বিজ্ঞাপন

মিলিব্যান্ডের একটি পা, আর তারেক রহমানের জ্বালা

IMG-20261115-WA0004

তুরস্কে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ ৩১) অংশ নেওয়ার ফাঁকে বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডও ছিলেন।

তবে তাদের বৈঠকের একটি ছবি প্রকাশ পাওয়ার পর শুরু হয় তুমুল আলোচনা। বৈঠকে এক পায়ের ওপর আরেক পা তুলে মিলিব্যান্ডের বসার ভঙ্গী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাচ্ছিল্য করার শামিল হিসেবে দেখছিলেন কেউ কেউ। বিষয়টি এমন পর্যায়ে গড়ায় যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে তার ব্যাখ্যা দিতে হলো।

তুরস্কের আনতালিয়ায় কপ ৩১ সম্মেলনের সাইডলাইনে গত ১২ নভেম্বর এড মিলিব্যান্ডের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি হয়েছিল। বৈঠকের খবর জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পাতায় এক পোস্টে বলা হয়, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে।

বিজ্ঞাপন

পোস্টের সঙ্গে তারেক রহমান ও এডি মিলিব্যান্ডের দাঁড়ানো একটি ছবি দেওয়া হয়। তবে বৈঠকের আরেকটি ছবিও ছড়িয়ে পড়ে, যেখানে দুজন সোফায় বসা অবস্থায় ছিলেন।
আর সেই ছবি নিয়েই দেখা দেয় বিপত্তি। ছবিটিতে দেখা যায়, তারেক রহমানের দুই পা সোজা অবস্থায় রয়েছে। আর মিলিব্যান্ডের বাম পা রাখা ডান পায়ের ওপর। তার বাম পায়ের জুতাটি সামনে এগিয়ে আছে।

রাষ্ট্রনেতাদের এমন বৈঠকের দেহভঙ্গী সব সময়ই সাংবাদিকদের তীক্ষ্ণ নজরে থাকে। মিলিব্যান্ডের এই পা তোলা দৃশ্যও তাদের নজর এড়ায়নি।

মিলিব্যান্ডের বসার ভঙ্গী দেখে নেটিজানদের কেউ কেউ বলেন, এর মধ্য দিয়ে একটি ‘ডমিনেটিং’ ভাব ফুটে উঠেছে। পাশাপাশি অন্যপক্ষকে গুরুত্ব না দেওয়া এবং তাকে খাটো করে দেখার প্রবণতা।

দেড় যুগ লন্ডনে নির্বাসনে কাটিয়ে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসা তারেক রহমানকে ওই দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে ম্রিয়মান ঠেকেছে অনেকের কাছে।
এর বিপরীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার সঙ্গে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋণি সুনাকের একটি ছবি নতুন করে পোস্ট করে তুলনা করছিলেন অনেকে।

২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত জি ২০ সম্মেলনের সেই ছবিতে দেখা যায়, শেখ হাসিনা সোফায় বসে আছেন, আর হাঁটু গেঁড়ে বসে তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলছেন ঋষি সুনাক।

দুটি ছবির তুলনা করে বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর অবস্থানের ফারাকও তুলে ধরা হচ্ছে।

সোশাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই এ নিয়ে আলোচনা চলছে। সম্মেলন থেকে ফিরে এসে রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যখন সংবাদ সম্মেলনে এলেন, তখন তাতে সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করে।
জবাবে হুমায়ুন কবির বলেন, এনিয়ে যেমনভাবে কথাবার্তা হচ্ছে, বিষয়টি আসলে তেমন কিছু নয়।

তার ভাষ্যে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বসার সময় তার আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল। সে কারণেই হয়তো বিষয়টি নিয়ে এমন ধারণা তৈরি হয়েছে। তবে এর মধ্যে কোনো ধরনের বেয়াদবি বা অসৌজন্যের ইঙ্গিত ছিল না; বরং তার আচরণে আন্তরিকতাই প্রকাশ পেয়েছে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন যুক্তরাজ্যে কাটিয়ে আসা হুমায়ুন কবির লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডকে ব্যক্তিগতভাবে চেনেন দাবি করে বলেন, ‘বেচারা’ সদ্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বলে সব কিছু এখনও বুঝে উঠতে পারেননি।

যুক্তরাজ্যের লেবার পার্টির এক সময়ের জ্যেষ্ঠ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের ভাই এড মিলিব্যান্ড ২০০৫ সাল থেকে দেশটির পার্লামেন্ট সদস্য। ২০০৮ সালে তিনি প্রথম মন্ত্রী হন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা ছিলেন তিনি।

২০২৪ সালে লেবার পার্টি ক্ষমতায় ফিরলে কিয়ার স্টারমারের মন্ত্রিসভায় জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পান এড মিলিব্যান্ড। এ বছর তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়।

দীর্ঘদিন ধরে মন্ত্রিত্বসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা এড মিলিব্যান্ডকে নবিশ বলার পাশাপাশি বঙ্গবন্ধুরও এমন একটি ছবি রয়েছে বলে দাবি করেন হুমায়ুন কবির।
তিনি বলেন, অতীতে জুলফিকার আলী ভুট্টো (পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে) যেভাবে দম্ভের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে পা তুলে বসেছিলেন, বর্তমান সরকারের সঙ্গে তেমন কোনো পরিস্থিতি বা মনোভাবের সম্পর্ক নেই।

তারেক রহমানের সঙ্গে এড মিলিব্যান্ডের ছবি প্রকাশের পর বিএনপি সমর্থকদের মধ্য থেকে বঙ্গবন্ধুর সঙ্গে ভুট্টোর একটি ছবি ফেসবুকে শেয়ার করছেন। সেই ছবির কথাই বলেন হুমায়ুন কবির।

তবে এই ছবির সত্যতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ ছবিটিতে তাদের দুজনের সাইড টেবিলে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি দেখা যাচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন