শেখ হাসিনার রাজনৈতিক জীবনের উত্থান-পতন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাঁর পরিবারের বিপর্যয়, ভারতে আশ্রয় নেওয়া, দিল্লিতে ছয় বছরের নির্বাসিত জীবন এবং বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার ইতিহাস উঠে এসেছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনীতে।
শুধু রাজনৈতিক ইতিহাস নয়, শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের ব্যক্তিগত সম্পর্ক, তাঁর বক্তৃতার আবেগ এবং বাংলাদেশের উন্নয়ন নিয়েও নিজের স্মৃতিচারণ করেছেন সোনিয়া।
বিশেষ করে শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোনিয়া গান্ধীর একটি মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানো শেখ হাসিনাকে নিয়ে তিনি লিখেছেন, রাজনীতিতে কখন, কীভাবে পরিস্থিতির পরিবর্তন ঘটবে, তা আগাম বলা যায় না।
একসময় নির্বাসন থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়া বঙ্গবন্ধুকন্যার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও সেই সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধী।
সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী বিলংগিং: অ্য জার্নি অব লাভ বইয়ে বাংলাদেশ সম্পর্কিত স্মৃতিচারণে ঘুরে ফিরে এসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মেয়ে শেখ হাসিনার কথা।
ইংরেজি ভাষায় লেখা ৫৪৪ পৃষ্ঠার এই স্মৃতিকথা ২০২৬ সালের ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। বইটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। ভারতের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বাংলাদেশেও বইটি নিয়ে চলছে জোড় আলোচনা।
সোনিয়া গান্ধী বইটি লেখার পরিকল্পনা করেছিলেন কয়েক বছর আগে আগে। তার প্রকাশিত সাক্ষাৎকার অনুযায়ী, এক দশকেরও বেশি সময় আগে তিনি লেখালেখি শুরু করলেও প্রায় পাঁচ বছর আগে নিয়মিতভাবে আত্মজীবনী লেখায় মনোযোগ দেন।
এজন্য নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা, পারিবারিক স্মৃতি এবং রাজনৈতিক জীবনের নানা অধ্যায় নতুন করে পর্যালোচনা করতে হয়েছে তাঁকে।
বইটি প্রকাশের আগে সোনিয়া গান্ধী উল্লেখ করেছিলেন, এটি মূলত রাজনৈতিক বই নয়, বরং ব্যক্তিগত স্মৃতিকথা।
তাঁর ভাষায়, পরিবারের সদস্যদের শুধু রাজনৈতিক পরিচয়ে নয়, তাঁদের মানবিক দিক, ব্যক্তিগত সংগ্রাম, প্রেরণা ও সীমাবদ্ধতাসহ তুলে ধরাই ছিল তাঁর উদ্দেশ্য।
যে ঘটনা বদলে দিয়েছিল হাসিনার জীবন
সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি—১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার ঘটনা বিশেষভাবে উঠে এসেছে।
বইয়ের এই অংশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে শুধু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি ঘটনা হিসেবে দেখা হয়নি; বরং এর প্রভাব কীভাবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাঁর পরিবারের ব্যক্তিগত নিরাপত্তাবোধকেও নাড়িয়ে দিয়েছিল, সেটিও তুলে ধরেছেন সোনিয়া।

সোনিয়া লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের নিজেদের বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে ছিল পরিবারের নয় বছর বয়সী একটি শিশুও। হত্যাকাণ্ডের তারিখ নিয়েও তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন—১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস।
সোনিয়ার স্মৃতিচারণ অনুযায়ী, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড ইন্দিরা গান্ধীকে গভীরভাবে নাড়া দিয়েছিল। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর মতো তাঁর নিজের পরিবারও একই ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে পারে—এমন আশঙ্কা ইন্দিরার মনে তৈরি হয়েছিল। বিশেষ করে ছোট ছেলে সঞ্জয় গান্ধীর নিরাপত্তা নিয়ে তিনি বিশেষ উদ্বিগ্ন ছিলেন।
তিনি লিখেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক কাঠামোতেই গভীর প্রভাব ফেলেনি; দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম প্রভাবশালী পরিবার নেহরু-গান্ধী পরিবারকেও নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছিল।
দুই সন্তানকে নিয়ে হাসিনার নির্বাসন
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।
সোনিয়া গান্ধী তাঁর বইয়ে লিখেছেন, শেখ হাসিনার সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়েছিল ভারতে। বঙ্গবন্ধু ও পরিবারের অধিকাংশ সদস্য নিহত হওয়ার পর শেখ হাসিনা দুই শিশুসন্তানকে নিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনিই শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন।
সোনিয়ার বর্ণনায়, দিল্লিতে প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটাতে হয়েছিল শেখ হাসিনাকে। নিজের দেশ, পরিবারের স্বজন এবং রাজনৈতিক পরিচিত পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশের মাটিতে সন্তানদের নিয়ে জীবনযাপন করতে হয়েছিল তাঁকে।
তবে নির্বাসিত জীবনেও বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি শেখ হাসিনা। সোনিয়ার স্মৃতিচারণ অনুযায়ী, সেই সময় থেকেই বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার স্বপ্ন দেখতেন তিনি।
ভারতে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের ঘনিষ্ঠতা আরও সুদৃঢ় হয়েছিল বলে লিখেছেন কংগ্রেস সভানেত্রী।
সোনিয়া লিখেছেন, তাঁদের পরিবারের সঙ্গে হাসিনার সম্পর্ক বরাবরই আন্তরিক ছিল। ভারত সফরে এলে শেখ হাসিনা তাঁদের সঙ্গে দেখা করতে যেতেন।
হাসিনার বক্তৃতা শুনলে গায়ে কাঁটা দিত
শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও জনসভায় তাঁর আবেগপূর্ণ উপস্থাপনা যে বিশেষভাবে প্রভাবিত করেছিল তা উল্লেখ করতে দ্বিধা করেননি সোনিয়া।
তিনি লিখেছেন, বাংলায় শেখ হাসিনার বক্তৃতা শুনলে তাঁর গায়ে কাঁটা দিত।
সোনিয়া লিখেছেন, তিনি বাংলায় বলা অধিকাংশ কথার অর্থ বুঝতে পারতেন না। কিন্তু ভাষা না বুঝলেও শেখ হাসিনার বক্তব্যের আবেগ, কণ্ঠস্বর এবং উপস্থাপনার মধ্যে এমন একটি শক্তি ছিল, যা তাঁকে গভীরভাবে নাড়া দিত।
১৯৮১ সালের ১৭ মে ছয় বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে ফেরেন শেখ হাসিনা। এর আগে ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কাউন্সিলে তাঁর অনুপস্থিতিতেই তাঁকে দলের সভাপতি নির্বাচিত করা হয়েছিল।
সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিকথায় শেখ হাসিনার এই রাজনৈতিক প্রত্যাবর্তন এবং পরবর্তী উত্থানের প্রসঙ্গ তুলে ধরেছে লিখেছেন, যিনি একসময় দুই সন্তানকে নিয়ে বিদেশে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হয়েছিলেন, তিনিই পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত হন।
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে যেমন উল্লেখযোগ্য সাফল্য এসেছে, তেমনি রাজনৈতিক বিরোধ, বিতর্ক ও সংঘাতও রয়েছে।
বাংলাদেশের উন্নয়নের প্রসঙ্গ বলতে গিয়ে সোনিয়া গান্ধী শেখ হাসিনার অবদানের অবতারণা করেছেন। তাঁর মতে, একসময় বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকে ভালো অবস্থান তৈরি করেছিল।
২০২৪ সালের আগস্টে শেষ সাক্ষাৎ
সোনিয়া জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে শেখ হাসিনার সঙ্গে তাঁর শেষবারের মতো দেখা হয়েছিল।
শেখ হাসিনার সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। ভারতে গেলেই শেখ হাসিনা তাঁদের সঙ্গে দেখা করতেন। ফলে এই সম্পর্ক কেবল দুই দেশের রাজনৈতিক নেতাদের আনুষ্ঠানিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ ছিল না; এর মধ্যে পারিবারিক ঘনিষ্ঠতাও তৈরি হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।
সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিকথায় শেখ হাসিনার বর্তমান অবস্থাকে আবারও নির্বাসিত জীবনের সঙ্গে তুলনা করেছেন। বাংলাদেশে ফিরে গেলে তাঁর কারাবাসের আশঙ্কার বিষয়টিও উল্লেখ করেছেন বইয়ে।
‘সময়ের চাকা কার পক্ষে ঘুরবে, বলা যায় না’
শেখ হাসিনার জীবনে ঘটে যাওয়া নানা চড়াই-উতরাইয়ের প্রসঙ্গ টেনে সোনিয়া গান্ধী তার স্মৃতিকথায় লিখেছেন, সময়ের চাকা কখন, কার পক্ষে ঘুরবে, তা আগে থেকে বলা যায় না।
ভারতের রাজনীতিতে প্রভাবশালী কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর করা মন্তব্য এমন এক সময়ে প্রকাশিত হলো যখন নির্বাসনে থাকা শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় তার দলের কোটি কোটি নেতাকর্মী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিজেও মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পাশাপাশি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গও উঠে এসছে নিয়ে সোনিয়া গান্ধীর স্মৃতিচারণে আলাদাভাবে।
সোনিয়া গান্ধী একাধিক সাক্ষাৎকারেও এ বিষয়ে কথা বলেছেন ইতোপূর্বে।
একটি সাক্ষাৎকারে তিনি স্মরণ করেছিলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডন থেকে দিল্লি হয়ে দেশে ফেরার পথে দিল্লিতে পৌঁছালে তাঁকে স্বাগত জানানোর অনুষ্ঠানে উপস্থিত থাকতে তিনি আগ্রহী ছিলেন। সেদিন তাঁর সন্তান জন্মের সম্ভাব্য সময়ও ছিল পরদিন। তারপরও তিনি ওই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে চেয়েছিলেন।
সোনিয়ার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাঁদের পরিবার প্রতিটি মুহূর্তের ঘটনাপ্রবাহ অনুসরণ করেছিল। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বাংলাদেশের মানুষের ওপর সংঘটিত নৃশংসতার খবর তাঁদের পরিবারকে গভীরভাবে প্রভাবিত করেছিল।


