যুক্তরাজ্যের লন্ডনে এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের একদল নেতাকর্মীদের বিক্ষোভ ও ধাওয়ার মুখে অনুষ্ঠানস্থলের মূল প্রবেশপথ এড়িয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে বাধ্য হন নাহিদ ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের একদল নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা লাঠিচার্জ করেছে লন্ডন পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে লন্ডনের মে ফেয়ার হলে নাহিদ ইসলামের সংবর্ধনা ও মতবিনিময় সভা শেষে এ ঘটনা ঘটে। ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদের এক সপ্তাহের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
দ্য সান টোয়েন্টিফোর ডটকমের লন্ডন সংবাদদাতা জানিয়েছেন, নাহিদের অনুষ্ঠানের সময় হলের বাইরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী অবস্থান নেন। এ সময় অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল ছুড়তে থাকেন তারা। এক পর্যায়ে কয়েকজন অতিথির সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ছয়টায় ওই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বিক্ষোভ এড়াতে নির্ধারিত সময়ের তিন ঘণ্টারও বেশি আগে, বিকেল ৩টার দিকে মে ফেয়ার হলে ঢুকে পড়েন নাহিদসহ অন্যরা।
তবে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় বাধার মুখে পড়েন নাহিদসহ এনসিপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় মে ফেয়ার হলের পেছনের সড়কে আওয়ামী লীগ ও এনসিপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারি ছড়িয়ে পড়ে। প্রায় ২০ মিনিট ধরে চলে ওই উত্তেজনা।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত লেগেছে এবং স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঠিক কয়জন আহত হয়েছেন তা নিশ্চিত করা যায়নি। তবে অন্তত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্য মিলেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে লন্ডন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক দফা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানে পুলিশের একাধিক গাড়ি ও অ্যাম্বুলেন্সও দেখা গেছে।
উদ্ভূত পরিস্থিতিতে মূল ফটক ব্যবহার না করেই পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান নাহিদ ইসলামসহ এনসিপি-জামায়াতের নেতাকর্মীরা।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
নাহিদ আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক।
এনসিপির পক্ষ থেকে দেওয়া বক্তব্যে হামলায় তাদের ১০ জন নেতাকর্মী আহত হওয়ার দাবি করা হয়েছে।
দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ জানিয়েছেন, তাঁদের মধ্যে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
লন্ডনের এ ঘটনার আগে গত শনিবার (১৪ নভেম্বর) কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামের একটি কর্মসূচি ঘিরেও উত্তেজনা তৈরি হয়েছিল। সেখানে আওয়ামী লীগের একদল নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ দেখায়।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে লন্ডনে অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা মাহফুজ আলম এবং এ বছরের জুনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও ডিম নিক্ষেপ, বাধা দেওয়ার চেষ্টা ও উত্তেজনার ঘটনা ঘটেছে।
এছাড়া মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরেও বিক্ষোভ দেখায় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একদল অনুসারী।
এ সংক্রান্ত পুরনো খবর:



