বিজ্ঞাপন

যুবদলের নয়ন কি পুলিশের বিকল্প?

পরাগ ওয়াহিদের কার্টুন থেকে এআইয়ের সহায়তায় তৈরি ছবি
পরাগ ওয়াহিদের কার্টুন থেকে এআইয়ের সহায়তায় তৈরি ছবি

সালটা ২০১৯; দক্ষিণের জেলা বরগুনায় আলোচনায় উঠে এলেন এক নয়ন, নাম তার সাব্বির আহমেদ নয়ন। জেলা শহরটিতে কিশোর গ্যাং গড়ে তুলেছিলেন তিনি। নিজেকে ভাবতেন ‘জেমস বন্ড’, তাই নাম নিয়েছিলেন নয়ন বন্ড।

ওই বছরের জুন মাসে এক সময়ের বন্ধু রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর নয়নের নাম জেনে যায় গোটা দেশ। স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে খুন করা হয়েছিল রিফাতকে, যা তুলেছিল আলোড়ন। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে, মিন্নি-নয়ন যোগসাজশেই হত্যা করা হয়েছিল রিফাতকে।

হালে আরেক নয়ন এখন আলোচনায়। তিনি হলেন বিএনপির যুব সংগঠন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। একে ধরিয়ে দিয়ে, ওকে পিটিয়ে, আবার কাউকে হুমকি দিয়ে বারবার আলোচনায় আসছেন তিনি।

বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ ব্যবস্থা যখন ভেঙে পড়েছিল, তখন দেশে শুরু হয় মবের রাজত্ব। কিন্তু এখন যখন পুলিশ সক্রিয়, তখন নয়নের মব সন্ত্রাস নিয়ে চলছে সমালোচনা। প্রশ্ন উঠেছে, নয়নকে কি পুলিশের বিকল্প হিসেবে ব্যবহার করছে তারেক রহমানের সরকার?

সর্বশেষ নয়ন আলোচনায় এসেছেন আওয়ামী লীগ নেতা মির্জা আজমের ছোট ভাই সাংবাদিক মির্জা আনোয়ার হোসেনকে ধরিয়ে দিয়ে। গত ১৬ নভেম্বর ভোররাতে ঢাকার কলাবাগানের একটি বাসা থেকে আনোয়ারকে আটক করেন নয়ন। তার পুলিশে খবর দেন।

মির্জা আনোয়ারকে ধরার ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্টও করেন নয়ন। সেখানে নয়ন দাবি করেন, মির্জা আনোয়ার নাশকতার পরিকল্পনা করছিলেন। অথচ পরিচিত জনরা বলছেন, মির্জা আনোয়ার ছিলেন নির্বিরোধী ব্যক্তি। এমনকি আওয়ামী লীগ আমলেও ভাই মির্জা আজমের পরিচয় দিয়ে তাকে কোনো প্রভাব খাটাতে দেখা যায়নি।

তার আগে গত ১৩ নভেম্বর রাজধানীর শান্তিনগর থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ছাত্রলীগের সাবেক নেতা মহিউদ্দিন আহমেদ রুদ্রকে আটক করেন নয়ন ও তার সহযোগীরা। তাকে পরে পল্টন থানায় দিয়ে আসা হয়। রুদ্রকে থানায় নেওয়ার ভিডিওতে নয়নকে বলতে েশানা যায়, “ওসি স্যার, আপনাকে একজন অতিথি দিয়ে গেলাম।”

তার আগে ২৬ সেপ্টেম্বর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে পুলিশের অভিযানের সময় নয়ন ছিলেন উপস্থিত। ওই অভিযানে ২৮৯ জনকে আটক করা হয়। জাসদ নেতাদের মারধর করতেও দেখা গিয়েছিল নয়ন ও তার সহযোগীদের।

তার পরদিন আজিমপুর সরকারি কলোনি থেকে চার আওয়ামী লীগ কর্মীকে আটক করে মারধর করছেন নয়ন, এমন ভিডিও আছে সোশাল মিডিয়ায়।

যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

নয়নের কবল থেকে এখন রক্ষা পাচ্ছেন না বিএনপির এক সময়ের মিত্র দল জামায়াতের সমর্থকরাও। নয়নের নাম এখন আলোচনায় সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায়। এর প্রতিবাদ হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, বিষয়টি সংসদ পর্যন্তও উঠেছে।

