এটা ধরেই নেওয়া যায়, শেখ হাসিনা জানতেন যে তাকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস কোনোটিই দেওয়ার ইচ্ছা নেই বিএনপি সরকারের। তারপরও জুয়াটি খেললেন তিনি।
প্রথমে ঘোষণা দিলেন, ডিসেম্বরেই আসছেন তিনি। ফেরার উদ্দেশ্যে এবার করলেন পাসপোর্টের আবেদন। এখন তা না পেলে তিনি বলতে পারবেন, তিনি দেশে ফিরতে চাইছেন, কিন্তু বিএনপি দিচ্ছে না। আর আওয়ামী লীগ নেতারা বলতে পারবেন, শেখ হাসিনাকে ভয় পাচ্ছে বিএনপি, কারণ এই সরকারের জনভিত্তি নেই।
ক্ষমতায় থাকার সময়ও বেশ কয়েকবার এমন জুয়ায় উৎরে গিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি। এবারও তার চালে দৃশ্যত মাত তারেক রহমানের সরকার। সোমবার রয়টার্স শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর প্রকাশের পর বিএনপির প্রতিক্রিয়ায় অন্তত তাই স্পষ্ট হয়ে গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিএনপি নেতাদের বলতে হচ্ছে, তারা শেখ হাসিনাকে ফেরাতে চাইলেও এভাবে নয়। তাহলে কীভাবে? তারা বলছেন, ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায়। কিন্তু তা যে ফলছে না, তা গত দুই বছরে অনেকটাই স্পষ্ট। ফলে তদের শেখ হাসিনাকে ‘ফেরত চাই’ বলাটা মুখের কথা হিসেবেই থেকে যাচ্ছে, কাজের কথা হচ্ছে না।
জুলাই অভ্যুত্থানের মুখে প্রাণ বাঁচাতে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এখনও সেখানেই তিনি আছেন। যাওয়ার সময় প্রধানমন্ত্রী হিসেবে লাল পাসপোর্টধারী ছিলেন তিনি। মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তার সেই পাসপোর্ট বাতিল করে। ফলে তিনি এখন পাসপোর্টবিহীন। এই অবস্থায় তিনি স্বাভাবিকভাবে অন্য কোনো দেশে কিংবা নিজ দেশেও ফিরতে পারছেন না।
এরমধ্যে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিতর্কিত মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পক্ষ থেকে অনেকবার আবেদন করা হলেও তাতে দিল্লি সাড়া তো দিচ্ছেই না; উপরন্তু দেশটির রাজনৈতিক নেতারা বলছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন তাদের অতিথি হয়ে।
দিল্লিতে থাকা শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেন, আগামী ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন। ফিরলে কারাগারে যেতে হতে পারে কিংবা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, তা জেনেই মাতৃভূমিকে ফিরতে চান তিনি।
তার এমন ঘোষণার পর দেশে বিভিন্ন স্থানে আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনগুলোর ঝটিকা মিছিল যেমন বেড়ে যায়, তেমনি বিএনপি সরকারের মধ্যে দেখা দেয় অস্বস্তি। শেখ হাসিনা ফিরলে পুলিশ তা ঠেকাতে পারবে না, ঢাকার একজন ওসি একথা বলে ফেলার পর তাকে বরখাস্ত করা হয়।
এরপর সোমবার রয়টার্স খবর দেয়, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন শেখ হাসিনা। তার পক্ষে এই আবেদন করেছে লন্ডনের আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাটিক্স চেম্বারস।
চিঠিতে বলা হয়েছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছিল। যে কারণে এখন নতুন করে একটি বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আবেদন করছেন তিনি।
আবেদনটি সোমবার ই মেইলে পৌঁছায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে। তারা সেটি পাঠিয়ে দেয় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
সরকার শেখ হাসিনাকে দেশে আনতে চাইছে, শেখ হাসিনা নিজে ফিরতে পাসপোর্ট চাইছেন। কিন্তু ই মেইল পাওয়ার পর সরকারের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভিন্ন রকম।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকায় সাংবাদিকদের জিজ্ঞাসায় বলেন, তারা একটি আবেদন পাওয়ার খবর শুনেছেন, কিন্তু এর সত্যতা যাচাই করতে পারেননি এখনও।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং এর আইনগত ভিত্তি কী কিংবা আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না, সে সবের আইনগত দিক বিবেচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।
সরকার যাচাই করার কথা জানালেও বিদেশে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন, পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনাই আবেদন করেছেন।
শেখ হাসিনাকে দেশে ফিরতে ট্রাভেল পাস কিংবা পাসপোর্ট না দেওয়ার কথা আগেই বলেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করার পর তিনি ঢাকায় সাংবাদিকদের বলেন, পাসপোর্টের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না তারা। শেখ হাসিনাকে ফেরত আনতে চান ভারতের সঙ্গে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায়।
তিনি বলেন, “বাংলাদেশ চায়, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক, এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না। বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না, বাংলাদেশ তাদের প্রত্যর্পণ করতে বলে।”
অর্থাৎ শেখ হাসিনাকে পাসপোর্ট না দেওয়ার সিদ্ধান্তই আছে সরকারের। কিন্তু তাকে ফেরত পেতে যে বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা বলা হচ্ছে, তা যে দিল্লি না চাইলে সম্ভবপর নয়, সেটা কূটনীতিকরা আগে থেকে বলে আসছেন।
যে আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম মনে করেন, শেখ হাসিনা আসলে ফিরে আসবেন না, এটা তার ‘রাজনৈতিক স্টান্টবাজি’।
পাসপোর্ট নিয়ে বিএনপির এই অবস্থান তাদের দ্বিচারিতার প্রকাশ ঘটাচ্ছে বলে মন্তব্য এসেছে আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে। তারা বলছেন, সরকার শেখ হাসিনাকে ভয় পাচ্ছে, যে কারণে তাকে দেশে ফিরতে দিতে চাইছে না।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ এ আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, “তারা বলছিল শেখ হাসিনা ফেরত আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। এখন তিনি নিজেই ফিরতে চাইছেন, তাকে ফিরতে দেওয়া হচ্ছে না কেন?”
নাগরিক হিসেবে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার অধিকার রয়েছে, সেই কথাটি মনে করিয়ে দিলেন বাহাউদ্দিন নাছিম।
তার ভাষ্যে, “প্রত্যেক মানুষের নিজস্ব পরিচয়পত্র এবং পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। এটি তার সাংবিধানিক ও মৌলিক অধিকার। সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে? সংবিধান তো সরকারকে সেই অধিকার দেয়নি।”
এখন বিএনপি সরকার পারে শেখ হাসিনার নাগরিকত্ব বাতিল করতে। সেজন্য কারণ দেখাতে হবে যে শেখ হাসিনা বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আনুগত্য ছিন্ন করেছেন কিংবা তিনি এমন দেশের সঙ্গে সম্পর্ক রাখছেন, যার সঙ্গে বাংলাদেশ যুদ্ধে লিপ্ত রয়েছে।
কিন্তু তা যদি বিএনপি করতে যায়, তাহলে এতদিন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার কথা বলছিল, তা যেমন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে, আবার শেখ হাসিনাকে পাওয়ার সম্ভাবনাও দূরে চলে যাবে।



