বিজ্ঞাপন

শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লির ২ শর্তের নেপথ্যে কী?

সরকারবিরোধী আন্দোলনের মুখে ২০২৪ এর ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ছবি: এএফপি ভায়া এনডিটিভি
সরকারবিরোধী আন্দোলনের মুখে ২০২৪ এর ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ছবি: এএফপি ভায়া এনডিটিভি

শেখ হাসিনা চাইছেন নিজে থেকে বাংলাদেশে ফিরতে। সেজন্য লাগবে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস। কিন্তু তা দেবে না বিএনপি সরকার। তারা চাইছে, শেখ হাসিনাকে ভারত সরকারই ফিরিয়ে দিক, অর্থাৎ প্রত্যর্পণ। এখন জানা গেল, প্রত্যর্পণের জন্য দুটি শর্ত দিয়েছে নয়া দিল্লি। তবে প্রশ্ন থাকছে, ভারত কি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে চায়, নাকি এটাও একটা কৌশল।

২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের মুখে দেশে ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন। এরমধ্যে দেশে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে সরকার।

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বিভিন্ন সময়ে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লির দরবারে দেন দরবার চালিয়েছিল। এ বছর বিএনপি সরকার গঠনের পরও ভারত সরকারকে অনুরোধ করেছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে। কিন্তু এসব অনুরোধে গা করছে না দিল্লি। নরেন্দ্র মোদী সরকার প্রকাশ্যে কিছু বলছে না, তবে দেশটির রাজনীতিকরা খোলাখুলিভাবেই বলছেন, শেখ হাসিনাকে আছেন তাদের অতিথি হয়ে।

বিজ্ঞাপন

দিল্লিতে বসে শেখ হাসিনা যে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, তাতে তারেক রহমানের সরকার কড়া প্রতিবাদ জানালেও ভারত সরকারের বক্তব্যে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্রের প্রতি প্রচ্ছন্ন সমর্খনের বিষয়টি মোটামুটি প্রকাশ্যই ছিল।

তার মধ্যেই শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে শোর ফেলেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে দেওয়া একের পর এক সাক্ষাৎকারে তিনি বলছেন, প্রাণের ঝুঁকি নিয়ে হলেও দেশে ফিরতে চান তিনি। এরপর রয়টার্স গত সপ্তাহে খবর প্রকাশ করে যে শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে।

শেখ হাসিনার এই পদক্ষেপে বিএনপি সরকার দৃশ্যত বেকায়দায় পড়েছে। এরপর সরকারের কর্তাব্যক্তিরা সবাই বলে ওঠেন, শেখ হাসিনাকে এভাবে ফেরত চান না তারা। তারা চান, দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করুক দিল্লি।

ফেরার কথা এখন কেন?

নয়া দিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে বিবিসি বাংলা দাবি করছে, প্রায় দুই বছর পর শেখ হাসিনা দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা ভারত সরকারের সঙ্গে আলোচনার করেই দিয়েছেন।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ঢাকা-দিল্লি ঘনিষ্ঠতা ছিল সর্বোচ্চ মাত্রায়। ভারত সরকার তাকে দেখত পরীক্ষিত বন্ধু হিসেবে। আর শেখ হাসিনা বলতেন, ভারতকে তিনি যা দিয়েছেন, তা দেশটিতে আজীবন মনে রাখতে হবে।
তাহলে দিল্লি কেন শেখ হাসিনাকে দেশে ফিরে ঝুঁকিতে ফেলবে?

এই প্রশ্নের উত্তরে বিবিসি বাংলা লিখেছে, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর একটা বিষয় হয়ে উঠেছে। তা শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভালো সমাধান হতো, যদি শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বারবার নানা দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে কথাবার্তা হলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি। ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সে দেশে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত উপায়।

আর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প নেই, এটাও দিল্লিতে নীতি-নির্ধারকরা মনে করছেন।
তাই দুই পক্ষ বিষয়টি নিয়ে একমত হওয়ার পরেই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

কী শর্ত?

বাংলাদেশ সরকার চাইছে, শেখ হাসিনাকে বন্দি হিসেবে হস্তান্তর করা হোক। কিন্তু দিল্লি যে তা করবে না, তা স্পষ্ট।

কেন দিল্লি তা করবে না- তার উত্তরে ভারতের পর্যবেক্ষকদের বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বিদেশি বন্ধু। তাকে এভাবে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না।

অতীতে সাত খুনের আসািম নুর হোসেনকে হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছিল ভারত থেকে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ভারত এমন কিছু করবে, তা কল্পনারও অতীত বলে মনে করার কারণ রয়েছে।

বিবিসি বাংলা লিখেছে, যদি সেটা করা হয়, তাহলে বিদেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছে ভুল বার্তা যাবে। যেমন নেপালে, শ্রীলংকায় বা মালদ্বীপে কোনো নেতাই ভারতকে আর কখনো ভরসা করতে পারবেন না।

শেখ হাসিনাকে যদি প্রত্যর্পণ করতেই হয়, তাহলে ভারত সরকার দুটি শর্ত দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রথমত, শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের সামরিক বাহিনীর বিমানে ভারতে আনা হয়েছিল, তেমনি সামরিক বাহিনীর বিমান পাঠাতে হবে তাকে নিতে। দেশে ফেরার পর শেখ হাসিনার সুরক্ষা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে।

দ্বিতীয়ত, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশ সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে।

বিজ্ঞাপন

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, “আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।”

এই দুটো শর্ত নিয়ে দিল্লি কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে অন্তরালে আলোচনাও চালাচ্ছে, এমন দাবিই করছে বিবিসি বাংলা।

তবে আজ নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চেয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের কাছে। তবে তিনি ‘আমার কিছু বলার নেই’ বলে জবাব এড়িয়ে যান।

প্রত্যর্পণ, না কৌশল?

ঢাকা শর্ত মেনে নিলে শেখ হাসিনার কি বাংলাদেশে ফেরা হবে? ‍মুখে বললেও আসলে তারেক রহমনের সরকার তাকে দেশের মাটিতে চাইছে না, এমন কথাই বলা হয়েছে বিবিসি বাংলার প্রতিবেদনে।

ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশে এখন জ্বালানি সংকট, পোশাককর্মীদের বিক্ষোভ চলছে, এর মধ্যে শেখ হাসিনা দেশে ফিরলে পরিস্থিতি সরকারের জন্য নাজুক হয়ে উঠতে পারে বলেই ঢাকার কর্মকর্তারা মনে করছেন। তাই তারা শেখ হাসিনাকে দেশে দেখতে চাইছেন না।

তাহলে দিল্লি কেন শর্ত দিল- এই প্রশ্নের জবাব খুঁজলে পাওয়া যাচ্ছে, ভারত সরকারও জানে যে এই দুটি শর্ত পূরণ করা বাংলাদেশ সরকারের জন্য বেশ কঠিন।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি মনে করছে যদি শেখ হাসিনা এখন নাও ফিরতে পারেন, তাতেও ভারতের সেই অর্থে হারানোর কিছু নেই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “আমরা এটুকু তো তখন বলতেই পারব, শেখ হাসিনা নিজে থেকে ফিরতেই চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দিয়েছে বলেই সেটা সম্ভব হয়নি।”

এটি অনেকটা শেখ হাসিনার কৌশলের মতোই। তিনি যেমন এখন বলতে পারবেন, তিনি দেশে ফিরতে চান, কিন্তু সরকার তাকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস না দেওয়ায় তিনি ফিরতে পারছেন না।

ভারত যেহেতু চায় বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটুক, ফলে শেখ হাসিনার ফেরার ফলে শেষ পর্যন্ত ডিসেম্বরে ফেরা না হলেও শেখ হাসিনার মতো দিল্লির কাছেও যুক্তি থাকবে, আমরা তো ফেরত পাঠাতে চেয়েছিলাম, কিন্তু বাংলাদেশ সরকার তো এগিয়ে এল না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন