গোপালগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলেছে, টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স ধোয়া-মোছা হচ্ছে। নিষেধাজ্ঞার পরোয়া না করে সেখানে নিয়মিত মিছিল-সমাবেশ করছে ছাত্রলীগ।
এর কয়েকদিন আগেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ, তিনি ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর। টুঙ্গীপাড়া আর মুকসুদপুর থানা জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ বাধ্য হয় পালাতে।
তারপর পুলিশপ্রধান আলী হোসেন ফকির গোপালগঞ্জে গিয়ে বলেন, “আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা (পুলিশ) কাজ কীভাবে করবে?
“আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে তো এরা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান পুলিশের দরকার নাই, আপনাদের আইনশৃঙ্খলা আপনাদের মেইনটেইন করতে হবে।”
তার কথায় ছিল এক ধরনের অসহায়ত্বের সুর। ফলে এই প্রশ্ন ওঠে, বিএনপি সরকার কি পরিস্থিতি শামাল দিতে পারছে না।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বক্তৃতায় থানায় অগ্নিসংযোগ নিয়ে কড়া বার্তা দিলেও পরক্ষণেরই ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে বলেন আইনশৃঙ্খলা বাহিনীকে।
সরকারকে কঠোর হতে আহ্বান জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “এই দেশে হুমকি-ধমকি দিয়ে আগুন লাগিয়ে, একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হল, তাহলে আমরা প্রমাণ করে দেব, এই বাংলাদেশে আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।”
আওয়ামী লীগকে সরাসরি মোকাবেলা না করাটা স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিএনপি সরকারের কৌশল এবং তা কাজে দিচ্ছে বলেই মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, যিনি অনেকের কাছে ‘ডাস্টবিন শফিক’ নামেও পরিচিত।
তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, “অনেকে প্রশ্ন করেন সালাহউদ্দিন আহমেদ কেন আগাম কোনো পদক্ষেপ নেননি আওয়ামী লীগের বিরুদ্ধে। এটি ছিল তার একটি বড় রাজনৈতিক কৌশল। এ কৌশল নিঃসন্দেহে অনেকের মনে বিস্ময়ের জন্ম দিয়েছিল। কিন্তু বলতে হয় নিখুঁতভাবেই কাজ করেছে পরিকল্পনা অনুযায়ী কৌশলটি।”
আওয়ামী লীগকে থানা ভবন, বিএনপি নেতাদের বাড়িতে আগুন লাগাতে গিয়ে ফাঁদে ফেলা হয়েছে বলে মনে করেন শফিকুল।
তার ভাষ্যে, অনেকে মনে করেন এতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে—এমন একটি ধারণাও জনমনে সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল একটি ফাঁদ। আর আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে।
এর মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে পরিচয় করালো বলে মনে করেন শফিকুল আলম; যে আখ্যাটি সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানও দিয়েছেন।
আবার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এক ‘অসাধারণ রাজনৈতিক চাল’ দিয়েছেন বলেও শফিকুল আলম মনে করেন।
তার ভাষ্যে, “যার জন্য আওয়ামী লীগ ও তার বিদেশি প্রভুরা প্রস্তুত ছিল না।”
শফিকুল আলম মনে করেন, ভারতে আওয়ামী লীগ নেতাদের থাকাটাও বেশি দিন মেনে নেবে না দিল্লি। তাদের পশ্চিমা দেশগুলোতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হবে। শেখ হাসিনাকেও নীরব করিয়ে দেওয়া হবে।
“এটি হবে ঢাকার প্রতি একটি ইঙ্গিত—নয়াদিল্লি এখন তারেক রহমানের আনুষ্ঠানিক সফর গ্রহণের জন্য প্রস্তুত।”
শফিকুলের কথাটি যদি ঠিকও হয়, তাহলে ‘অসাধারণ’ চালের ফাঁকে একটি ভুল চাল দিয়ে ফেলেছেন তারেক রহমান।
তিনি গত বৃহস্পতিবার সীমান্তের জেলা লালমনিরহাটে এক সমাবেশে আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেছিলেন, “সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।”
প্রতিবেশী দেশের সরকারপ্রধানের এই কথাটি ভারতের সংবাদমাধ্যমে বেশ ফলাও করেই আসে। গত শুক্রবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনেও এই প্রসঙ্গটি আসে। তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য এড়িয়ে যান।
বিষয়টি যে গুরুতর হয়ে উঠেছে, তা বোঝা যায় রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতায়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী কোনো দেশের নাম বলেননি। কিন্তু ভারতের সংবাদমাধ্যম আগ বাড়িয়ে ভারতকে দায়ী করার কথা বলছে।
এটা ঠিক যে তারেক রহমান কোনো দেশের নাম বলেননি। কিন্তু তার ইঙ্গিতটা যে ভারতের দিকে, তা স্পষ্ট। কারণ শেখ হাসিনা ভারতেই রয়েছেন। আর তিনি নাশকতায় নির্দেশ দিচ্ছেন বলে তারেক রহমান রাখঢাক না রেখেই বলেছিলেন।
ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যাটি সরকারের ‘ব্যাকফুটে’ যাওয়ার নজির হিসেবে দেখছেন অনেকেই।
আবার আওয়ামী লীগ সমর্থকরা মনে করছেন, গোপালগঞ্জে তৎপরতা দলের প্রতি জনসমর্থনের প্রমাণ। এরপর তা দেশজুড়ে বিস্তৃত হবে। আর এতে বিএনপি সরকার দৃশ্যত বেকায়দায় পড়েছে।
শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক পোস্টে লিখেছেন, “ট্রেইলার তো শুরু হয়েছে, মূল ছবি তো রিলিজ হওয়া বাকি। আর সেই ছবির নির্মাতা হবে বাংলাদেশের সাধারণ মানুষ।”
“শেখ হাসিনা যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখবে – সেইদিন বাংলাদেশের মানুষ বুঝিয়ে দেবে, কড়ায় গন্ডায়। সময় থাকতে ৮ দফা দাবি মেনে নিন – ৩০ নভেম্বরের পর জনগণ সমস্বরে বলবে “এনাফ ইজ এনাফ,” লিখেছেন তিনি।
আওয়ামী লীগ আবার ২৯ ও ৩০ নভেম্বর দেশজুড়ে লকডাউন ডেকেছে। দেশের সংবাদমাধ্যমগুলো খবরটি না দিলেও সোশাল মিডিয়ার কল্যাণে তা সবার জানা হয়ে গেছে।
আবার গোপালগঞ্জের প্রতিক্রিয়ায় নড়াইলে যেভাবে আওয়ামী লীগের নেতাদের বাড়ি-ঘর বিএনপির নেতা-কর্মীরা জ্বালিয়ে দিয়েছে, তাতে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ প্রমাণের কাজটিও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ল বলে বিশ্লেষকরা মনে করছেন।
নড়াইলে এই আক্রমণ হিন্দুদের উপর হচ্ছে বলে এরই মধ্যে ভারতের সংবাদমাধ্যমে শোর উঠেছে। দেশটির রাজনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া আসছে।
ফলে আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি উল্টো ফাঁদে পড়ে গেল কি না, সেই প্রশ্নও উঠছে এখন।



