বিজ্ঞাপন

বিএনপি বলছে শেখ হাসিনা আসুক, তাহলে ঠেকানোর চেষ্টা কেন

বেনাপোল বন্দরে বিজিবির সতর্ক অবস্থান।
বেনাপোল বন্দরে বিজিবির সতর্ক অবস্থান।

“আসুক না, আসলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে”- কথাটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের। শেখ হাসিনা ১৬ ডিসেম্বর ফিরতে চাওয়ার কথাটি প্রকাশের পর এই প্রতিক্রিয়া আসে তার। শেখ হাসিনা তো বলেই রেখেছেন, কারাগারে যাওয়ার, এমনকি মৃত্যুর মুখে পড়ার ঝুঁকি নিয়েই তিনি ফিরতে চান।

তাহলে শেখ হাসিনার কথায় স্পষ্ট তিনি ফিরতে প্রস্তুত। কিন্তু বিএনপি সরকারের আচরণে ফুটে উঠে উঠছে অন্য কথা।

আবার শেখ হাসিনার আসার খবরে তাকে ঠেকাতে ঢাকায় মিছিল নামিয়েছে জুলাই অভ্যুত্থানের তরুণ তুর্কিদের দল জাতীয় নাগরিক পার্টি।

বিজ্ঞাপন

এসব দেখে দ্বিচারিতা খুঁজে পাচ্ছেন অনেকে। তেমনই একজন প্রবাসী চিকিৎসক, অ্যাক্টিভিস্ট মুহাম্মদ গোলাম সারওয়ার।
তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ““দুনিয়ার সাম্প্রতিক ইতিহাসে সম্ভবত শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি কনফার্ম মৃত্যুদণ্ড জেনেও দেশে ফিরে আসতে চাইচ্ছেন। আর কোনও উদাহরণ আছে সাম্প্রতিক ইতিহাসে?

“আদালতের (তার ভাষায় ক্যাঙ্গারু কোর্ট) শাস্তি তামিল করার জন্যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছেন। আর বাংলাদেশ রাষ্ট্র, বিএনপি, জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠন এনসিপি-এবি পার্টি প্রাণপনে চেষ্টা করছে শেখ হাসিনা যেন বাংলাদেশে না আসতে পারে। বিষয়টা ইন্টারেস্টিং নয়?”

দুই বছর আগে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার স্বাভাবিকভাবে ফেরার পথ বন্ধ করে দিয়েছিল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তার পাসপোর্ট বাতিল করে দিয়ে।

কয়েকমাস আগে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলে দেশের রাজনীতির মাঠ হয়ে ওঠে উত্তপ্ত।

এরপর পাসপোর্ট চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের আবেদনের খবর দেয় রয়টার্স। আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি মঙ্গলবার জানিয়েছে, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর ফিরতে চাইছেন। এজন্য বাংলাদেশ বিমানের ফ্লাইটের ব্যবস্থা করতে তিনি সরকারকে অনুরোধ জানিয়েছেন।

দুদিন আগে খবর এসেছিল যে আওয়ামী লীগের চার নেতা বেনাপোলের ওপারে পেট্রাপোল সীমান্ত রেকি করে যান স্থলপথে শেখ হাসিনার ফেরার সম্ভাব্যতা যাচাই করতে।

এসবের মধ্যদিয়ে শেখ হাসিনা বোঝাতে চাইছেন, তিনি ফিরতে মরিয়া। অন্তত সাধারণ মানুষ সেই বার্তাই পাচ্ছে।

কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রীর ফেরাটা তার হাতে নেই। এখানে কারণ কয়েকটি। প্রথমত পাসপোর্ট বা নাগরিকত্বের প্রমাণ তার হাতে নেই যে তিনি সীমান্তে কিংবা বিমানবন্দর দিয়ে অন্য সবার মতো দেশে ফিরতে পারবেন।

এজন্য তার পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দরকার। সেটা যে বিএনপি সরকার দেবে না, তা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ বিএনপির নেতারা আগেই জানিয়েছেন।

এখন শেখ হাসিনা যখন নিজেই ধরা দিতে চাইছেন, তাহলে বিমানের বিশেষ ফ্লাইটও তার জন্য পাঠানো সরকারের পক্ষে সম্ভব। কিন্তু সেটাও যে সরকার করবে না, তা আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়ে দিয়েছেন।

“আসুক, এসে জেলে যাক” – একথা বলার পরপরই তিনি আজ সাংবাদিকদের বলেছেন, “এখানে প্লেন পাঠানো, হেলিকপ্টার পাঠানো, বাস পাঠানো, কোনো কথা কারও সঙ্গে হয়নি।”

অর্থাৎ শেখ হাসিনা আসতে চাইলেও তার ফেরার কোনো ব্যবস্থা সরকার যে করছে না, তার কথায় সেটা স্পষ্ট।

একই দিনে একই রকম কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও। ‘বাস্তবতা’ বুঝিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, “ “বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এ দুটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরে আসতে দেওয়া হবে না।”

অর্থাৎ শেখ হাসিনা ফিরতে চাইলেও সরকারের পক্ষ থেকে তাকে সে সুযোগ দেওয়া হবে না।

আওয়ামী লীগ নেতাদের পেট্রাপোল আসার খবরে বেনাপোল সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি টহল জোরদার করেছে। রাতেও আলো জ্বালিয়ে পাহারা দিচ্ছে, এমন ছবি-ভিডিও ঘুরছে সোশাল মিডিয়ায়।

বিজ্ঞাপন
বেনাপোল চেকপোস্টে বিজিবি সদস্যরা পালা করে টহল দিচ্ছেন ইদানিং, যা আগে দেখা যায়নি।

বিজিবির কোনো কোনো কর্মকর্তা এমন কথাও বলেছেন, সীমান্ত দিয়ে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে প্রস্তুত তারা। এখন প্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার করা হবে।

অন্যদিকে এনসিপি মঙ্গলবার ঢাকায় মোটরসাইকেল মিছিল করে শেখ হাসিনাকে ঠেকানোর আহ্বান জানিয়েছে। সেই সমাবেশে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনা আসলে আসবেন না।

বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিত্ব পাওয়া ওবায়দুর রহমানের মেয়ে, বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও বলছেন, শেখ হাসিনার ফেরার ঘোষণাটি তার কাছে ‘পলিটিক্যাল স্টান্ট’ মনে হচ্ছে।

এসবের মধ্যদিয়ে আসলে ইঙ্গিত মিলছে যে তারা চান না শেখ হাসিনা দেশে ফিরুক। এই ইঙ্গিত অনেকটা স্পষ্ট হয়ে যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের কথায়।

তিনি মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেছেন, “মোদি সরকারকে বলব— আপনারা তাকে নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেন।”

বিএনপি বারবার একই কথা বলছে, শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারত হস্তান্তর করুক, সেটাই তারা চায়। কিন্তু সেই চাওয়াটা যে পূরণ হওয়ার নয়, তা রাজনৈতিক বিশ্লেষকরা বরাবরই বলে আসছেন। বিএনপিও তা জানে।

এখন নিজেই ফিরতে চাওয়ার কথা বলে শেখ হাসিনা যে বিএনপি সরকারকে চাপে ফেলে দিলেন, তা সরকারের আচরণে এবং দায়িত্বশীলদের কথাবর্তায় স্পষ্ট।

গত কিছু দিন ধরে জামায়াতে ইসলামী ও এনসিপিকে আক্রমণ করে আসা তারেক রহমানকে অন্য সব দলকে নিয়ে সংরাপে বসতে হচ্ছে। এমনকি এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও তার অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ছুটে আসছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপিসহ অভ্যুত্থানের মিত্ররা শেখ হাসিনাকে দেশে দেখতে চাইছে না। কারণ তারা মনে করছে, শেখ হাসিনাকে দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করতে চাইলেও তা পারা যায়নি। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরলে পরিস্থিতি উল্টে যেতে পারে।

শেখ হাসিনা ফেরার ঘোষণা দেওয়ার পর তার দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেভাবে সক্রিয় হয়ে উঠে মিছিলে নামছে, গোপালগঞ্জকে অচল করে দিয়েছে, তাও বিএনপি সরকারের মাথাব্যথার কারণ। কারণ পুলিশকে এখনো সক্রিয় করা যায়নি, তেমন পরিস্থিতি দাঁড়ালে সেনাবাহিনীর ভূমিকা কী হবে, তাও স্পষ্ট নয়।

গোলাম সারওয়ার লিখেছেন, “রাজনীতি কেবল হুংকার দিয়ে হয় না। তারেক রহমানের ও তার পালিত বিরোধী দলের এই লেজে গোবোরে অবস্থা আমাদের সেটাই বলছে।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন