বিজ্ঞাপন

ভারত থেকে বিদ্যুৎ আমদানি বেড়েছে ৩৭ শতাংশ

আদানির বিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি
আদানির বিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি

শীতের শুরুতে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন দুটোই কমেছে। তবে এই সময়ে প্রতিবেশী ভারত থেকে বিদ্যুৎ আমদানি বেড়েছে ৩৭ শতাংশ।

পিডিবির কর্মকর্তাদের ভাষ্য, ভারত থেকে আমদানি করা বিদ্যুতের তুলনায় দেশের তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন খরচ বেশি। বিশেষ করে ফার্নেস অয়েল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় বেশি হওয়ায় চাহিদা কমার সময় এসব কেন্দ্রের উৎপাদন কমিয়ে আমদানি বাড়ানো হচ্ছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টার (এনএলডিসি) এবং পিডিবির ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৪৬ দিনের তথ্য বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে।

বিজ্ঞাপন

এনএলডিসির হিসাব অনুযায়ী, অক্টোবরের প্রথম ১৫ দিনে বাংলাদেশে ভারত থেকে দৈনিক গড়ে ৩ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ আমদানি করা হয়েছিল। নভেম্বরের প্রথম ১৫ দিনে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৬০ লাখ ইউনিটে। অর্থাৎ এক মাসের ব্যবধানে দৈনিক গড় আমদানি বেড়েছে প্রায় ৩৭ শতাংশ।

অন্যদিকে একই সময়ে দেশের বিদ্যুৎ সরবরাহ কমেছে। অক্টোবরের প্রথম ১৫ দিনে উৎপাদন ও আমদানি মিলিয়ে দৈনিক গড়ে ৩৪ কোটি ৫৮ লাখ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। নভেম্বরের প্রথম ১৫ দিনে তা কমে দাঁড়িয়েছে ৩০ কোটি ৩১ লাখ ইউনিটে। অর্থাৎ দৈনিক গড় সরবরাহ কমেছে ১২ দশমিক ৪ শতাংশ।

শীতের শুরুতে বাসাবাড়ি ও অফিসে ফ্যান এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও কমছে। সম্প্রতি চাহিদা ১০ হাজার মেগাওয়াটের নিচে নেমেছে। শনিবার ভোরে বিদ্যুৎ উৎপাদন নেমে এসেছিল প্রায় ৯ হাজার ৬৫ মেগাওয়াটে। পরদিন সর্বনিম্ন উৎপাদন ছিল ৯ হাজার ৪৮৮ মেগাওয়াট।

দেশে উৎপাদনের চেয়ে আমদানি সাশ্রয়ী কেন?

ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়ানোর কারণ ব্যাখ্যা করেছেন পিডিবির সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম। তিনি বলেন, আমদানি করা বিদ্যুতের তুলনায় দেশে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি পড়ে।

তাঁর ভাষ্য অনুযায়ী, ভারতের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনায় ইউনিটপ্রতি ব্যয় তুলনামূলক কম হচ্ছে। পাশাপাশি উচ্চ ভোল্টেজের সরাসরি বিদ্যুৎ সংযোগ বা এইচভিডিসির মাধ্যমে আমদানি করা বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সুবিধা রয়েছে।

দেশে গ্যাসের সংকট থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিকল্প হিসেবে ফার্নেস অয়েল ব্যবহার করতে হয়। এতে উৎপাদন ব্যয় বেড়ে যায়। এ কারণে বিদ্যুতের চাহিদা কমলে আমদানি বন্ধ না করে আগে তেলভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

ভারত থেকে আমদানি বাড়ানো এবং তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমানোর ফলে অক্টোবরের তুলনায় নভেম্বরের প্রথম ১৫ দিনে বিদ্যুৎ উৎপাদন ও আমদানির সামগ্রিক ব্যয় কমেছে।

এনএলডিসির তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ১৫ দিনে বিদ্যুৎ উৎপাদন ও আমদানিতে মোট ব্যয় হয়েছিল ৪ হাজার ৩২৫ কোটি ৬৪ লাখ টাকা। নভেম্বরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৭ কোটি ৬১ লাখ টাকা।

দুই সময়ের তুলনায় ব্যয় কমেছে ৯৬৮ কোটি ৩ লাখ টাকা, যা প্রায় ২২ দশমিক ৪ শতাংশ।

একই সময়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় ব্যয়ও কমেছে। অক্টোবরের প্রথম ১৫ দিনে যেখানে প্রতি ইউনিটের গড় ব্যয় ছিল ৮ টাকা ৩৪ পয়সা, নভেম্বরের প্রথম ১৫ দিনে তা কমে হয়েছে ৭ টাকা ৩৯ পয়সা।

তবে পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম সতর্ক করে বলেছেন, উৎপাদন ব্যয় কমাকে সরাসরি আর্থিক সাশ্রয় হিসেবে দেখা যাবে না। তাঁর মতে, বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় উৎপাদনও কমাতে হচ্ছে। ফলে মোট উৎপাদন ব্যয় কমেছে।

তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন প্রায় অর্ধেক

বিজ্ঞাপন

বিদ্যুৎ উৎপাদনের ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি কমেছে ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন।

এনএলডিসির হিসাবে, অক্টোবরের প্রথম ১৫ দিনে এসব কেন্দ্র থেকে দৈনিক গড়ে ৬ কোটি ৩৫ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। নভেম্বরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৩২ লাখ ইউনিটে। অর্থাৎ তেলভিত্তিক বিদ্যুতের দৈনিক গড় উৎপাদন প্রায় অর্ধেকে নেমেছে।

পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, দিনের বেশির ভাগ সময় ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুতের প্রয়োজন কম থাকছে। তবে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে এসব কেন্দ্রের উৎপাদন প্রয়োজন হচ্ছে।

উৎপাদন কমার সঙ্গে সঙ্গে এই খাতের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমেছে। অক্টোবরের প্রথম ১৫ দিনে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হয়েছিল ১ হাজার ৯৬৯ কোটি ৬০ লাখ টাকা। নভেম্বরের একই সময়ে তা কমে হয়েছে ৯৯৮ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ ব্যয় কমেছে ৯৭১ কোটি ২২ লাখ টাকা।

কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুতের ব্যয়ও কমেছে

শুধু তেলভিত্তিক নয়, কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ও কিছুটা কমেছে।

অক্টোবরের প্রথম ১৫ দিনে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে দৈনিক গড় ব্যয় ছিল ৮৬ কোটি ১৩ লাখ টাকা। নভেম্বরের একই সময়ে তা কমে হয়েছে ৮৩ কোটি ৯৮ লাখ টাকা।

অন্যদিকে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে দৈনিক গড় ব্যয় ৪১ কোটি ৩ লাখ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৪৬ লাখ টাকায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন