বিজ্ঞাপন

খালেদা জিয়ার মৃত্যুতে সজীব ওয়াজেদ জয়ের সমবেদনা

খালেদা জিয়া ও সজীব ওয়াজেদ জয়।
খালেদা জিয়া ও সজীব ওয়াজেদ জয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার এক শোক বার্তায় তিনি বলেছেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

“দেশের এই সংকটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।”

বিজ্ঞাপন

ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী।

নিজের ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে প্রকাশিত ওই শোক বার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন, “অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে; তবে তাঁর মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা।”

খালেদা জিয়ার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সমবেদনা জানিয়ে শোক বার্তায় ইতি টানেন তিনি।

এর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও এই সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতির ময়দানে তার প্রধান প্রতিপক্ষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাবেক প্রধানমন্ত্রীর জানাজা হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে নিয়ে গিয়ে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। সেখানে স্বাস্থ্যের অনেকটা উন্নতি হলে দেশে ফিরে আসেনি তিনি।

বিজ্ঞাপন

তবে নানা রোগে জটিলতা ও শরীর–মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল প্রতিকূল।

গত ২৩ নভেম্বর ফের অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

ভোরে যখন খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানো হয় তখন হাসপাতালে ছিলেন তার ছেলে তারেক রহমান, তারেকের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান, জাফিয়া রহমান ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরা।

খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর:

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন