিন্তু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে তার সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের যোগাযোগের বিষয়টি স্বচ্ছ হওয়া জরুরি।”

পিটার হাসের ঢাকা আসার সঙ্গে খলিলের দেশে ফেরার মধ্যে যোগসূত্রের খোঁজও চলছে।

কেউ কেউ বলছেন, পিটার হাস শেখ হাসিনাকে বাদ দেওয়ার শর্তে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে একটি মডারেট আওয়ামী লীগকে নির্বাচনে এনে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে প্রস্তাব নিয়ে এসেছিলেন।

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলনে তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে খলিলুর রহমান। ছবি: খলিলুর রহমানের ফেসবুক পেজ

বর্তমান সংসদ ভেঙে দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের এই গুঞ্জনে একথাও ভাসছে যে খলিল হবেন সেই সরকারের প্রধান।

এসব বিষয়ে সেনাবাহিনীকে জড়ানোর গুঞ্জনও শোনা যাচ্ছে। আর এই জড়িয়ে পড়া এড়াতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনানিবাসের বাইরে কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বলেও শোনা যাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আমন্ত্রণও তিনি এড়িয়ে যাচ্ছেন।

শেখ হাসিনার এক ঘোষণা যখন দেশের রাজনৈতি অঙ্গনে অস্থিরতা বাড়িয়ে দিয়েছে, তখন খলিলকে নিয়ে ছড়ানো এসব গুঞ্জনের সত্যাসত্য এখনো নিশ্চিত হওয়া না গেলেও কেউ কেউ মনে করছেন, তা ফলতেও পারে। কারণ হিসেবে তারা বলছেন খলিলের উত্থানের কথা।

তাদের ভাষ্য, নারীঘটিত কেলেঙ্কারির মুখে নিয়ে বাংলাদেশ ছাড়ার পর খলিল দেশে ফিরে যেভাবে ধাপে ধাপে একের পর এক সিঁড়ি বেয়ে উপরে উঠছে, ফলে তাকে নিয়ে আগাম কিছুই বলা যাচ্ছে না। বিশেষ করে নির্বাচনের আগে যাকে বিদেশি নাগরিক আখ্যায়িত করে পদত্যাগের দাবি তুলেছিল বিএনপি, তাকে যখন তারেক রহমানের মন্ত্রিসভায় দেখা গেল, তারপর তাকে নিয়ে কিছু অবিশ্বাস করাও কঠিন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন