বিজ্ঞাপন

রেস্তোরাঁকর্মী থেকে এআই সাম্রাজ্যের ‘বস’, নারী কেলেঙ্কারিতে হোঁচট জেনসেনের

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং (ডানে) ও অ্যালিস হুয়াং। ছবিটি অ্যালিস হুয়াংয়ের উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল।
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং (ডানে) ও অ্যালিস হুয়াং। ছবিটি অ্যালিস হুয়াংয়ের উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল।

একসময় যুক্তরাষ্ট্রের একটি রেস্তোরাঁয় থালা-বাসন ধোয়া, খাবার পরিবেশন আর টেবিল পরিষ্কার করতেন তিনি। সেই তরুণই একদিন হয়ে উঠলেন বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি। তাঁর তৈরি প্রতিষ্ঠান এনভিডিয়া হয়ে উঠল প্রযুক্তি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কোম্পানিগুলোর একটি। ব্যক্তিগত সম্পদও তাঁকে নিয়ে গেল বিশ্বের শীর্ষ ধনীদের কাতারে। কে জানত গ্রাফিকস চিপের প্রতিষ্ঠান থেকে জেনসেন হুয়াংয়ের হাত ধরে এনভিডিয়া একদিন পৌঁছে যাবে এআই প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে!

তিন দশকেরও বেশি সময় ধরে নিজের হাতে গড়ে তোলা সেই সাম্রাজ্যের নেতৃত্ব থেকে এবার সরে দাঁড়াতে হলো জেনসেন হুয়াংকে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক, চীনা গোয়েন্দা তৎপরতার অভিযোগ, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং কোম্পানির পরিচালনা পর্ষদের তদন্ত—সব মিলিয়ে দীর্ঘদিনের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে হলো তাকে।

১২ নভেম্বর এনভিডিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

একই সঙ্গে তিনি ছেড়েছেন পরিচালনা পর্ষদের সদস্যপদও। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস।

এখন অনেকেই হিসেব কষতে বসেছেন, যাঁর নেতৃত্বে এনভিডিয়া এআই বিপ্লবের সবচেয়ে বড় সুবিধাভোগী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, তাঁর বিদায়ের পর কোম্পানিটির ভবিষ্যৎ কী? কী হবে এনভিডিয়ার সঙ্গে তহবিল সহায়তা পেয়ে ফুলে ফেপে ওঠা প্রযুক্তিখাতের কোম্পানিগুলোর?

তাছাড়া ব্যক্তিগত বিতর্কে নেতৃত্ব হারানো হুয়াংয়ের নিজের সামনেইবা এখন কী অপেক্ষা করছে?

ডেনির রেস্তোরাঁ থেকে সিলিকন ভ্যালি

১৯৬৩ সালে তাইওয়ানে জন্ম জেনসেন হুয়াংয়ের। তাঁর বাবা ছিলেন রাসায়নিক প্রকৌশলী, মা শিক্ষক। শৈশবের একটি সময় তিনি পরিবারের সঙ্গে থাইল্যান্ডে কাটান। পরে মাত্র ১০ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া- সব মিলিয়ে তাঁর শৈশব ছিল বেশ চ্যালেঞ্জের।

যুক্তরাষ্ট্রে পড়াশোনার পাশাপাশি জীবিকার জন্য কাজও করতে হয়েছে তাঁকে। কিশোর বয়সে ডেনির নামের একটি রেস্তোরাঁয় বাসন ধোয়া, টেবিল পরিষ্কার এবং খাবার পরিবেশনের কাজ করতে হয়েছে তাকে। পরবর্তী সময়ে নিজের জীবনের এই অভিজ্ঞতাকে তিনি পরিশ্রম, বিনয় এবং মানুষের সঙ্গে যোগাযোগের শিক্ষা হিসেবে উল্লেখ করেছেন।

যদিও পড়াশোনায় পিছিয়ে ছিলেন না হুয়াং। ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৮৪ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) এবং এলএসআই লজিকের মতো প্রতিষ্ঠানে কাজ করেন।

১৯৯২ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

তবে চাকরির গণ্ডিতে আটকে না থেকে প্রযুক্তি খাতে নিজের প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখছিলেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ আসে ১৯৯৩ সালে।

ক্যালিফোর্নিয়ার সান হোসেতে ডেনির একটি রেস্তোরাঁয় বসে দুই সহকর্মী ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রিয়েমের সঙ্গে নতুন একটি চিপ তৈরির পরিকল্পনা করেন হুয়াং। লক্ষ্য ছিল, কম্পিউটারে ভিডিও গেমের গ্রাফিকস আরও দ্রুত ও বাস্তবসম্মত করে তোলা। এই আলোচনা থেকেই জন্ম নেয় এনভিডিয়া।

তখন কেউ ভাবেনি, রেস্তোরাঁর একটি টেবিলে বসে নেওয়া সেই সিদ্ধান্ত একদিন বিশ্বের প্রযুক্তি ও অর্থনীতির গতিপথ বদলে দেবে।

এনভিডিয়ার শুরুর পথ অবশ্য সহজ ছিল না। প্রথম দিকের পণ্য প্রত্যাশিত সাফল্য পায়নি। বাজারে টিকে থাকতে প্রতিষ্ঠানটিকে কৌশল পরিবর্তন করতে হয়েছে। কিন্তু হুয়াংয়ের প্রযুক্তিগত দূরদর্শিতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা কোম্পানিটিকে নতুন পথ দেখায়।

১৯৯৯ সালে এনভিডিয়া বাজারে আনে জিফোর্স ২৫৬, যেটিকে প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ হিসেবে পরিচিত করায়। একই বছর কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

এই জিপিইউই পরবর্তী সময়ে এনভিডিয়ার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। শুরুতে ভিডিও গেম ও কম্পিউটার গ্রাফিকসের জন্য তৈরি প্রযুক্তিটি যে একদিন কৃত্রিম বুদ্ধিমত্তার মূল অবকাঠামো হয়ে উঠবে, তা তখনও অনেকের কল্পনার বাইরে ছিল।

দ্য গার্ডিয়ানের প্রকাশিত হুয়াংয়ের জীবনীভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে এনভিডিয়ার সিইউডিএ প্রযুক্তি চালুর ফলে জিপিইউকে শুধু গ্রাফিকসের কাজে নয়, বরং সাধারণ বৈজ্ঞানিক ও জটিল গণনামূলক কাজেও ব্যবহার করার সুযোগ তৈরি হয়। একই সময়ে গবেষকেরা বুঝতে শুরু করেন, বিপুল পরিমাণ তথ্য একসঙ্গে বিশ্লেষণ করার ক্ষেত্রে জিপিইউ প্রচলিত প্রসেসরের তুলনায় অনেক বেশি কার্যকর হতে পারে।

এর একটি বড় উদাহরণ ২০১২ সালের আলেক্সনেট। টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি এই নিউরাল নেটওয়ার্কে এনভিডিয়ার জিপিইউ ব্যবহার করা হয়েছিল, যা আধুনিক এআইয়ের বিকাশে ঘটনাটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

যা সহজীকরণ করলে দাঁড়ায়, হুয়াং শুধু একটি চিপ নির্মাতা প্রতিষ্ঠান গড়ে তোলেননি; বরং এমন একটি প্রযুক্তিগত ভিত্তি তৈরি করেছিলেন, যার ওপর দাঁড়িয়ে পরবর্তী সময়ে এআই শিল্পের ব্যাপক সম্প্রসারণ সম্ভব হয়েছে।

গেমিং চিপ থেকে এআই বিপ্লব

এনভিডিয়ার প্রকৃত উত্থান শুরু হয় জেনারেটিভ এআইয়ের বিস্তারের সঙ্গে। বিশেষ করে ২০২২ সালের শেষ দিকে চ্যাটজিপিটি প্রকাশের পর বিশ্বজুড়ে এআই প্রযুক্তি নিয়ে আগ্রহ ও বিনিয়োগ দ্রুত বাড়তে থাকে।

জেনসেন হুয়াং

এআই মডেল তৈরি ও পরিচালনার জন্য বিপুল কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান, ক্লাউড সেবা প্রদানকারী এবং গবেষণা সংস্থাগুলো এআই অবকাঠামো গড়ে তুলতে শুরু করে। এই চাহিদার বড় অংশ পূরণ করে এনভিডিয়ার জিপিইউ।

এনভিডিয়ার বিশেষত্ব শুধু শক্তিশালী চিপ তৈরিতে সীমাবদ্ধ ছিল না। সিইউডিএ সফটওয়্যার, চিপের সমন্বয়ে তৈরি কম্পিউটিং ব্যবস্থা এবং ডেভেলপারদের জন্য বিস্তৃত প্রযুক্তিগত পরিবেশ- সব মিলিয়ে প্রতিষ্ঠানটি একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে।

এ কারণে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো শুধু একটি চিপ তৈরি করলেও এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারছিল না। তাদের একই সঙ্গে সফটওয়্যার, অবকাঠামো, সরবরাহব্যবস্থা এবং ডেভেলপারদের আস্থাও তৈরি করতে হচ্ছিল।

ওপেনএআই, অ্যানথ্রোপিকসহ বিভিন্ন এআই প্রতিষ্ঠানের প্রযুক্তিগত অবকাঠামোতে এনভিডিয়ার চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। ফলে এআই শিল্প যত বড় হয়েছে, এনভিডিয়ার পণ্যের চাহিদাও তত বেড়েছে।

এনভিডিয়ার বাজারমূল্য ২০২২ সালের শেষ দিকে প্রায় ৪২০ বিলিয়ন ডলার থেকে ২০২৬ সালের নভেম্বরের শুরুতে প্রায় ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছায় বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালে একপর্যায়ে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৫ ট্রিলিয়ন ডলারও অতিক্রম করেছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে।

এই উত্থানের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হুয়াংয়ের ব্যক্তিগত সম্পদ। ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে তাঁর সম্পদ একপর্যায়ে ১৯৫ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এনভিডিয়ার প্রায় ৩ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক ছিলেন তিনি।

এ সময় হুয়াংয়ের কালো চামড়ার জ্যাকেট হয়ে ওঠে প্রযুক্তি বিশ্বের পরিচিত দৃশ্য। বিশ্বের বড় বড় প্রযুক্তি সম্মেলনে তাঁর উপস্থিতি, মঞ্চে উপস্থাপনা এবং এআইয়ের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য তাঁকে একজন ব্যবসায়ী নেতার পাশাপাশি প্রযুক্তি বিপ্লবের মুখপাত্রে পরিণত করে।

তাঁর প্রভাব শুধু ব্যবসায়িক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও তাঁর যোগাযোগ ও ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে চীনে উন্নত এআই চিপ রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে তিনি যুক্তি দিয়ে আসছিলেন। তাঁর বক্তব্য ছিল, চীনের বাজার থেকে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি দূরে সরিয়ে দিলে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত প্রভাব ক্ষতিগ্রস্ত হতে পারে।

এভাবেই একসময়কার রেস্তোরাঁকর্মী হয়ে ওঠেন বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা।

কিন্তু এই সাফল্যের পাশাপাশি এনভিডিয়ার ব্যবসা ক্রমেই যুক্তরাষ্ট্র ও চীনের ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে চলে আসে। ধারণা করা হয়, মূলত সেখান থেকেই শুরু হয় হুয়াংয়ের জীবনে নেমে আসা সবচেয়ে বড় সংকট।

ব্যক্তিগত সম্পর্ক থেকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন

হুয়াংয়ের সংকটের সূত্রপাত ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদনের মধ্য দিয়ে। তবে ঘটনাটি শুধু ব্যক্তিগত জীবনের বিতর্কে সীমাবদ্ধ থাকেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের সম্ভাব্য গোয়েন্দা তৎপরতা, উন্নত প্রযুক্তি রপ্তানির নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রশ্ন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং নামের সিঙ্গাপুরভিত্তিক এক চীনা ব্যবসায়ীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অ্যালিস হুয়াং এনভিডিয়ার দক্ষিণ-পূর্ব এশীয় ব্যবসায়িক অংশীদার মেগাস্পিডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সঙ্গে এনভিডিয়া প্রধানের সম্পর্কের বিষয়টি সামনে আসার পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, অ্যালিস হুয়াংকে চীনের গোয়েন্দা তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করছিলেন মার্কিন কর্মকর্তারা। তাঁদের আশঙ্কা ছিল, এনভিডিয়ার মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে চীনের স্বার্থে প্রভাব বিস্তারের চেষ্টা হয়ে থাকতে পারে।

যদিও অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতার অভিযোগ এখনো প্রমাণিত নয়। চীনের পক্ষ থেকেও এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

জেনসেন হুয়াং নিজেও বলেছেন, ওই নারী চীনা সরকারের হয়ে কাজ করতেন- এ বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না।

এদিকে হুয়াং নিজের কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেন এবং এর দায় নিজের বলে মেনে নেন। যদিও তিনি ওই বার্তায় অ্যালিস হুয়াংয়ের নাম সরাসরি উল্লেখ করেননি।

বিতর্ক আরও বাড়ে যখন ১১ নভেম্বর দ্য নিউইয়র্ক টাইমস এনভিডিয়ার একজন জ্যেষ্ঠ নারী কর্মকর্তার সঙ্গে হুয়াংয়ের আরেকটি সম্পর্কের খবর প্রকাশ করার পর।

ওই কর্মকর্তা কিম্বারলি পাওয়েল নামে পরিচিত, যিনি এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং হুয়াংয়ের অধীনেই কাজ করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসে এনভিডিয়ার একটি সম্মেলনের সময় হোটেলে তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় থাকার একটি ভিডিও থাকার কথা জানানো হয়েছিল। তবে নিউইয়র্ক টাইমস নিজেই জানিয়েছিল, তারা ভিডিওটি দেখেনি। অ্যাসোসিয়েটেড প্রেসও ওই সম্পর্কের খবর স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।

এরপর রয়টার্স আরও একজন এনভিডিয়া কর্মীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের অভিযোগের কথা জানায়। তবে এ ক্ষেত্রেও বিষয়টি ছিল সূত্রনির্ভর প্রতিবেদন।

এই ঘটনাগুলোর পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বাইরের আইনজীবীদের সহায়তায় স্বাধীন তদন্ত শুরু করে। তদন্তের উদ্দেশ্য ছিল হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি তিনি বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্য হয়েছিলেন কি না এবং কোম্পানির নিরাপত্তা বা ব্যবসায়িক স্বার্থ কোনোভাবে ঝুঁকিতে পড়েছিল কি না, তা খতিয়ে দেখা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইও বিষয়টি তদন্ত করছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সিঙ্গাপুরের তদন্তে কী পাওয়া গেছে?

যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি অংশ ছিল, এনভিডিয়ার উন্নত এআই চিপ তৃতীয় কোনো দেশের মাধ্যমে চীনে পৌঁছে দেওয়া হয়েছে কি না। কারণ, জাতীয় নিরাপত্তার যুক্তিতে যুক্তরাষ্ট্র ২০২২ সাল থেকে চীনে উন্নত প্রযুক্তির কিছু চিপ রপ্তানির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে।

অভিযোগ ছিল, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশের মাধ্যমে সার্ভার বা কম্পিউটিং সক্ষমতা স্থানান্তর করে চীনের প্রতিষ্ঠানগুলো নিষিদ্ধ প্রযুক্তিতে প্রবেশের সুযোগ পেতে পারে।

তবে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, অ্যালিস হুয়াং ও মেগাস্পিডের বিরুদ্ধে সার্ভার কেনাবেচা এবং ঘোষণায় সম্ভাব্য অসংগতির তদন্ত করে অপরাধের পর্যাপ্ত প্রমাণ পাননি।

তবে কর্তৃপক্ষের সন্দেহ ছিল, মেগাস্পিডে তাঁর ভূমিকা সম্পর্কে তিনি ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে থাকতে পারেন। এ কারণে তাঁকে সতর্ক করা হয় এবং দেশটিতে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এনভিডিয়াও জানিয়েছে, তাদের কাছে এমন কোনো তথ্য নেই যে জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তদন্তে পাওয়া সব তথ্য খতিয়ে দেখা হবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

কেন পদত্যাগ করলেন হুয়াং?

বিতর্কের মধ্যে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের অবস্থান ক্রমেই কঠোর হতে থাকে। ১১ নভেম্বর রাতে পরিচালনা পর্ষদের সদস্যরা হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন বলে দ্য গার্ডিয়ান ও রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে।

এর পরদিন, ১২ নভেম্বর প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগের ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

এনভিডিয়ার নিজস্ব সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনসেন হুয়াং প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা জানানো হলেও পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সম্পর্ক বা গোয়েন্দা বিতর্কের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

জেনসেন হুয়াংয়ের কল্যানেই আজকের এআই বিপ্লব। সেই এআইয়ের সহায়তায় জেনসেন ও অ্যালিসের ছবিটি তৈরি করা।

এনভিডিয়া আরও ঘোষণা করে, প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন।

২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেওয়ার পর থেকে তিনি কোম্পানির অর্থ বিভাগ পরিচালনা করে আসছেন। এর আগে সিসকো, মাইক্রোসফট ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি।

পাশাপাশি হার্ভে সি জোনসকে এনভিডিয়ার প্রথম বোর্ড চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে প্রযুক্তি খাতের উদ্যোক্তা, নির্বাহী ও বিনিয়োগকারী হিসেবে কাজ করেছেন।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগের জন্য অভ্যন্তরীণ ও বাইরের প্রার্থীদের বিবেচনা করা হবে।

বিদায়ের অভিঘাত শেয়ারবাজারে

হুয়াংয়ের পদত্যাগের খবর প্রকাশের পরপরই এনভিডিয়ার শেয়ারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়।

বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারদর একপর্যায়ে প্রায় ১৪ শতাংশ কমে যায়। দিনের শেষে পতন কিছুটা কমে ৪ দশমিক ৩ শতাংশে দাঁড়ায় বলে এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

দ্য গার্ডিয়ানের হিসাব অনুযায়ী, ওই দিন এনভিডিয়ার বাজারমূল্য থেকে ১৮০ বিলিয়ন ডলারের বেশি কমে যায়। পুরো সপ্তাহের হিসাবে ক্ষতির পরিমাণ আরও বড় ছিল।

বিনিয়োগকারীদের উদ্বেগের বড় কারণ ছিল, এনভিডিয়ার মতো একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব এত দীর্ঘ সময় ধরে একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকার পর হঠাৎ পরিবর্তন কীভাবে কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলবে।

যদিও এনভিডিয়ার শেয়ার এর আগেও চাপের মুখে ছিল। এআই খাতে বিপুল বিনিয়োগের যৌক্তিকতা, ভবিষ্যতে চিপের চাহিদা এবং বাজারে অতিমূল্যায়নের আশঙ্কা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছিল।

বিশ্লেষকদের ধারণা, ব্যক্তিগত বিতর্কের কারণে হুয়াংয়ের বিদায় হলেও এনভিডিয়ার ব্যবসায়িক ভিত্তি এখনো শক্তিশালী। অন্যদিকে, তাঁর অনুপস্থিতিতে কোম্পানির নেতৃত্ব কতটা কার্যকর হবে, সেটিই এখন বিনিয়োগকারীদের বড় প্রশ্ন।

এখন কী করবেন জেনসেন হুয়াং?

পদত্যাগের পর ৬৩ বছর বয়সী হুয়াং কি পুরোপুরি করপোরেট নেতৃত্ব থেকে সরে যাবেন, নাকি অন্য কোনো ভূমিকায় ফিরে আসবেন?

এ মুহূর্তে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত কোনো ঘোষণা পাওয়া যায়নি। তবে একটি বিষয় স্পষ্ট- এনভিডিয়ার প্রধান নির্বাহী পদ ছাড়লেও তাঁর হাতে এখনো প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ শেয়ার রয়েছে।

রয়টার্সের হিসাবে, এনভিডিয়ার প্রায় ৩ দশমিক ৬১ শতাংশ শেয়ারের মালিক ছিলেন হুয়াং। ফলে কোম্পানির নেতৃত্বে না থাকলেও শেয়ারহোল্ডার হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর আর্থিক সম্পর্ক বজায় থাকবে।

তবে তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে যুক্তরাষ্ট্রের তদন্ত ও কংগ্রেসের প্রশ্নের মুখোমুখি হওয়া।

এনভিডিয়ার পদ ছাড়ার পরও মার্কিন আইনপ্রণেতারা তাঁর সঙ্গে কথা বলতে চান। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট জানিয়েছেন, হুয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ ও জিজ্ঞাসাবাদের বিষয়ে তাঁর দলের সঙ্গে যোগাযোগ রয়েছে। হুয়াংও কংগ্রেসের সামনে উপস্থিত হওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন বলে রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে।

তদন্তকারীরা বিশেষ করে জানতে চাইবেন, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের প্রকৃতি কী ছিল, এনভিডিয়ার ব্যবসায়িক সিদ্ধান্তে এর কোনো প্রভাব পড়েছিল কি না এবং বিদেশি গোয়েন্দা তৎপরতার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে তিনি কতটা অবগত ছিলেন।

অন্যদিকে, হুয়াংয়ের উত্তরসূরি নিয়েও আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পদত্যাগের খবর প্রকাশের পর অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী টিম কুকের নাম প্রস্তাব করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কুককে এনভিডিয়ার পরবর্তী প্রধান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন।

সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রযুক্তি খাতের আরও কয়েকজনের নাম আলোচনায় এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন আর্ম হোল্ডিংসের প্রধান নির্বাহী রেনে হাস এবং এএমডির প্রধান নির্বাহী লিসা সু।

এনভিডিয়ার অভ্যন্তরীণ প্রার্থীদের মধ্যে কোলেট ক্রেস ও কোম্পানির এআই হার্ডওয়্যার ও সফটওয়্যার বিভাগের সঙ্গে যুক্ত ইয়ান বাকের নামও আলোচনায় এসেছে।

তবে এসব নামের কোনোটিই এখনো কোম্পানির আনুষ্ঠানিকভাবে নির্বাচিত উত্তরসূরি নয়।

হুয়াংয়ের বিদায়ের পর এনভিডিয়ার প্রথম বড় পরীক্ষা হতে যাচ্ছে ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন। প্রতিষ্ঠানটি ১৭ নভেম্বর ২০২৬ তারিখে তাদের ২০২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করার কথা জানিয়েছে। নতুন নেতৃত্বের অধীনে কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি কতটা স্থিতিশীল থাকে, বিনিয়োগকারীরা সেদিকেও নজর রাখবেন।

হুয়াং ছাড়াই কি এগোতে পারবে এনভিডিয়া?

জেনসেন হুয়াংয়ের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল, তিনি প্রযুক্তি ও ব্যবসাকে একই সঙ্গে বুঝতেন। তিনি শুধু কোম্পানির পণ্য বাজারজাত করতেন না, বরং কোন প্রযুক্তিতে আগামী দিনের বিনিয়োগ করা প্রয়োজন, সে বিষয়েও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতেন।

দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, এনভিডিয়ার সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক এতটাই গভীর ছিল যে কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁর ব্যক্তিগত প্রভাব ছিল অত্যন্ত বেশি। তিনি প্রায় ৬০ জন সরাসরি অধীনস্থ কর্মকর্তার সঙ্গে কাজ করতেন। ফলে তাঁর জায়গায় নতুন কাউকে বসানো কেবল একজন নির্বাহী পরিবর্তনের বিষয় নয়; বরং কোম্পানির নেতৃত্বের ধরনেও পরিবর্তন আনতে পারে।

তবে এনভিডিয়ার শক্তি শুধু হুয়াংয়ের ব্যক্তিগত নেতৃত্বে সীমাবদ্ধ নয়। কোম্পানির রয়েছে শক্তিশালী প্রকৌশলী দল, গবেষণা ও উন্নয়ন বিভাগ, উৎপাদন অংশীদার, সফটওয়্যার অবকাঠামো এবং বিশ্বজুড়ে বিস্তৃত গ্রাহক নেটওয়ার্ক।

আল জাজিরার সঙ্গে কথা বলতে গিয়ে বোস্টন কলেজের প্রযুক্তি ও উদ্ভাবনবিষয়ক বিশেষজ্ঞ আলেক্সান্দার টমিক বলেছেন, হুয়াংয়ের বিদায়ের প্রভাব অন্য কোনো বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর বিদায়ের তুলনায় বেশি হতে পারে। তবে এনভিডিয়ার শক্তিশালী পণ্য ও বাজার অবস্থানের কারণে প্রতিষ্ঠানটি এই পরিবর্তন সামাল দেওয়ার সক্ষমতা রাখে।

অর্থাৎ, হুয়াংয়ের বিদায় এনভিডিয়ার জন্য বড় ধাক্কা হলেও তা প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত নেতৃত্বের অবসান ঘটিয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ

ads
বিজ্ঞাপন