আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবি আদায়ে মঙ্গলবার ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডেকেছে দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
রোববার ছাত্রলীগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষর রয়েছে।
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল, সনদপত্র ফিরিয়ে দেওয়া এবং ক্লাস, পরীক্ষা ও আবাসনের সুযোগ নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া বিদ্যুৎ, তেল, গ্যাস, পানি ও সারের দাম কমানো এবং এসব পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি এসেছে।
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিও তুলেছে ছাত্রলীগ।
পাশাপাশি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে হয়রানি বন্ধ, পলিগ্রাফ পরীক্ষা বাতিল এবং মেধার ভিত্তিতে চাকরি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সরকারি কর্ম কমিশনে (পিএসসি) দলীয়করণ বন্ধ এবং শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবিও জানিয়েছে দেশের অন্যতম প্রাচীনতম এই ছাত্র সংগঠন।
বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বরের ধর্মঘটের সময় সব শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আদালত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। বাস, ট্রাক, রেল ও লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
তবে জরুরি সেবা হিসেবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদমাধ্যমকে ধর্মঘটের আওতামুক্ত রাখার কথা জানিয়েছে তারা।