জামায়াত সমর্থক আইনজীবীরা গত ১৬ নভেম্বর সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল করে বলেছেন, কোনো নাগরিককে রাস্তা থেকে তুলে নিয়ে পৈশাচিক নির্যাতন চালিয়ে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া কোনো সভ্য সমাজে গ্রহণ যোগ্য নয়।
গতকাল ১৭ নভেম্বর সংসদে বিষয়টি তোলেন জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি নয়নের গ্রেপ্তার দাবি করেন। এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিষয়টি খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ কিছুই বলেননি।

সালাহ উদ্দিনের নীরবতার সঙ্গে নয়নকে প্রশ্রয় দেওয়ার বিষয়টি রয়েছে বলে ধারণা করেন অনেকে। কারণ জুলাই অভ্যুত্থানের পর জামায়াত ইসলামী ব্যাংকের দখল নিতে গেলে এস আলম গ্রুপের হয়ে তা ঠেকাতে গিয়েছিলেন নয়ন। আর এস আলম গ্রুপের সঙ্গে সালাহ উদ্দিনের সখ্যের খবরও গোপন থাকেনি।

নয়নের বিরুদ্ধে ইসলামী ব্যাংকে গিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। তাতে কয়েকজন আহত হয়। কিন্তু নয়নের কিছু হয়নি। বলা হয়, মোটা টাকার বিনিময়ে এস আলম গ্রুপের হয়ে ব্যাংক দখলে ভাড়াটে হিসেবে কাজ করেন নয়ন। এর আগে নয়নের বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন স্টেশন দখলের চেষ্টার অভিযোগও উঠেছিল।

বিজ্ঞাপন

মূলত জুলাই অভ্যুত্থানের পরপরই নয়নের অভ্যুদয়। মাগুরার প্রত্যন্ত অঞ্চলের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা নয়ন কিছু দিনের মধ্যে দখল আর চাঁদাবাজি করে কয়েক কোটি টাকা কামিয়েছেন বলে যুবদলের মধ্যেই কথা রয়েছে।
চাঁদাবাজি, দখলবাজির পর নয়ন এখন পুলিশের মতো কাজ করছেন। যাকে তাকে ধরছেন, মারছেন, ধরিয়ে দিচ্ছেন।
তার এসব কাজ মোটেই আইনসিদ্ধ নয় বলে আইনজ্ঞদের অভিমত। কারণ আইন কাউকে মারধর, নির্যাতন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে আটক কিংবা নিজের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো অভিযান পরিচালনার অনুমতি নাগরিকদের দেয়নি। সংবিধানেও নাগরিকদের বিনা কারণে আটক ও শারীরিক নির্যাতন থেকে সুরক্ষা দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক সাংবাদিকদের বলেছেন, কাউকে মারধর করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা বেআইনি।

অভিযোগের মুখে নয়ন দাবি করছেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন। তবে আইনজ্ঞরা বলছেন, রাজনৈতিক কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিজেদের হাতে তুলে নিতে পারেন না।

তাহলে এত কিছুর পরও নয়ন পার পেয়ে যাচ্ছেন কী করে, তা বুঝতে হলে নয়নের তৎপরতার দিকে তাকাতে হবে।

গত ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তার গাড়িবহরের আশপাশের নিত্যদিনের মুখ হয়ে উঠেছেন নয়ন। কখনো গাড়ির পেছনে ছুটছেন তিনি, কখনো গাড়ি চলার পথ করে দিচ্ছেন, কখনো গাড়ির অপেক্ষায় সড়কে বসে আছেন, এমন দৃশ্যও দেখা যাচ্ছে।

কয়েক মাস আগে অসুস্থ হয়েছিলেন নয়ন। তখন তারেক রহমান ফোন করে তার খোঁজ নিয়েছিলেন বলেও জানান নয়ন। তিনি তখন ফেসবুকে লিখেছিলেন, “আমি আপ্লুত, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর অসুস্থতার খোঁজ-খবর তিনি নিলেন।

এছাড়া সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দিলেন। আমাদের সৌভাগ্য আমরা তার মতো মহান নেতা পেয়েছি।”
এর মধ্য দিয়ে নয়নের প্রভাবশালী হয়ে ওঠার একটি কারণ খুঁজে পাওয়া যায়।

ফিরি শুরুর নয়ন বন্ডের কথায়। রিফাত হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মধ্যে ওই বছরের ২ জুলাই পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে প্রাণ হারান নয়ন বন্ড।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন