বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী : এক শাহে আলমই বারবার বিতর্কে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

গত ফেব্রুয়ারিতে তারেক রহমান যখন তার মন্ত্রিসভা গঠন করেন, তখন চমক হয়ে দেখা দিয়েছিল মীর শাহে আলমের নাম। বগুড়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে উঠে এসে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

তার এই উত্থানের হিসাব মেলানো অনেকের জন্য কঠিন হয়ে পড়েছিল। এরপর দেখা যেতে থাকে তার ক্ষমতার প্রয়োগ। পরিবারের মধ্যে ঠিকাদারি কাজ বাগিয়ে নেওয়া থেকে শুরু করে নিজের দু্ই ছেলের নামে ইউনিয়নের নামকরণ করে ফেলেন তিনি। এসব নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে মামলাও করান তিনি।

নানা কথায় বিতর্ক তৈরি করার পর সম্প্রতি শাহে আলমের দুটি বক্তব্য নিয়ে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে। একটির জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তবে তাতে তার ক্ষমতার দাপট কমেছে, এমনটা নয়। কারণ তার প্রভাবের কথা এসেছিল বিএনপিতে এখন সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কথায়। গত ১৩ জুন কক্সবাজারে এক অনুষ্ঠানে সালাহউদ্দিন বলেছিলেন, “এলজিআরডি প্রতিমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী।”

মীর শাহে আলমের জন্ম জিয়াউর রহমানের জেলা বগুড়ার শিবগঞ্জে। পড়াশোনা করেছেন শিবগঞ্জের এম এইচ কলেজে।
তার পরিবারের অনেকে বিএনপিতে যুক্ত। তার ধারাবাহিকতায় শাহ আলমও ছাত্রদলে যোগ দিয়ে রাজনীতিতে পা রাখেন। ২৩ বছর বয়সে শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। এরপর শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানও হয়েছিলেন ২০০৯ সালে।

শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। এবছর অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথম প্রার্থী হয়েই জয় পান।

এই আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রার্থী হতে চেয়েছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কিন্তু শাহে আলমের জন্য তাকে আসনটি ছেড়ে দেয়নি বিএনপি। মান্নাকে ঢাকার একটি আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু মান্না তা না করে শিবগঞ্জেই প্রার্থী হন এবং হেরে যান।

নামকরণ বিতর্ক

বছরের মাঝামাঝিতে বিতর্কের কেন্দ্রে আসেন শাহে আলম বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত চারটি ইউনিয়নের নামকরণ নিয়ে।

গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে দেখা যায়, শিবগঞ্জ উপজেলায় মীরবাড়ি নামে নতুন ইউনিয়ন হয়েছে। আর মোকামতলা নতুন তিন ইউনিয়মের মধ্যে একটির নাম সীমান্ত ইউনিয়ন, একটির দিগন্ত ইউনিয়ন, আরেকটির নাম স্বর্ণগ্রাম ইউনিয়ন।

মীরবাড়ি শাহে আলমের বাড়ি। তার দুই ছেলের নাম মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্ত। আর তার ভাতিজির ডাক নাম স্বর্ণ।

ঢাকায় গত ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মীর শাহে আলম।

এই নামকরণ নিয়ে সমালোচনা উঠলে শাহে আলম দাবি করেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গণশুনানি নিয়েই নতুন ইউনিয়নগুলোর নামকরণ হয়েছে। নামের মিল নিয়ে তার ভাষ্য ছিল, এটা ‘মিরাকল’।

শাহে আলম যাই বলুন না কেন, বিষয়টি নিয়ে দেশজুড়ে মুখরোচক আলোচনা শুরু হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের নির্দেশ দেন।

বাবা মন্ত্রণালয়ে, ছেলে ঠিকাদারিতে

শাহে আলম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আর তার নির্বাচনী এলাকায় এই মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে দেখায় নেত্র নিউজ। তাদের প্রতিবেদন অনুসারে, বিএনপি সরকারের চার মাসে সড়ক, পথ ও সেতু নির্মাণে প্রতিমন্ত্রীর নিজ উপজেলা শিবগঞ্জ সবচেয়ে বেশি ৭৪ কোটি টাকার প্রকল্প পেয়েছে। অন্যদিকে ৩৭৩টি উপজেলা গড়ে পেয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প।

আবার এই প্রকল্পের অনেক কাজ পেয়েছে প্রতিমন্ত্রীর ছেলে সীমান্তের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর সীমান্ত ইঞ্জিনিয়ারিং। এটা যে স্বার্থের দ্বন্দ্ব, তা বলেছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
শাহে আলমের এমন দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল চ্যানেল ওয়ান। তবে সোশাল মিডিয়া থেকে তাদের সেই প্রতিবেদন গায়েব করে দেওয়া হয় একের পর এক রিপোর্ট দিয়ে। এর পেছনে শাহে আলমের হাত ছিল বলে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষের দাবি।

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

অগ্রযাত্রা প্রতিদিন নামে দৈনিক পত্রিকায় শাহে আলমের এসব দুর্নীতি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এরপর ওই পত্রিকার সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে গত ১৫ জুন একটি মানহানির মামলা করেন। মামলাটি করেন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক তানভীর আলম। তবে তা শাহে আলমের ইশারায় বলেই কথা রয়েছে।

এরপর ১৭ জুন অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদকসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে আরেকটি মামলা হয়। সেই মামলায় অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে পুলিশ গ্রেপ্তারও করে।

পরে অবশ্য মামলার জন্য দুঃখ প্রকাশ করেন শাহে আলম।

বিলবোর্ডে নিজের ছবি

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে গত ৬ জুলাই বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির রাজধানীর কারওয়ান বাজারে একটি বিলবোর্ড বসানো হয়, যেখানে মন্ত্রীকে বাদ দিয়ে শুধু প্রতিমন্ত্রী শাহে আলমের ছবি থাকাও মুখরোচক আলোচনার জন্ম দিয়েছিল।

বিজ্ঞাপন

তখন স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্বে ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বর্তমানে তিনি রাষ্ট্রপতি)।

বিষয়টি নিয়ে ফেসবুকে সমালোচনা তৈরি হলে সেই বিলবোর্ড পল্লী উন্নয়ন বোর্ড সরিয়ে নেয়।

ঘুষের সাফাই

গত ১০ নভেম্বর এক অনুষ্ঠানে বক্তব্যে শাহে আলম বলেন, “স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক, এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এর প্রধান কারণ হলো, এর সরাসরি প্রভাব গিয়ে পড়ে সন্তানদের ওপর।”

কথাটি যেন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত না হয়, সে বিষয়ে সতর্ক করে তিনি আবার বলেন, “একই পরিবারে দুজন চাকরি করুক, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে একজন চাকরি করলে পরিবারের জন্য ভালো হয়।”

তার এই কথার সমালোচনা চলছিল সোশাল মিডিয়ায়, তবে তা ছাপিয়ে যায় আগের দিন তার দেওয়া আরেক বক্তব্য।
গত ৯ নভেম্বর এলজিইডি ভবনে আরেক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি কাজে ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়াকে ঘুষ হিসেবে গণ্য করা যাবে না।

তার কথাটি ছিল এমন- “কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লাভের অংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণ করা যেতে পারে।”

প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে বুধবার প্রতিক্রিয়া জানায় টিআইবি। তাতে বলা হয়, একথা বলে প্রতিমন্ত্রী পরোক্ষভাবে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার পাঁয়তারা করছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিবৃতিতে বলা হয়, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব। এ কাজের জন্য তারা বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহার নামে অবৈধ অর্থ নেবেন কেন?

এমন সমালোচনার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি ব্যাখ্যা আসে। সেখানে প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়ার কথা বলা হয়।

তবে ব্যাখ্যায় বলা হয়, প্রতিমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের অনানুষ্ঠানিক আলাপকালের কিছু বক্তব্য বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে তাকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন