গ্রামীণ ব্যাংক কেড়ে নিতে চাইছে সরকার- আওয়ামী লীগ আমলে কথাটি বলতেন মুহাম্মদ ইউনূস। এরপর তিনি যখন সরকারপ্রধান হলেন, ব্যাংকটির মালিকানা থেকে সরকারের অংশ দিলেন অনেকটাই কমিয়ে।
এখন দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হওয়ার পর গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা সরকারেরও সম্পত্তি। গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে বলা হচ্ছে, এটা কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়।
এর মধ্যদিয়ে দৃশ্যত ইউনূসের সঙ্গে সম্পর্ক আড়াল করার চেষ্টাই করা হচ্ছে। কারণ ইউনূসের কারণেই যে আজ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় আগুন দেওয়া হচ্ছে, তা অনেকটাই স্পষ্ট।
প্রবীণ সাংবাদিক আরশাদ মাহমুদ বলছেন, “এখন নির্দ্বিধায় বলা যায়, বর্তমানে গ্রামীণ ব্যাংকে যে হামলা হচ্ছে, সেটা ইউনূসের উপর অনেকের, বিশেষ করে পতিত হাসিনা সমর্থকদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।”
এমন সিদ্ধান্ত টানার পক্ষে যুক্তি তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে ইউনূস সরকার আমলে বঙ্গবন্ধুর ভবন জ্বালিয়ে ও গুঁড়িয়ে দেওয়ার কথাও আনেন তিনি।
গ্রামীণ ব্যাংকে কেন হামলা হচ্ছে- তার উত্তর ইউনূসের কাছেই আশা করছেন আরশাদ মাহমুদ। তিনি বলেন, দুই বছর আগে ক্ষমতা গ্রহণের কিছুদিন পর অন্য একটি প্রসঙ্গে পরোক্ষভাবে এর কারণই বলে গিয়েছিলেন ইউনূস।
আরশাদ মাহমুদ লিখেছেন, “আপনাদের হয়ত স্মরণ আছে যে ২০২৪ সেপ্টেম্বরে আমেরিকা ভ্রমণের সময় তিনি (ইউনূস) তৎকালীন ভয়েস অব আমেরিকার প্রতিনিধি আনিস আহমেদকে একটা সাক্ষাৎকার দেন। আনিস তাকে জিজ্ঞেস করেছিলেন, ধানমন্ডি ৩২ নাম্বারের ঐতিহাসিক ভবনটি যখন বিক্ষুব্ধ জনতা ভেঙে ফেলছিল, তখন তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এটা প্রতিহত করেনি কেন?
“এই প্রশ্নে ইউনুস বিরক্ত হন এবং উত্তরে বলেন, ‘এটা তার মেয়েকে (শেখ হাসিনা) জিজ্ঞেস করেন।’ যদিও তিনি সরাসরি উত্তর দেননি, তবে তখন সবাই বুঝেছিলাম, তিনি কি বলতে চেয়েছেন।”
“চরম প্রতিহিংসাপরায়ণ ইউনুসও যে এতে খুশি হয়েছিল, তার প্রমাণ আনিস আহমেদকে দেওয়া উত্তরেই আমরা বুঝতে পেরেছিলাম,” লিখেছেন আরশাদ মাহমুদ।

২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিদেশ থেকে উড়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন ইউনূস। প্রায় দুই বছর পর গত ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তিনি বিদায় নেন।
বিএনপি ক্ষমতায় বসার এক বছর না গড়াতেই শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এরপর দেশে তার দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সক্রিয় হয়ে উঠেছে।
এর মধ্যেই বিভিন্ন স্থানে গাড়িতে পোড়ানো হচ্ছে, ফাটানো হচ্ছে হাতবোমা। নতুন করে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, বিপরীতে বিএনপি নেতাদের বাড়িও আক্রান্ত হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয় জ্বালিয়ে দেওয়া হচ্ছে।
গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয় আক্রান্ত
গত ১০ নভেম্বর থেকে আট দিনে দেশের ৪০টি জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে বলে প্রথম আলো প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। পেট্রলবোমা বা হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে ২৩টি।
সবচেয়ে বেশি আটটি হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শেখ হাসিনার জেলা গোপালগঞ্জে। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি ঘটনা ঘটেছে গাজীপুরে।
গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক নোট থেকে এই তথ্য পাওয়ার কথা জানিয়েছে প্রথম আলো। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু মাঠপর্যায়ের শাখা নয়, গ্রামীণ ব্যাংকের কয়েকটি আঞ্চলিক ও জোনাল কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গ্রামীণ ব্যাংক ১৮ নভেম্বর এক বিবৃতিতে প্রশ্ন রেখেছে, গ্রামীণ ব্যাংকে হামলা চালিয়ে কার লাভ?
বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয় । প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং ১০ শতাংশ সরকারের।
ক্ষুদ্র একটি উদ্যোগ দিয়ে ক্ষুদ্র ঋণদাতা গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হলেও এখন তা রয়েছে বাংলাদেশের ৯৪ শতাংশ গ্রামে। এর ঋণগ্রহীতা সদস্য এক কোটির বেশি।
গ্রামীণ ব্যাংকের মোট ৪০টি জোনাল অফিস, ৪০টি জোনাল অডিট অফিস, ২৪০টি এরিয়া অফিস ও আড়াই হাজারের বেশি শাখা অফিসে মোট কর্মী ২৩ হাজার ৩১৯ জন।
সরকারের ব্যাংকে সরকার যেভাবে কোণঠাসা
গ্রামীণ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা ইউনূসের হলেও ১৯৮৩ সালে সরকারের উদ্যোগেই তা প্রতিষ্ঠা পায়। ইউনূস নিয়েছিলেন এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব।
তবে সরকারের অংশীদারত্ব বরাব আড়ালেই ছিল। সাধারণ মানুষ গ্রামীণ ব্যাংককে ইউনূসের ব্যাংক হিসেবেই চেনে। ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার যৌথভাবে দেওয়া হয়েছিল গ্রামীণ ব্যাংক ও ইউনূসকে। কিন্তু গ্রামীণ ব্যাংকের নাম চাপাই পড়ে থাকে। গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটে প্রতিষ্ঠাতা হিসাবে ইউনূসের ছবিই ঝোলে সবার ওপরে।

১৯৮৩ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা ইউনূসকে বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে ২০১১ সালে অপসারণ করে শেখ হাসিনার সরকার। আইনি লড়াই চালিয়েও হেরে যান তিনি। তথন তিনি বলতেন, সরকার গ্রামীণ ব্যাংক দখল করতে চাইছে।
এক যুগ পর রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েই গ্রামীণ ব্যাংক আইন সংশোধন করে এতে সরকারের কর্ত্বত্ব ছেঁটে ফেলেন তিনি।
এইচ এম এরশাদ সরকার আমলে আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী থাকার সময় গ্রামীণ ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয়, তখন এতে সরকারি মালিকানা ৬০ ভাগ এবং গ্রামীণ ব্যাংকের সদস্যদের মালিকানা ৪০ ভাগ ছিল।
মালিকানা এই বণ্টনে ইউনূস নাখোশ ছিলেন। তার তৎপরতায় পরে আইন সংশোধন করে সরকারের মালিকানা কমে দাঁড়ায় ২৫ শতাংশ, গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা সদস্যদের মালিকানা হয় ৭৫ শতাংশ।
পরে সরকারের মালিকানা আরো কমে ৭ শতাংশ হয়। আওয়ামী লীগ সরকার ২০১৩ সালে আইন সংশোধন করে সরকারের মালিকানা আবার ২৫ শতাংশে ফিরিয়ে নেয়।
ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর সরকারের মালিকানা ৫ শতাংশে কমিয়ে আনতে চেয়েছিলেন। শেষ ১০ শতাংশ করে আইন সংশোধন হয়। শুধু তাই সংশোধিত আইনে সরকারের নানা ক্ষমতাও খর্ব করা হয়।
অন্তরালের ইউনূস
নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ব্যক্তি হিসেবে ইউনূসের বিশ্বজুড়ে পরিচিতি থাকলেও তাকে দুর্নীতিবাজ হিসেবেই দেখেন সাংবাদিক আরশাদ মাহমুদ।
তিনি লিখেছেন, ইউনূসের ‘দালাল’দের বক্তব্য হলো- তাকে বিদেশিরা অনেক সম্মান করে এবং বাংলাদেশিরা তার মূল্যায়ন করতে পারেনি। এই বিদেশিরা হলো মূলত পশ্চিমা বিশ্বের, বিশেষ করে আমেরিকান কয়েকজন ধান্দাবাজ রাজনীতিবিদ এবং ব্যবসায়ী।
“ইউনুস দালালদের কাছে আমার প্রশ্ন, বিদেশিরা কি জানে যে এই বাটপার লরিয়েট ট্যাক্স ফাঁকি দেয়, গ্রামীণ ব্যাংকের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য পাওনা দেয় না এবং ব্যাংকের গরিব ঋণগ্রহীতাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়।”
ইউনূস যে ক্ষমতায় বসে তার ভাইপো এবং গ্রামীণ ব্যাংকের কয়েকজনকে সরকারের বিভিন্ন উচ্চ পদে নিয়োগ দিয়েছিলেন, সেকথাও বলেন আরশাদ মাহমুদ।
তিনি বলেন, “তারা এটাও বলে, যে তার নিজস্ব সহায় সম্পদ, বাড়ি-গাড়ি কিছুই নেই। একইসঙ্গে গ্রামীণ ব্যাংকে তার কোনো মালিকানা নেই।
“তাদের কাছে আমার প্রশ্ন, গ্রামীণ ব্যাংকে যদি তার কোনো মালিকানা না থাকে, তবে সব মামলায় সে কেন আসামি হচ্ছে এবং সাজা হচ্ছে। গ্রামীণ ব্যাংকের সঙ্গে তার যদি কোনো সংশ্লিষ্টতা না থাকে, তবে ক্ষমতায় আসার পর ইউনুস কেন নির্বাহী আদেশে গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আদম বেপারীর লাইসেন্স, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, ডিজিটাল ওয়ালেট লাইসেন্স ইত্যাদি নিয়েছিলেন। অত্যন্ত নির্লজ্জভাবে ক্ষমতার অপব্যবহার করে তিনি নিজের আখের গুছানোর জন্য এইসব করেছিলেন।”
আরশাদ মাহমুদ আরো প্রশ্ন তুলেছেন, “তার যদি কোনো সহায়-সম্পদ, বাড়ি গাড়ি না থাকে, তবে তিনি কীভাবে বিজনেস ক্লাস ট্রাভেল, ফাইভ স্টার হোটেলে থাকা- খাওয়া, প্রাডো গাড়িতে চলাচল, গুলশানে বসবাস ইত্যাদি সম্ভব।
“এখন অনেকে বলেন যে এগুলো তার নিজস্ব কিছুই না, সবই গ্রামীণ ব্যাংক থেকে দেওয়া। তাহলে তো আগের প্রশ্নই করতে হয়- গ্রামীণ ব্যাংকে যার কোনো সংশ্লিষ্টতা নেই বা কোনো মালিকানা নেই, তাহলে ব্যাংক তাকে এই সুযোগ-সুবিধা কেন দেবে?”
এ সংক্রান্ত আরও খবর:
গ্রামীণ ব্যাংক নিয়ে ইউনূসের এ কোন স্বপ্নপূরণ! | TheSun24.com



