বাংলাদেশে আবারও টানা ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগামী ২৯ ও ৩০ নভেম্বর (রোববার ও সোমবার) এই কর্মসূচি পালনের কথা জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত দলের নতুন কর্মসূচির তালিকায় ৪৮ ঘণ্টার এই লকডাউনের ঘোষণা দেওয়া হয়।
এর আগে একই দিন দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। নতুন ঘোষণার মধ্য দিয়ে নভেম্বরের শেষ সপ্তাহেও রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার বার্তা দিয়েছে দলটি।
আওয়ামী লীগের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে রয়েছে ধর্মীয় প্রার্থনা, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল এবং সর্বশেষ ৪৮ ঘণ্টার লকডাউন।
কর্মসূচির তালিকায় বলা হয়েছে, ২০ নভেম্বর সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত দমন-পীড়নে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় মিলাদ, দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
২২ নভেম্বর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, শ্রমিক হত্যা, গোপালগঞ্জের ঘটনা এবং দেশব্যাপী সন্ত্রাস, মব ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে।
২৩ নভেম্বর শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা নিশ্চিতের দাবিতে এবং ২৪ নভেম্বর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ জ্বালানি ও সারের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করবে দলটি।
২৫ নভেম্বর শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে ঘোষিত রায় বাতিল, ট্রাইব্যুনাল বাতিল এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।
পরদিন ২৬ নভেম্বর দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কর্মসূচি পালনের কথা বলা হয়েছে।
এরপর ২৭ ও ২৮ নভেম্বর আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী মশাল মিছিল এবং ২৯ ও ৩০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক লকডাউন পালনের ঘোষণা রয়েছে।
আওয়ামী লীগ জানিয়েছে, তাদের ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন এবং শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে এই ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে।
দলটির ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় ও মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, রাজবন্দিদের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বন্ধ শিল্পকারখানা চালু এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবিও রয়েছে।
দলটির বিজ্ঞপ্তিতে বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
আট দফা দাবি আদায়ে আন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতিও আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
নতুন কর্মসূচিতে ২৯ ও ৩০ নভেম্বরকে লকডাউনের দিন হিসেবে নির্ধারণ করা হলেও এই ৪৮ ঘণ্টায় জরুরি সেবা, যানবাহন চলাচল এবং অন্যান্য প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে আলাদা কোনো বিস্তারিত নির্দেশনা পাওয়া যায়নি।




