“গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে, বুঝছেন; গোপালগঞ্জ আর থাকবে না”- খালেদা জিয়া কথাটি যখন বলেছিলেন ২০১৩ সালের ২৯ ডিসেম্বর, তখন আওয়ামী লীগ দোর্দণ্ড প্রতাপ নিয়ে ক্ষমতায়। বিএনপি চেয়ারপারসন সেদিন গুলশানের বাসায় ছিলেন অবরুদ্ধ। কর্মসূচি পালনে বের হতে না পেরে পুলিশের প্রতি এভাবে ক্ষোভ ঝেড়েছিলেন তিনি।
বিএনপি নির্বাচন বর্জন করলে তাদের ছাড়াই সেবার সংসদ নির্বাচন করেছিল আওয়ামী লীগ। পাঁচ বছর পর ২০১৮ সালে বিএনপিকে নির্বাচনে এনে বলা যায় নাকানি-চুবানি খাওয়ানো হয়েছিল। এরপর ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো বর্জনের পথে হাঁটে বিএনপি। ফলে জানুয়ারিতে আবার বিএনপিকে বাদ দিয়ে ক্ষমতায় আওয়ামী লীগ, টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী গোপালগঞ্জের সন্তান শেখ হাসিনা।
আওয়ামী লীগের রূপকল্প থেকে ধারণা হচ্ছিল, ২০৪১ সাল পর্যন্ত তারাই ক্ষমতায় থাকছে। কিন্তু তার সাত মাসের মধ্যে জুলাই আন্দোলনে উল্টে যায় পাশার দান। ক্ষমতা তো হারাতেই হয়, নির্বাসনে যেতে হয় দলীয় প্রধান শেখ হাসিনাকে। পাশাপাশি পাকিস্তানের ইয়াহিয়া খানের পর ইউনূসের সরকারের আমলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।
আর এই পালাবদলে বারবার আলোচনায় উঠে আসছে গোপালগঞ্জের নাম। সেটা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেমন, এখন বিএনপি সরকারের সময়েও তেমনই। রসিকতা করে, স্বাধীন গোপালগঞ্জও বলছেন কেউ কেউ।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সারাদেশে যখন নির্বিচারে আওয়ামী লীগ কার্যালয়, নেতা-কর্মীদের বাড়ি ভাংচুর হচ্ছিল, পোড়ানো হচ্ছিল, তখন গোপালগঞ্জ ছিল তার ব্যতিক্রম।
আশপাশের বিভিন্ন জেলায় আক্রান্ত আওয়ামী লীগ নেতা-কর্মীদের অনেকে আশ্রয় নিয়েছিলেন গোপালগঞ্জে। জেলাটিতে বিক্ষোভ হচ্ছিল শেখ হাসিনার পক্ষে। ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত টানা অবরোধ চলে গোপালগঞ্জে।
অভ্যুত্থানের পর ভেঙে পড়া পুলিশ গোপালগঞ্জে হয়ে পড়ে পুরোপুরি অসহায়। সেনাবাহিনী ছিল তখন মাঠে, কিন্তু গোপালগঞ্জে তারাও ঠিক কাজ করতে পারছিল না। ১০ আগস্ট সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। সেদিন সেনাবাহিনীর দুটি সাঁজোয়া যান পুড়িয়ে দেওয়া হয়, আহত হন কয়েকজন সেনাসদস্য।
কয়েকদিন কারফিউ চলার পর আস্তে আস্তে গোপালগঞ্জের জনজীবনে স্বাভাবিকতা ফেরে। তবে ক্ষোভ যে কমেনি, তা বোঝা গেল পরের বছরের ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জে যাওয়ার পর।
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দলটির নেতারা আগে থেকে গোপালগঞ্জ নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়ে আসছিলেন, যা উসকানি হিসেবে কাজ করে জেলাটিতে। সেদিন এনসিপি নেতারা গোপালগঞ্জে গিয়ে দাঁড়াতে পারেননি, ব্যাপক প্রতিরোধের মুখে তাদের পালিয়ে আসতে হয় সেনাবাহিনীর সাঁজোয়া যানে।
পরিস্থিতি সামাল দিতে সেদিন সেনাবাহিনী ব্যাপক গুলি ছুড়েছিল, তাতে আওয়ামী লীগের কয়েকজন নিহতও হন। সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছিল, তাতে আত্মরক্ষার্থে গুলি চালানো ছাড়া উপায় ছিল না।

আগের দুটি ঘটনার সময় অন্তর্বর্তীকালীন সরকার ছিল ক্ষমতায়। তবে এখন বিএনপি ক্ষমতায় গেলেও গোপালগঞ্জ বদলায়নি।
শেখ হাসিনা যখন আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেন, তখন নিষেধাজ্ঞা উপেক্ষা করে সারাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সক্রিয় হয়ে উঠেছে, একের পর এক ঝটিকা মিছিলে জানান দিচ্ছে অস্তিত্বের, সামর্থ্য প্রমাণে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়াচ্ছে। তারমধ্যে গোপালগঞ্জ হয়ে উঠেছে প্রতিরোধের কেন্দ্র।
ইউনূস সরকার ও তারেক রহমানের সরকার স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল যে নামগুলো মুছে দিয়েছিল, গত কয়েকদিনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তা ফিরিয়ে এনেছে গোপালগঞ্জবাসী। তাতে বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছে টুঙ্গীপাড়া থানা, গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে আজ এই থানায় আগুন দেওয়া হয়। ক্ষোভের আগুনে পুড়েছে গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িও।
লাঠিসোঁটা হাতে গোপালগঞ্জের পথে পথে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সমর্থকদের মিছিল। তার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
গোপালগঞ্জ শুধু যে শেখ হাসিনার জন্মস্থান, তা নয়; এই জেলার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাস। স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এই জেলার টুঙ্গীপাড়া। এখানেই রয়েছে তার সমাধি। আড়াই বছরের অচলায়তন ভেঙে সেই সমাধি সৌধ খুলেছে ছাত্রলীগ, যদিও এই সংগঠনটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করে রেখেছে সরকার।
অন্য জেলাগুলোতে যখন আওয়ামী লীগের নেতা-কর্মীরা দাঁড়াতে পারছে না, সেখানে গোপালগঞ্জে দলটির কার্যালয় খুলেছে পুলিশের নাকের ডগায়। বঙ্গবন্ধুর নাম বিভিন্ন স্থাপনায় পুনস্থাপন করেছে তারা।
এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে উঠেছে জুলাই অভ্যুত্থানের সুফলভোগী রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগবিহীন সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আইনসভায় দাঁড়িয়ে বলেছেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে বলেছেন, “আজ হোক বা কাল হোক, প্রতিটি ভিডিও ফুটেজ ও ছবি দেখে দুষ্কৃতকারীদের আইনের হেফাজতে আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।”
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ যে অতটা সহজ হবে না, তা আগের ঘটনাগুলোই বলে দিচ্ছে। কেননা, গোপালগঞ্জের এই সক্রিয়তা শুধু যে আওয়ামী লীগের সমর্থকদের, তা নয়, তাতে জেলার আপামর জনগণ সম্পৃক্ত হয়ে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর সেই কারণে গত কয়েকদিন ধরে প্লাটুনে প্লাটুনে বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের মোতায়েন করেও সহিংসতা বন্ধ করা যাচ্ছে না।
গোপালগঞ্জে আওয়ামী লীগের এই সক্রিয়তার পেছনে জনসমর্থনের কারণ খুঁজতে গেলে কয়েকটি বিষয় পাওয়া যায়। তার মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর মর্যাদাহানির ক্ষোভ, আঞ্চলিকতার জন্য বঞ্চনা এবং জেলাটিতে আওয়ামী লীগের শক্ত ভিত্তি।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দেড় দশকের শাসনে সরকারি সংস্থাগুলোতে গোপালগঞ্জের মানুষ বেশ প্রভাব নিয়েই ছিল। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর গোপালগঞ্জের মানুষ হয়ে গেছে দুই সরকারের চক্ষুশূল।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুলিশে নিয়োগে গোপালগঞ্জ দেখে বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল। বিএনপি ক্ষমতায় যাওয়ার পরও তার ধারাবাহিকতা চলছে। বিসিএসে নিয়োগে গোপালগঞ্জে বাড়ি হওয়ার কারণে নিয়োগ পাননি অনেকে, এমন অভিযোগ উঠেছে।
ফলে গোপালগঞ্জবাসী নিজেদের বৈষম্যের শিকার বলে মনে করছেন। ফলে তাদের মনে দানা বেঁধেছে ক্ষোভ। তার প্রকাশই বিভিন্নভাবে ঘটছে বলে বিশ্লেষকরা মনে করেন।
ইউনূস সরকার ও তারেক রহমানের সরকার বঙ্গবন্ধুর নামটি নির্বাসনে পাঠানোর সব ধরনের আয়োজনই করেছে। কিন্তু গোপালগঞ্জবাসীর মনিকোঠায় খচিত আছে এই নাম। গত বছর এনসিপিকে প্রতিরোধের ক্ষেত্রে এটাই হয়ে ওঠে মূল কারণ।
এনসিপি নেতারা গোপালগঞ্জ যাওয়ার আগে ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান তুলেছিলেন, বঙ্গবন্ধুর সমাধি উপড়ে পড়ার হুমকি দিয়েছিলেন। আর তা গোপালগঞ্জের কেউই ভালোভাবে নেয়নি। জেলাটির একজন বাসিন্দা বলেছিলেন, “বঙ্গবন্ধুর অবমাননা গোপালগঞ্জের কেউ সহ্য করে না, সেটা আওয়ামী লীগ করুক বা না করুক। সেদিন (১৬ জুলাই, ২০২৫) সেনাবাহিনী রক্ষা না করলে এনসিপির নেতারা কেউ প্রাণ নিয়ে ফিরতে পারত না।”
সেই সংঘাত তদন্তে সরকার গঠিত কমিশনও এনসিপির উসকানিকে দায়ী করে প্রতিবেদন দিয়েছিল। তদন্ত কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক সাজ্জাদ সিদ্দিকী বিবিসি বাংলাকে বলেছিলেন, এনসিপির সমাবেশের শেষ পর্যায়ে ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান এলাকাবাসীকে বিক্ষুব্ধ করে তুলেছিল।
“এই মুজিববাদ মুর্দাবাদ একাডেমিকেলি আমরা যেভাবে রিড করি, গ্রাম ও মফস্বলের সাধারণ মানুষ কিন্তু সেভাবের রিড করে নাই। তাদের কাছে এটার ব্যাখ্যাটা ছিল এরকম– হয়তো তারা শেখ মুজিবের মাজারে এখন আক্রমণ করবে, এরকম মিসকন্সিভড একটা বিষয় আমাদের অ্যানালাইসিসে এসেছে।”
আর বঙ্গবন্ধুর জেলা গোপালগঞ্জ বরাবরই আওয়ামী লীগের দুর্গ। আওয়ামী লীগ নির্বাচন করলে গোপালগঞ্জে হারার রেকর্ড নেই। শেখ হাসিনা বরাবরই গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়ে আসছেন। এবার বিএনপি প্রার্থীরাও ভোট পেতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দ্বারস্থ হয়েছিলেন বলেও খবর পাওয়া যায়।
এই সব মিলিয়ে গোপালগঞ্জের প্রতিরোধ আশাবাদী করে তুলেছে আওয়ামী লীগের নেতাদেরও।
শেখ হাসিনার ছেলে যুক্তরাষ্ট্রে থাকা সজীব ওয়াজেদ জয় ফেসবুকে ‘গোপালগঞ্জ জেগেছে, জাগবে বাংলাদেশ’ শিরোনামে একটি পোস্ট দিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, “নিষেধাজ্ঞার শিকল পরিয়ে যারা ভেবেছিল জয় বাংলাকে স্তব্ধ করে দেবে, আজ গোপালগঞ্জ তাদের সমুচিত জবাব দিয়েছে। লাল-সবুজ পতাকা হাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে নেমেছেন।
“তাদের পাশে শহরে ঢল নেমেছিল সাধারণ মানুষেরও। ঝাড়ু হাতে মিছিলে শামিল হয়েছেন মায়েরা-বোনেরাও। জনতার স্রোতে কার্যত অচল হয়ে পড়েছে জেলা শহর। দলীয় কার্যালয়ের তালা খুলেছে, নিস্তব্ধ ঘরে আবার প্রাণ ফিরেছে। জাতির পিতার প্রতিকৃতি স্থাপন হয়েছে বিভিন্ন স্থানে, শিক্ষার্থীরা হাদি চত্বরের নাম বদলে রেখেছে মুক্তিযুদ্ধ চত্বর। প্রমাণ হয়েছে, ইতিহাস মুছে ফেলা যায় না।”
“আজ গোপালগঞ্জের মাটি থেকে যে গর্জন উঠেছে, কাল তা ছড়িয়ে পড়বে সারা বাংলায়,” আশা প্রকাশ করেছেন জয়।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন মনে করছেন, গোপালগঞ্জের চিত্র সারাদেশে দেখা যাবে না। বরং আওয়ামী লীগকে গোপালগঞ্জেই সীমাবদ্ধ করে রাখতে পারবেন তারা।
তিনি সংসদে বলেন, “এই দেশে হুমকি দিয়ে, আগুন লাগিয়ে, একটা টুঙ্গীপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব—বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।”
ভারতে থাকা শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়ে রেখেছেন। যদিও তিনি ফিরতে পারবেন কি না, বা সরকার ফিরতে দেবে কি না, তা অনিশ্চিত। তার মধ্যে দেশের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির নানা হিসাব-নিকাশ রয়েছে। এই অবস্থায় ‘জেগে ওঠা’ গোপালগঞ্জ আওয়ামী লীগকে এগিয়ে দেবে কি না, তার জন্য অপেক্ষাই করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



