জুলাই অভ্যুত্থানের মুখে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লির দরবারে দেন-দরবার ছিল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের। তবে তাতে ভারত সরকারের কোনো সাড়া মেলেনি। মেলার সুযোগও ছিল না, কেননা ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ তখন এতটাই ছিল যে কথা-বার্তাও হতো নামকাওয়াস্তে।
ইউনূস সরকারের প্রায় দুই বছর পেরিয়ে এই বছরের শুরুতে সরকার গঠনের পর শেখ হাসিনাকে ফেরত আনার কথা বিএনপি বলে এলেও দৃশ্যমান কার্যকর কোনো তৎপরতা দেখা যায়নি। এরমধ্যে আওয়ামী লীগ সভাপতি নিজেই দেশে ফেরার ঘোষণা দিয়ে তারেক রহমানের সরকারকে বেকায়দায় ফেলে দিয়েছেন বলেই রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
আবার শেখ হাসিনাও কি সত্যি সত্যিই ডিসেম্বরে দেশে ফিরবেন? নাকি তিনি বিএনপিকে চাপে ফেলতে কৌশল নিয়েছেন? এমন সব প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। তবে বিএনপি যে চাপে পড়েছে, তা সরকারের নানা আচরণে স্পষ্ট হয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৭৫ ট্রাজেডির পর ভারতেই নির্বাসিত জীবন কাটিয়েছিলেন। ছয় বছর পর জিয়াউর রহমানের আমলে তিনি দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। তারপর ১৯৯৬ সালে ভোটে জিতে হন প্রধানমন্ত্রী।
ওয়ান-ইলেভেনের খাঁড়া কাটিয়ে ২০০৯ সালে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার পর টানা দেড় দশক দেশ শাসন করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে সামরিক বাহিনীর একটি বিমানে চড়ে দিল্লিতে গিয়ে ওঠেন প্রধানমন্ত্রী। সেসময় থেকে সেখানে ভারত সরকারের আতিথ্যে তিনি রয়েছেন।
বেশ কিছু দিন নীরব থাকার পর সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়ে এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একই কথা বলেছেন শেখ হাসিনা; তা হলো, আগামী ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন। দেশে ফিরলে কারাগারে যেতে হতে পারে কিংবা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, তা জেনেই মাতৃভূমিকে ফিরতে চান তিনি।
তার এমন ঘোষণার পর দেশে বিভিন্ন স্থানে আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনগুলোর ঝটিকা মিছিল যেমন বেড়েছে, তেমনি বিএনপি সরকারের মধ্যে দেখা দিয়েছে অস্বস্তি। শেখ হাসিনা ফিরলে পুলিশ তা ঠেকাতে পারবে না, ঢাকার একজন ওসি একথা বলে ফেলার পর তাকে বরখাস্ত করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের বিতর্কিত মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের জন্য শেখ হাসিনাকে ফেরত চাইছেন, এমন কথা সরকারের কর্ণধাররা মুখে বলছেন ঠিকই, তবে তাদের তৎপরতায় তার প্রকাশ নেই।
প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা লাল পাসপোর্ট ব্যবহার করতেন। তিনি দেশ ছাড়ার ওপর অন্তর্বর্তী সরকার সেই পাসপোর্ট বাতিল করে দিয়েছে। ফলে শেখ হাসিনা এখন পাসপোর্টবিহীন। সীমান্ত দিয়ে সাধারণ নাগরিকের মতো তাকে দেশে ফিরতে হলে তার ট্রাভেল ডকুমেন্ট লাগবে, তা বাংলাদেশ সরকারকে দিতে হবে।
বিএনপি নেতা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগ আমলে ঠিক এই জটিলতায় পড়েছিলেন। ভারতে আইনি জটিলতার অবসানের পর তার দেশে ফেরা হচ্ছিল না। কারণ তার পাসপোর্ট ছিল না, তাকে ট্রাভেল ডকুমেন্টও দিচ্ছিল না আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার এসে ট্রাভেল পাস দিলে নয় বছর পর তার দেশে ফেরা হয়।
তাহলে শেখ হাসিনাকে বিএনপি সরকার কি দেবে সেই ট্রাভেল ডকুমেন্ট? এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে ‘না’।
গত ৫ নভেম্বর সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছিলেন, ‘সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে এসেছে যে তাকে পাসপোর্ট দিতে হবে? পালিয়ে যাওয়া এই টেরোরিস্ট, যে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, তাকে আমরা কোনোভাবেই একজন সাধারণ কমার্শিয়াল ট্রাভেলার হিসেবে দেখতে পারি না।’
যার অর্থ শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার কোনো ইচ্ছা সরকারের নেই। তা দিলে শেখ হাসিনা নিজের মতো করে ফিরতে পারতেন।
এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে কীভাবে পেতে চায় সরকার- সেই প্রশ্নে হুমায়ুন কবির বলেছিলেন, “আমরা তার হ্যান্ডওভার চাই। বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, সেই অনুযায়ী এই ক্রিমিনালকে হ্যান্ডিং ওভার করতে হবে।”
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও ৮ নভেম্বর সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে নয়া দিল্লিকে অনুরোধ করেছেন তারা। তারা হস্তান্তর করলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে নয়া দিল্লিতে কূটনৈতিক পত্র পাঠানোর কথা এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদও একাধিকবার বলেছিলেন। কিন্তু এরপরও দিল্লির কোনো রা নেই; বরং ভারতের রাজনীতিকরা বলছেন, শেখ হাসিনা অতিথি হিসেবে রয়েছেন তাদের দেশে। আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলে আসছেন, এটি একটি আইনি বিষয়।
শেখ হাসিনার আমলে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাওয়া যে কঠিন, তা বরাবরই বলে আসছেন বিশ্লেষকরা।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা থাককালে তৌহিদ হোসেন নিজেই গত বছরের ডিসেম্বরে সাংবাদিকদের বলেছিলেন, “শেখ হাসিনার প্রত্যার্পণ শেষপর্যন্ত নয়দিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।”
দুই দেশের সাবেক কূটনীতিকদের অনেকে মনে করেন, প্রত্যার্পণ চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে, সেই সম্ভাবনা কম। ভারত সে পথে যাবে না।
চুক্তিতে একটি ধারায় বলা হয়েছে, যাকে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ যদি ‘রাজনৈতিক প্রকৃতি’র হয়, তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে।
আবার কোন কোন অপরাধকে ‘রাজনৈতিক’ বলা যাবে না, সেই তালিকাও রয়েছে চুক্তিতে। তার মধ্যে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা ঘটানো, সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে। কিন্তু চুক্তিতে এটাও বলা আছে, যদি অনুরোধ পাওয়া দেশের মনে হয় ‘অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে, সরল বিশ্বাসে আনা হয়নি’, তাহলেও তা খারিজ করা যাবে।
ফলে ভারত যেহেতেু শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল হয়ে তাকে আতিথ্য দিয়েছে, তাই চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ রাখবে বলে মনে করার কারণ এই মুহূর্তে নেই।
ঢাকায় একজন সাবেক কূটনীতিক বিবিসি বাংলাকে বলেন, ভারত সরকার তাকে অপরাধী হিসেবে নয়, একজন রাজনীতিক হিসেবে উচ্চ মর্যাদা দিয়ে আশ্রয় দিয়েছে। ফলে রাজনৈতিক চিন্তার বাইরে গিয়ে ভারত তাকে চুক্তিটির আওতায় ফেরত দেবে না বলে তার ধারণা।
তাহলে শেখ হাসিনা ফেরার কথা বললেও আইনি পথে তার নিজ থেকে ফেরার সুযোগ নেই বললেই হলে। তাহলে কেন তিনি ফেরার কথা বলছেন?
এর উত্তরে একজন বিশ্লেষক বলেন, ডিসেম্বর এলে তিনি বলতে পারবেন, তিনি ফিরতে চান, কিন্তু বিএনপি সরকারর সেই সুযোগ দিচ্ছে না, তাকে ট্রাভেল পাস দিচ্ছে না। এরমধ্য দিয়ে তাকে ফেরত চাওয়া নিয়ে বিএনপির বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন তিনি।
আবার ট্রাভেল পাস বা পাসপোর্ট, কোনো কিছুর তোয়াক্কা না করে শেখ হাসিনা তার সমর্থকদের নিয়ে স্থল সীমান্তের কোনো পয়েন্টে চলে আসতে পারেন কি না, এমন আলোচনাও রয়েছে। তবে সেটা ভিন্ন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে পারে।
শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামী লীগ নেতারাও কিছু বলতে পারছেন না। প্রবাসে থাকা দলটির নেতাদের কেউ কেউ মনে করেন, শেখ হাসিনা ঝুঁকি নিয়েই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান।
বিদেশে থাকা আওয়ামী লীগ নেতা, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, ঝুঁকি থাকলেও ডিসেম্বরেই দেশে ফিরতে অটল রয়েছেন তার নেত্রী। আর সেজন্য সারাদেশে তাদের দলকে সাংগঠনিক দিক থেকে গোছানো হয়েছে।
তার এই কথার প্রতিফলন পাওয়া যায় নিষেধাজ্ঞার মধ্যেও সম্প্রতি দেশে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সক্রিয় হয়ে ওঠা দেখে।
আবার দেশে ফিরলে নিরাপত্তা সুরক্ষিত থাকবে, এমন নিশ্চয়তা নিশ্চিত করতে শেখ হাসিনার পক্ষে পশ্চিমা বিভিন্ন দেশের সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে বলেও খবর বেরিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা নিজের ঘোষণা অনুযায়ী কোনো বাধা ছাড়াই দেশে ফিরুক, সেটা বিএনপি আসলে চায় না। কারণ সেই পরিস্থিতি তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।



