বিজ্ঞাপন

বাংলাদেশে শিক্ষাঙ্গনে শিক্ষক-কর্মচারীদের ওপর হামলায় উদ্বেগ জানাল সিএইচডিজে

অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন সিএইচডিজে’র লোগো।
অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন সিএইচডিজে’র লোগো।

বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর শারীরিক হামলা, নির্যাতন এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস, ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস (সিএইচডিজে)।

সংগঠনটি বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার এমন পরিবেশ শুধু ব্যক্তির অধিকার লঙ্ঘন নয়, বরং দেশের শিক্ষাব্যবস্থা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্যও মারাত্মক হুমকি।

১৭ নভেম্বর এক বিবৃতিতে সংগঠনটি সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানায়। বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত সহিংসতার অভিযোগগুলো অত্যন্ত উদ্বেগজনক।

বিজ্ঞাপন

সংগঠনটির উল্লেখ করা ঘটনাগুলোর মধ্যে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের মারধর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে মারধরের অভিযোগ এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে শারীরিকভাবে নাজেহালের ঘটনা।

এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর সহিংস আচরণের অভিযোগও তুলে ধরা হয়েছে।

গত ১৬ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে পাঁচ কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছিল। একই অভিযোগে একজন শিক্ষককেও হেনস্তা করা হয়।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মারধরের পর পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের সাময়িক বরখাস্ত করে এবং ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করে।

অন্যদিকে, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।

সিএইচডিজে তাদের বিবৃতিতে শিক্ষাপ্রতিষ্ঠানকে জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চর্চার নিরাপদ স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনটির ভাষ্য, কোনো শিক্ষক, কর্মকর্তা কিংবা কর্মচারী রাজনৈতিক পরিচয়, মতাদর্শ অথবা অন্য কোনো কারণে শারীরিক আক্রমণ ও হয়রানির শিকার হলে তা শুধু ব্যক্তির অধিকার লঙ্ঘন নয়; বরং দেশের শিক্ষা-পরিবেশ, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্যও মারাত্মক হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল, সংগঠন কিংবা গোষ্ঠী পরিচয়ের ভিত্তিতে সহিংসতা ও আইন নিজের হাতে তুলে নেওয়ার বৈধতা পেতে পারে না। অপরাধের বিচার রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের মাধ্যমে হতে হবে।

বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব, দলীয় আধিপত্য, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি এবং সহিংসতার অভিযোগ নতুন নয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে।

সিএইচডিজে মনে করে, শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

সংগঠনটি বলেছে, কোনো রাজনৈতিক দল, সংগঠন বা গোষ্ঠী পরিচয়ের ভিত্তিতে সহিংসতা ও আইন নিজের হাতে তুলে নেওয়ার বৈধতা দিতে পারে না। অপরাধের বিচার রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের মাধ্যমে হতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন