বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমাসদৃশ বাক্স খুলে মিলল গোলাপ ও চিঠি

বাক্সে বোমা থাকার সন্দেহ করা হলেও খুলে লাল গোলাপ ও চিঠি মেলে।
বাক্সে বোমা থাকার সন্দেহ করা হলেও খুলে লাল গোলাপ ও চিঠি মেলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের মাঠ থেকে একটি বোমাসদৃশ বাক্স উদ্ধার করছে পুলিশ, যাতে গোলাপের পাপড়ির মাঝে ভাঁজ করা একটি চিঠি রাখা ছিল।

সোমবার রাতে হলের মাঠে লাল টেপে মোড়ানো ওই রহস্যময় বাক্সের বিষয়ে তথ্য পেয়ে শাহবাগ থানা পুলিশ সেটি উদ্ধার করে।

শুরুতে বাক্সে বোমা থাকার সন্দেহ করা হলেও খুলে দেখা যায় লাল গোলাপের পাপড়ি, আর সঙ্গে একটি চিঠি।

বিজ্ঞাপন

চিঠির শুরুতে লেখা ছিল ‘নভেম্বর রেইনের’ এর শুভেচ্ছা। এরপর তুলে ধরা হয়েছে রাজনৈতিক বিবেচনায় হয়রানি করাসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ।

হলের মাঠে অশ্বত্থ গাছের নিচে প্লাস্টিকের বাক্সটি পাওয়া যায় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

উদ্ধার করা চিঠিতে দল-মতনির্বিশেষে দেশের স্বার্থে অভিন্ন প্রত্যাশার কথা বলা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়।

চিঠিতে লেখা রয়েছে:

“সকলকে November Rain-এর শুভেচ্ছা। ২৪-এর মিসক্রিয়েন্ট আর মহান মুক্তিযুদ্ধবিরোধী ব্যতীত সকলের সুরই এখন এক এবং অভিন্ন সুরে গাঁথা। যে দলেরই হোক না কেন, দেশরক্ষা আর দেশমাতৃকার তরে এই লড়াইয়ে প্রত্যেকের প্রত্যাশাই এখন common dream। রাজনৈতিক বিবেচনায় শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবন যারা নষ্ট করতে ভূমিকা পালন করেছে, তাদের প্রত্যেককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হলো।”

চিঠির পরবর্তী অংশে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে লেখা হয়েছে: “আজকে false sample দিলাম, সামনের দিন সামনাসামনি কথা হবে। অবৈধ সরকারের অবৈধ হুলিয়া পালন করে নিজেকে বিপদগ্রস্ত করবেন না। It’s your eleventh hour! চিঠিটি খুলে যখন পড়ছেন, তখনও আপনার পাশে থেকে সব জানান দিচ্ছে। জাস্ট এতটুকু জানিয়ে রাখলাম। বোমা-বারুদের নষ্ট রাজনীতি করা ভাইয়ার ২১শে আগস্টের রেকর্ড, আমাদের না। বাক্সে থাকা ফুলের পাপড়ির মতো আমরা চিরসুবাসিত, অনেক বেশি শক্তিশালী।”

বিজ্ঞাপন

“It’s coming home, সকল শোষণের জবাব খুব দ্রুতই দেওয়া হচ্ছে,” লিখে চিঠিটি শেষ হয়েছে।

ঘটনার বিষয়ে মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ শামীম আহমেদ সংবাদমাধ্যমকে জানান, তিনি ছুটিতে ছিলেন এবং ঢাকার বাইরে অবস্থান করছিলেন। ঢাকায় ফিরে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে একটি চিঠি পেয়েছে। চিঠিতে নভেম্বরের শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লেখা রয়েছে।

তথ্যের উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি গোপনীয়তার স্বার্থে বিস্তারিত জানাতে রাজি হননি। এ ঘটনায় থানার সাধারণ ডায়েরিতে (জিডি) বিষয়টি নথিভুক্ত রাখার কথা জানান তিনি।

বাক্সটি কারা সেখানে রেখেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ সংক্রান্ত ভিডিওটি ফেইসবুকে ছাত্রলীগের ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন