বিজ্ঞাপন

স্পিকার হাফিজউদ্দিনের পাকিস্তান সফরের নেপথ্যে কী ছিল?

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ছবি: সংসদ সচিবালয়
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ছবি: সংসদ সচিবালয়

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে তার এই সফরের কারণ কী ছিল, কেন পাকিস্তানে গিয়ে তিনি স্বাধীনতা যুদ্ধ নিয়ে বিতর্কিত সব বক্তব্য দিলেন, তা নিয়ে কৌতূহল শেষ হচ্ছে না। তার কারণ এই সফরের সময়কাল।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা শেখ হাসিনা যখন ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেন। তার সেই ঘোষণায় যখন দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন টানাপড়েন দেখা দিয়েছে, ঠিক তখনই পাকিস্তান সফরে গেলেন স্পিকার হাফিজউদ্দিন।

গত ২৩ নভেম্বর যখন তিনি পাঁচজন সংসদ সদস্য নিয়ে ইসলামাবাদ রওনা হন, তখন সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পাকিস্তানের জাতীয় পরিষদ বা পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে তার এই সফর।
তবে তার সফরসঙ্গী দলে নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, নিলোফার চৌধুরী মনির সঙ্গে বাকি দুজনের অন্তর্ভুক্তি বেশ কৌতূহল জাগানিয়া। তাদের একজন হলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, অন্যজন হলেন মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান।

বিজ্ঞাপন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী দুজনই একাত্তরে ছিলেন পাকিস্তানের পক্ষে। শুধু তাই নয়, তারা পাক বাহিনীর হয়ে বাঙালিদের গণহত্যার সহযোগীও ছিলেন। সেই যুদ্ধাপরাধের দায়ে আওয়ামী লীগ আমলে দুজনকেই ফাঁসিতে ঝোলানো হয়েছিল।

এই সফরে গিয়ে হাফিজউদ্দিন আহমদ যেমন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর কবর জিয়ারত করেন, তেমনি হুম্মাম কাদের চৌধুরী ছবি তোলেন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেকস্পিকার হিসেবে তার দাদা ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে। একাত্তরে পাকিস্তানের পক্ষে থাকা ফজলুল কাদের গ্রেপ্তার হয়ে বন্দি থাকাকালে মারা যান। তখন গ্রেপ্তার এড়াতে পালিয়ে গিয়েছিলেন সালাউদ্দিন কাদের।

অন্যদিকে নাজিবুর রহমান ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, হাফিজউদ্দিনসহ তারা যখন জাতীয় পরিষদ পরিদর্শনে গিয়েছিলেন, তখন স্মরণ করা হয় গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মো. কামরুজ্জামানকে, যারা সবাই একাত্তরে পাকিস্তানের পক্ষে ছিলেন এবং সবাই যুদ্ধাপরাধে দণ্ডিত।

এই সফর নিয়ে পাকিস্তান জাতীয় পরিষদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জাতীয় পরিষদের ফেসবুক পেজে ছয় দিনে ২০টির বেশি পোস্ট ছিল বাংলাদেশ প্রতিনিধি দলের নানা কর্মসূচি নিয়ে।

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এটাই যে জাতীয় সংসদের কোনো প্রতিনিধি দলের প্রথম পাকিস্তান সফর, সেটাও বলা হয় সেই সব পোস্টের একটিতে।

পাকিস্তান জাতীয় পরিষদ ভবনে স্পিকার হাফিজউদ্দিন আহমদসহ তার সফরসঙ্গীরা। ছবি: পাকিস্তান জাতীয় পরিষদের ফেসবুক পেজ

২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর মুহাম্মদ ইউনূস জমানা থেকে ঢাকা ও দিল্লির দূরত্ব যত বেড়েছে, তত বেশি কাছে এসেছে ঢাকা ও ইসলামাবাদ। বছরের শুরুতে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর ঢাকা-দিল্লি সম্পর্কে বরফ গলার যে লক্ষণ দেখা গিয়েছিল, শেখ হাসিনাকে কেন্দ্র করে তা আবার জমাট বাধছে।

দেশের আদালতে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য বিএনপি নেতারা যখন ভারতের সমালোচনা করছিলেন, তখন তিনি নিজেই দেশে ফেরার ঘোষণা দিলে তারেক রহমানের সরকার দৃশ্যত বেকায়দায় পড়ে যায়। কারণ সরকার চাইছিল, বন্দি হিসেবে প্রত্যর্পণ। আর প্রত্যর্পণ ও স্বেচ্ছায় ফেরত যাওয়া যে আলাদা বিষয়, তা আনুষ্ঠানিকভাবে বলার মধ্য দিয়ে দিল্লির পক্ষ থেকে বোঝানো হয়, শেখ হাসিনা ফিরতে চাইছেন, তাকে ফেরানোর ব্যবস্থা করাটা বাংলাদেশের দায়িত্ব। এখানে তাদের কিছু করার নেই।

তার পরপরই হাফিজউদ্দিনের পাকিস্তান সফরকে নিছক শুভেচ্ছা সফর হিসেবে দেখছেন না বিশ্লেষকদের অনেকে।

তাদের মতে, ভারতের এই অবস্থানের কারণে আসলে হাফিজউদ্দিনকে পাকিস্তানে পাঠিয়ে ইসলামাবাদের পাশাপাশি তুরস্ক ও চীনের হাত ধরতে চাইছে ঢাকা।

আর সফরে গিয়ে হাফিজউদ্দিনও অতীতের ঘটনা ভুলে গিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে মজবুত সেতুবন্ধন তৈরির আশা প্রকাশ করেছেন। পাকিস্তানের ঐতিহ্যবাহী সিন্ধি টুপিও মাথায় চড়িয়েছেন।

জিন্নাহর কবর জিয়ারত ছাড়াও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করেছেন হাফিজউদ্দিন। পরিদর্শনে গিয়েছেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে, সেনা কর্মকর্তা হিসেবে যেখানে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন স্বাধীনতার আগে।

বিবিসি উর্দুর বরাতে বিভিন্ন বৈঠকে হাফিজউদ্দিনের বক্তব্যগুলোও এসেছে। পাকিস্তান জাতীয় পরিষদ পরিদর্শনের সময় তিনি বলেছিলেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, বরং তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা।
শেখ হাসিনার ১৫ বছরের শাসনকাল নিয়ে তিনি বলেন, ওই সময়ে বাংলাদেশ কার্যত ভারতের একটি উপনিবেশে পরিণত হয়েছিল।

কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে হাফিজউদ্দিন আহমদ। ছবি: পাকিস্তান জাতীয় পরিষদের ফেসবুক পেজ

শেখ হাসিনাকে আশ্রয়দাতা দেশ ভারতকে মুসলমানদের প্রতি বৈরী রাষ্ট্র হিসেবে তুলে ধরেন হাফিজউদ্দিন। কাশ্মীর প্রশ্নে ভারতের সমালোচনা করে পাকিস্তানের প্রতি সমর্থন জানান তিনি।

এ বছর ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গ্যালারিতে উপস্থিত ৯৯ শতাংশ দর্শকই পাকিস্তানের পক্ষে গলা ফাটিয়েছিলেন বলেও দাবি করেন হাফিজউদ্দিন, যদিও পাকিস্তান হেরে গিয়েছিল ভারতের কাছে।

পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পাওয়া হাফিজউদ্দিন কৃতী ফুটবলার হিসেবে এক সময় পাকিস্তান জাতীয় দলের অধিনায়কত্বও করেছিলেন। তবে তিনি একাত্তরে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে বীরত্বের স্বীকৃতি হিসেবে পান বীর বিক্রম খেতাব।
এবার পাকিস্তান সফরে গিয়ে তার নষ্টালজিয়ায় আক্রান্ত হওয়ার যথেষ্ট কারণ ছিল। আর তার মধ্যেই তিনি বাংলাদেশ পাকিস্তান সেতুবন্ধন তৈরির প্রয়াস চালিয়েছেন।

তার এই তৎপরতার প্রশংসাও করছেন কেউ কেউ। তাদের মত, বাংলাদেশের একজন বন্ধু রাষ্ট্র নেই, যার কাছে পারমাণবিক অস্ত্র আছে। ভারতের রাজনীতিকরা বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে পাকিস্তান হতে পারে বাংলাদেশের সহায়। সেটাই স্পষ্ট হয়েছে হাফিজউদ্দিনের বক্তব্যে।

এইচ এম এরশাদের সঙ্গে হাফিজউদ্দিন আহমদ (পেছনে দাঁড়ানো বাঁয়ে)। তখন তিনি জাতীয় পার্টিতে। ছবি: সংগৃহীত

কিন্তু হাফিজের এই সফরের ওপর তীক্ষ্ণ নজর ছিল ভারতের। তার বক্তব্যগুলো অস্বস্তিকর ছিল েদশটির জন্য, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সর্বোত সহায়তার পাশাপাশি ১ কোটি শরণার্থীকে প্রায় এক বছর খাইয়ে-পরিয়ে রেখেছিল।

বিজ্ঞাপন

হাফিজের বক্তব্যের প্রতিবাদ এসেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকেও। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি এক বিবৃতিতে বলেছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের জাতীয় সংসদের অভিভাবক হয়ে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খণ্ডিত করা এবং একাত্তরে সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও ক্ষমা চাওয়ার প্রশ্নকে আড়াল করা জাতির জন্য চরম অবমাননাকর।

‘আমরা অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি’- হাফিজের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় দলটি বলেছে, “এই সিদ্ধান্ত কে নিল, কোথায় নিল? কার স্বার্থে অতীতকে ভুলতে হবে? ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ নির্যাতিত মা-বোনের আত্মত্যাগ ভুলে যেতে বলার অধিকার কারো নেই।”

সফরকারী দলে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমানের অন্তর্ভুক্তি কাকতালীয় বিষয় নয় বলে সিপিবি মনে করছে। তাদের কাছে এটি মুক্তিযুদ্ধের প্রতি এদেশের মানুষের অঙ্গীকার মুছে দেওয়ার একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা।

এই সফরের ভিন্ন উদ্দেশ্যে সন্দেহ প্রকাশ করে সিপিবির বিবৃতিতে বলা হয়, “সফরকালে পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশকে প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব দিয়েছেন এবং প্রায় ২৬টি সমঝোতা স্মারক চূড়ান্ত করার কথা বলেছেন। একই সময়ে ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা সামরিক জোটের বৈঠক হয়েছে, যে জোটে যোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।”

অর্থাৎ ভারতকে চাপে রাখতে বাংলাদেশকে একটি সামরিক জোটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার, তেমন ইঙ্গিতই প্রকাশ পাচ্ছে। আর তাই পাকিস্তানে এই সফরে খেতাবধারী মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা হাফিজউদ্দিনকে পাঠানো ইঙ্গিতবাহী হিসেবে দেখছেন অনেকে।

ভোলার দৌলতখানের বাসিন্দা হাফিজউদ্দিনের বাবা আজহার উদ্দিন আহমদ আওয়ামী লীগ করতেন। ১৯৭০ সালে জাতীয় পরিষদের সদস্যও নির্বাচিত হন নৌকা প্রতীকে। স্বাধীনতার পর তিনি জাসদে যোগ দেন।

হাফিজউদ্দিন স্বাধীনতার পর সেনাবাহিনীতেই ছিলেন। তবে ১৯৭৫ সালে নভেম্বরে অভ্যুত্থানের সময় তিনি ছিলেন খালেদ মোশাররফের পক্ষে, যারা জিয়াউর রহমানকে বন্দি করেছিলেন। সেই অভ্যুত্থান ব্যর্থ হয়েছিল। এরপর সেনাবাহিনী ছাড়েন হাফিজ।

এইচ এম এরশাদের আমলে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ভোলা থেকে সংসদ সদস্য হন হাফিজ। এরশাদের পতনের পর ১৯৯১ সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে জেতেন। পরে যোগ দেন বিএনপিতে।

ওয়ান-ইলেভেনের সময় হাফিজ আবার বিএনপিতে সংস্কারপন্থিদের দলে যোগ দেন। খালেদা জিয়াকে হটাতে পাল্টা যে কমিটি হয়েছিল এম সাইফুর রহমানকে চেয়ারম্যান করে, তাতে মহাসচিবের পদ নেন হাফিজ। তবে দুই নেত্রীকে বাদ দেওয়ার সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল। পরে খালেদা জিয়ার আনুগত্য মেনে নিয়ে বিএনপিতে থেকে যান তিনি।

সেই হাফিজের তারেক রহমানের সরকারে মন্ত্রিত্ব পাওয়া এবং পরে স্পিকার হওয়া অনেককে বিস্মিত করেছিল।

পাকিস্তান সফরে বীর বিক্রম হাফিজের বয়ান দেখে অনেকে প্রয়াত লেখক-অধ্যাপক হুমায়ুন আজাদের সেই উক্তিটি সামনে আনছেন, যেখানে তিনি বলেছিলেন, ‘একবার রাজাকার মানে সারাজীবন রাজাকার,কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে সারাজীবন মুক্তিযোদ্ধা নয়।’

সাংবাদিক মাসুদ কামাল বলছেন আরেকটি কথা- এই সংসদে জামায়াতকে ডেপুটি স্পিকারের পদটি নেওয়ার প্রস্তাব করা হয়েছিল। তারা তা নেননি। এখন বুঝলাম, তারা তো স্পিকার পদটিই পেয়ে গেছেন, ডেপুটি স্পিকার নিয়ে আর কী করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন