বিজ্ঞাপন

ছাত্রলীগের ধর্মঘটে জেলায় জেলায় বিস্ফোরণ-অগ্নিসংযোগ, পদ্মা সেতু অবরোধ

ছাত্রলীগের ধর্মঘটের আগে ঢাকার বিভিন্ন স্থানে এরকম ককটেল বিস্ফোরিত হতে দেখা যায়।
ছাত্রলীগের ধর্মঘটের আগে ঢাকার বিভিন্ন স্থানে এরকম ককটেল বিস্ফোরিত হতে দেখা যায়।
লাইভ সমাপ্তশুরু: ১০ নভেম্বর, সকাল ৬:০৫ · সর্বশেষ আপডেট: সকাল ১০:০৯ · ৯টি আপডেট
এই লাইভ কাভারেজ শেষ হয়েছে। (১০ নভেম্বর, বিকেল ৩:১১)

ছাত্রলীগের ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার খবর পাওয়া গেছে।

রাজধানীর বুয়েট, চানখারপুল, বনানী, মিরপুর, ভাষানটেক, টেকনিক্যাল, আদাবর, উত্তরা ও মুগদাসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চানখারপুলে ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন। মিরপুর-১ এলাকায় অটোরিকশায় যাওয়ার সময় ককটেলের স্প্লিন্টারে আহত হয়েছেন ৬০ বছর বয়সী এক ব্যক্তি।

এদিকে, পাবনায় দুটি সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ এবং বেড়া কলেজের ফটকে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির ৩৪ প্লাটুন মোতায়েন রয়েছে। রাজধানীতে ধারাবাহিক বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল, মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবি ছাড়াও আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সারাদেশে এই ধর্মঘট কর্মসূচি পালন করছে ছাত্রলীগ।

এদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আদালত, দোকানপাট ও শিল্পকারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি বাস, ট্রাক, রেল ও লঞ্চ চলাচল বন্ধ রাখারও আহ্বান জানানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদমাধ্যমকে ধর্মঘটের আওতামুক্ত রাখার কথা জানিয়েছে তারা।

রাত ৩টা ১৯ মিনিট | রাজধানীতে অন্তত ১০ জন আটক

রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অন্তত ডজনখানেক স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, কোথাও বিস্ফোরণের সময় কয়েকজনকে আটক করা হয়েছে, আবার কোথাও পুলিশের তল্লাশিচৌকিতে হাতবোমাসহ কয়েকজন ধরা পড়েছেন।

আটক ব্যক্তিদের সবার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাত ২টা ৫০ মিনিট | মিরপুরে হাতবোমার স্প্লিন্টারে আহত রিকশাযাত্রী

রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বরে জোড়া হাতবোমা বিস্ফোরণে ওমর আলী (৬০) নামে এক রিকশাযাত্রী আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে তাঁর মেয়ের জামাই মাসুম জানিয়েছেন, ওমর আলীর বাম পা ও চোখে স্প্লিন্টারের আঘাত লেগেছে।

রাত ২টা ৩০ মিনিট | মগবাজারে চেকপোস্টে চারজন আটক

মগবাজারে পুলিশের চেকপোস্টে হাতবোমা ছোড়ার চেষ্টার সময় চারজনকে আটকের তথ্য দিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

রাত ২টা ১০ মিনিট | ফার্মগেট ও মিরপুরে বাসে আগুন

রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। একই রাতে মিরপুরে বসুমতি পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাসেও আগুনের ঘটনা ঘটে।

রাত ১টা ৫০ মিনিট | বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সন্ধ্যা সাতটার দিকে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এরপর সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেটের সামনে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে হাতবোমা উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়কারী দল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের ভেতরেও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়।

রাত ১টা ৩০ মিনিট | মালিবাগ, মিরপুর ও মোহাম্মদপুরে বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ মোড়ে একটি গ্যাস পাম্পের সামনে তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। মিরপুর-১৩ নম্বর বিআরটিএ কার্যালয়ের সামনে একটি এবং মিরপুরের টেকনিক্যাল মোড় ও মিরপুর-১ নম্বর গোলচত্বরে আরও কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বিপরীত পাশের সড়কেও জোড়া হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাত ১টা | শ্যামলীতে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীর শ্যামলী রিং রোড এলাকা থেকে ছয়টি হাতবোমাসহ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে এসআরবি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। এসআরবি-২-এর মেজর এম মুবীন রহমান তাপস জানিয়েছেন, মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

চট্টগ্রামে ভিডিও ঘিরে উদ্বেগ

চট্টগ্রামে বাসে আগুন ও বিস্ফোরণের দৃশ্য ছড়িয়ে পড়ার পর নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাসে আগুনের কয়েকটি ভিডিও পুরোনো। ককটেল বিস্ফোরণ বলে প্রচারিত একটি দৃশ্য আসলে পটকা ফাটানোর ঘটনা।

এদিকে ওমর গনি এমইএস কলেজ ও রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুলের ফটকে তালা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মানিকগঞ্জে একাধিক ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজসংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী এবং জেলা বিএনপি ও আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

ঘটনাগুলোকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করেন।

খুলনায় কলেজের ফটকে তালা

খুলনার পাইকগাছায় শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রধান ফটকে শিকল দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। ফটকে খুলনা জেলা ছাত্রলীগের ধর্মঘটের পোস্টারও পাওয়া যায়।

পরে পুলিশ তালা ভেঙে কলেজের ফটক খুলে দেয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

📌 পিন করা আপডেট
সকাল ১০:০৯

পদ্মা সেতু অবরোধ, যান চলাচলে বিঘ্ন

দ্য সান ২৪ প্রতিবেদন
হাজারো নেতাকর্মী জড়ো হয়ে পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়।

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট পালনের খবর পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা টোলপ্লাজা অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে সরাসরি সম্প্রচার করা ভিডিওতে কয়েক হাজার মানুষকে টোলপ্লাজার সামনে অবস্থান নিতে দেখা যায়। প্রায় এক ঘণ্টা ধরে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকায় সেতুর দুই পাশে যানবাহন আটকে পড়ে।

এ সময় অবরোধকারীরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। উদ্ভূত পরিস্থিতিতে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটকে তালা দিয়ে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন।

শেয়ার করুনfWX
সকাল ৯:৫২

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক

দ্য সান ২৪ প্রতিবেদন

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় ‘অর্থ জোগানের’ অভিযোগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সোয়া ১১টার দিকে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সর্বশেষ কমিটির সভাপতি মো. দিপু (৪০) এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি মো. ফারুক (৪৮)।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিল হোসাই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

শেয়ার করুনfWX
সকাল ৮:২৫

শিল্পাঞ্চলে বিজিবির ৩৪ প্লাটুন মোতায়েন

দ্য সান ২৪ প্রতিবেদন
ফাইল ছবি

ছাত্রলীগের ধর্মঘটের মধ্যে রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে বিজিবির ৩৪ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণ, পুলিশি স্থাপনায় হামলা এবং যানবাহনে অগ্নিসংযোগের পর সম্ভাব্য অস্থিরতা ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এরইমধ্যে ঢাকায় ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনায় পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ আখতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

পুলিশের দাবি, রূপনগর এলাকায় ককটেল বিস্ফোরণের পর পালানোর সময় আশরাফুল নামের একজনকে আটক করা হয়েছে। বনশ্রীতে বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার ও রবিন নামের আরও দুজনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে সংস্থাটি।

শেয়ার করুনfWX
সকাল ৮:১০

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেললাইনে অবরোধ

দ্য সান ২৪ প্রতিবেদন
হবিগঞ্জে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেললাইনে অবরোধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ধর্মঘটের রাতে হবিগঞ্জে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেললাইনে অবরোধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় তারা রেললাইনে গাছ ফেলে অবরোধ করার পাশাপাশি বেশ কয়েকটি পাত খুলে নিয়ে গেছে বলে জানা গেছে। পরে সেখানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শেয়ার করুনfWX
সকাল ৮:০১

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, আটক দুজন

দ্য সান ২৪ প্রতিবেদন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট-সংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে আটকের খবর মিলেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীরা দুজনকে আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাধ্যমে তাঁদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্য একজন পালিয়ে যেতে সক্ষম হন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী ফরহাদ কাদিরের দাবি, রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে গেছেন। আটককৃতরা ছাত্রলীগের কেউ কি না তা নিশ্চিত করেননি তিনি।

শেয়ার করুনfWX
সকাল ৭:৩৭

পাবনায় দুই মহাসড়কে অবরোধ, কলেজের ফটকে তালা

দ্য সান ২৪ প্রতিবেদন
প্রতীকী ছবি

ছাত্রলীগের ডাকা ধর্মঘটের সমর্থনে পাবনায় দুটি সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। একই কর্মসূচির সমর্থনে বেড়া কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

রাতে ঈশ্বরদী ও চাটমোহর এলাকায় ঢাকা-পাবনা-কুষ্টিয়া মহাসড়ক এবং পাবনা-চাটমোহর আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা। অন্যদিকে আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরাও চাটমোহর আঞ্চলিক সড়কে অবরোধ করেন। এদিকে বেড়া কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

শেয়ার করুনfWX
সকাল ৬:৫৬

ফার্মগেট ও মিরপুরে বাসে আগুন

দ্য সান ২৪ প্রতিবেদন
অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত এবং সেগুলোর সঙ্গে ধর্মঘটের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে মিরপুরে বসুমতি পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাসেও আগুন দেওয়া হয়।

সোমবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি বাসে অগ্নিসংযোগের খবর আসতে থাকে। এসব ঘটনায় যানবাহন চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

তবে প্রতিটি অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত এবং সেগুলোর সঙ্গে ধর্মঘটের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুনfWX
সকাল ৬:৫০

ঢাকায় ৫০টির বেশি ককটেল বিস্ফোরণের খবর

দ্য সান ২৪ প্রতিবেদন
ছাত্রলীগের ধর্মঘটের আগে ঢাকার বিভিন্ন স্থানে এরকম ককটেল বিস্ফোরিত হতে দেখা যায়।

রাজধানীতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একইসঙ্গে গত কয়েকদিনে অন্তত আটটি বাসে আগুন দেওয়ার তথ্য মিলেছে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনবহুল এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মালিবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও মগবাজারসহ বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এসব ঘটনার পর রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এসব বিস্ফোরণের সঙ্গে ছাত্রলীগের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুনfWX
সকাল ৬:৪১

সারাদেশে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার সহস্রাধিক

দ্য সান ২৪ প্রতিবেদন
ছাত্রলীগের ধর্মঘটের আগে সারাদেশে ব্যাপক ধরপাকড় করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ সোমবার রাতে জানায়, ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া সবাই যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, এমন তথ্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় একই সময়ে ১ হাজার ৭৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে ১০৬ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুনfWX

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন